প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিউস জুনিয়র, ১৩ বছর বয়সী সুদানি কিশোর জাহেরকে স্পেনে আমন্ত্রণ জানিয়েছেন, যে যুদ্ধের ড্রোন হামলায় দুই পা হারিয়েছে। কেবল রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার জন্যই নয়, বরং কিশোরটির সঙ্গে সময় কাটানোর আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনের ভিত্তিতে, রিয়াল মাদ্রিদের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় জাহেরকে এই আমন্ত্রণ জানান। ভিডিও বার্তায় কিশোরটির কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে ভিনিসিউস তাকে সাহসী হতে এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
জাহের, সুদানের রাজধানী খার্তুমে ২০২৪ সালে মায়ের সঙ্গে ডাল বিক্রি করার সময় ড্রোন হামলার শিকার হয়। হামলার সময় সে তার মা হাবিবার সঙ্গে আটকা পড়েছিল। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের মাঝে ওই হামলায় কিশোরটি দুই পা হারায়। এরপর হাঁটাচলা করতে না পেরে হাঁটুতে ভর দিয়ে ফুটবল খেলতে বাধ্য হয়। এতে নতুন আঘাত ও সংক্রমণের ঝুঁকি ছিল।
জাহের কৃত্রিম পা লাগিয়ে আবারও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার স্বপ্ন দেখছিল। তার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বসবাসকারী সুদানি বংশোদ্ভূত আইনজীবী দেনা লতিফের নেতৃত্বে একটি আন্তর্জাতিক তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়। এই প্রচেষ্টায় ৪৫ হাজার পাউন্ড সংগ্রহ করা সম্ভব হয়। সেই অর্থে চিকিৎসার জন্য জাহেরকে মিসরের কায়রোতে নিয়ে যাওয়া হয়। সেখানে সে অস্ত্রোপচার, দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি ও মানসিক স্বাস্থ্য সহায়তা পায়।
প্রায় এক বছরের চিকিৎসা ও পুনর্বাসনের পর, বর্তমানে কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটতে সক্ষম জাহের। সে আবার ফুটবলেও লাথি মারতে পারছে। সম্প্রতি কায়রোতে সাংবাদিকদের সঙ্গে পুনর্মিলনের সময় তাকে ভিনিসিউসের ভিডিও বার্তা দেখানো হয়। প্রিয় ফুটবলারের বার্তা পেয়ে কিশোরটি আবেগাপ্লুত হয়ে পড়ে।
ভিডিও বার্তায় ভিনিসিউস বলেন, ‘তোমার গল্পটি আমার নজরে এসেছে। গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল, তা আমি বুঝতে পারছি। তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ তরুণ। আশা করি, নতুন কৃত্রিম পা ভালোভাবে কাজে লাগাবে, আবার ফুটবল খেলবে এবং জীবনে সুখ খুঁজে পাবে। তুমি সেটার যোগ্য।’
এরপর জাহেরকে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ একসঙ্গে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিনিসিউস বলেন, ‘আমি তোমাকে মাদ্রিদের একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসঙ্গে দিনটি কাটাতে পারি।’
প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে এমন একটি বার্তা পেয়ে কিছুক্ষণের জন্য কক্ষ ছেড়ে বেরিয়ে যায় জাহের। পরে ভিনিসিউসের নাম লেখা নতুন জার্সি পরে ফিরে আসে সে। উচ্ছ্বাস প্রকাশ করে কিশোরটি জানায়, ‘ভিনিসিউসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তাঁর বার্তাটি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।’
ছেলের প্রতি বিশ্বজুড়ে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মা হাবিবাও। তিনি বলেন, ‘আমার মনে হয়, পুরো বিশ্ব জাহেরের পাশে রয়েছে এবং তার সফলতা দেখতে চায়।’ চিকিৎসক বেনতেলমুনা এলতাইয়েবও জানিয়েছেন, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে শারীরিক অবস্থার পাশাপাশি মানসিকভাবেও অনেক পরিবর্তন এসেছে জাহেরের। শুরুতে সে চুপচাপ ও হতাশ থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
ফুটবলের বাইরেও জাহেরের ঘোড়ায় চড়া ও সাইকেল চালানোর প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ভবিষ্যতে বিমানচালক হওয়ার স্বপ্নও সে দেখে। তবে সুদানের চলমান সংঘাতের কারণে তার শিক্ষা, নিরাপত্তা ও চিকিৎসার ধারাবাহিকতা নিয়ে উদ্বিগ্ন মা হাবিবা। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, সুদানে ১ কোটি ৭০ লাখের বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। ২০২৩ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে হাজারো শিশু নিহত বা আহত হয়েছে।
সুদানের সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পেলেও শহরজুড়ে ধ্বংসযজ্ঞ ও নিরাপত্তার ঝুঁকি রয়ে গেছে। নিয়মিত চিকিৎসা এবং বয়স বাড়ার সঙ্গে কৃত্রিম পায়ের সমন্বয় করানোর আশায় জাহের ও তার মা আবার খার্তুমে ফিরেছেন। যুদ্ধবিধ্বস্ত সুদানে লাখো শিশুর দুর্ভোগের মধ্যে জাহেরের ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে উঠেছে আশার প্রতীক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন