০৫:২৯ পি.এম
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে এই অভিযানটি অনুষ্ঠিত হয়। অভিযানের সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে একজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং অপরজন মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাকিব আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
তিনি বলেন, ‘অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।’
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আরফাত হোসেন বলেন, ‘আটক মাদক পাচারকারী, জব্দ করা বোট ও উদ্ধার করা ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন