ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ইইউ আসক্তি তৈরি করা অ্যাপের ফিচার বন্ধের সুযোগ দেবে


ইইউ আসক্তি তৈরি করা অ্যাপের ফিচার বন্ধের সুযোগ দেবে

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যবহারকারীদের অনলাইন প্ল্যাটফর্মে আসক্তি তৈরি করা বিভিন্ন ফিচার বন্ধ করার সুযোগ দিতে যাচ্ছে।

এছাড়া, ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্যের প্রচারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলে এমন অনলাইন ফিচার নিষিদ্ধ করার উদ্দেশ্যে বুধবার নতুন বিধিমালা ঘোষণা করতে যাচ্ছে সংস্থাটি।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

ইইউ’র বর্তমান আইনগুলোর মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইন কনটেন্ট সম্পর্কিত বেশ কিছু বিধান রয়েছে। তবে ব্রাসেলস ও ভোক্তা অধিকারকর্মীদের মতে, এসব আইনে কিছু ঘাটতি বিদ্যমান। এর ফলে গ্রাহকরা ক্ষতিকর ডিজিটাল কার্যক্রমের শিকার হচ্ছেন।

বুধবার, ইইউর নির্বাহী সংস্থা ‘ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট’ (ডিএফএ) নামে নতুন বিধিমালা প্রকাশ করতে যাচ্ছে যা ভোক্তা অধিকার সংক্রান্ত। বড় ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে, এই আইন অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করার ক্ষমতা দেবে সংস্থাটি।

ডিজিটাল সেবার ক্ষতিকর চর্চার কারণে ইউরোপের ভোক্তাদের আর্থিক ক্ষতির পরিমাণও ব্যাপক। সরকারি তথ্য অনুযায়ী, এ ধরনের ‘সমস্যাজনক’ ডিজিটাল কার্যক্রমের কারণে ব্যক্তিপর্যায়ে বছরে ১০ দশমিক ৩ বিলিয়ন ইউরো (১১ দশমিক ৫ বিলিয়ন ডলার) ক্ষতি হচ্ছে।

এএফপির পাওয়া নথি অনুযায়ী, প্রস্তাবিত বিধিমালায় অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো-

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

প্রতারণামূলক নকশা নিষিদ্ধ : ব্যবহারকারীদের অজ্ঞাতে তাদের অনিচ্ছাকৃতভাবে কোনো পণ্য কিনতে বা নির্দিষ্ট সেটিংস চালু করতে প্ররোচিত করার কৌশল নিষিদ্ধ হবে। এই ধরনের কৌশল ‘ডার্ক প্যাটার্ন’ নামে পরিচিত।

ইনফ্লুয়েন্সারদের প্রচারে কঠোর নিয়ম : ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ব্র্যান্ডের পণ্যের প্রচারের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হবে। এ ধরনের পোস্টে ‘বিজ্ঞাপন’ লেখা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

অপ্রাপ্তবয়স্কদের জন্য অর্থের বিনিময়ে সুবিধা নিষিদ্ধ : শিশু-কিশোরদের জন্য অর্থের বিনিময়ে গেমে জেতার বা দ্রুত পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ রাখা যাবে না। গেমের ভার্চুয়াল মুদ্রার প্রকৃত আর্থিক মূল্যও স্পষ্টভাবে দেখাতে হবে।

ফ্রি ট্রায়াল শেষে আগাম সতর্কতা : বিনামূল্যে ব্যবহারের পরীক্ষামূলক মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহকদের তা জানাতে হবে। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সেবা চালু রাখতে কত খরচ হবে, তা উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: ইমরান খানের সাথে সাক্ষাত না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পিটিআইয়ের

মানব গ্রাহকসেবা নিশ্চিত : ব্যবহারকারীরা চাইলে তাদের সরাসরি গ্রাহকসেবা প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে।

ইইউ’র ভোক্তা অধিকারবিষয়ক প্রধান মাইকেল ম্যাকগ্রাথ এর আগে উল্লেখ করেছেন, অন্যায্য বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে লড়াই জোরদার করাই নতুন বিধিমালার লক্ষ্য। তিনি বলেন, জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর ৯৭ শতাংশই ডার্ক প্যাটার্ন ব্যবহার করে।

ইউরোপীয় ভোক্তা সংগঠনের কর্মকর্তা অগাস্টিন রেইনা বলেন, অনলাইনে ভোক্তারা কত সময় ও অর্থ ব্যয় করবেন, সে বিষয়ে তাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে এই প্রস্তাব একটি অত্যন্ত প্রয়োজনীয় হাতিয়ার।

‘সুরক্ষার জাল’-

আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচেয়ে নিরাপদ থাকবে এই ৫ দেশ, উঠে এলো গবেষণায়

১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম নিরাপদ করতে কোম্পানিগুলোকে বাধ্য করার উদ্যোগ নেওয়ার পর ইইউ’র ক্রমবর্ধমান ডিজিটাল বিধিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতায় ইতোমধ্যে ব্যাপক বিধিনিষেধ রয়েছে।

তবে স্পেনের ইইউ আইনপ্রণেতা লরা বালারিন সেরেজা বলেন, শিশু ও প্রাপ্তবয়স্ক— সবার জন্য নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলাই এ প্রস্তাবের লক্ষ্য। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন একটি ‘সুরক্ষার জাল’ হিসেবে কাজ করার কথা। নতুন বিধিমালা বিদ্যমান আইনের ঘাটতিগুলো পূরণ করবে।

পণ্য কেনার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই গ্রাহকরা যেন মোট মূল্য জানতে পারেন, সেটিও নিশ্চিত করতে চায় ইইউ। এ লক্ষ্যে ‘ড্রিপ প্রাইসিং’ নামে পরিচিত পদ্ধতি নিষিদ্ধ করা হবে। এ পদ্ধতিতে কেনাকাটার শেষ ধাপে গিয়ে অতিরিক্ত ফি প্রকাশ করা হয়।

ইইউ’র ডিজিটাল কার্যক্রম তদারককারী সংস্থা ইউরোপীয় কমিশন অনলাইন কনটেন্ট ও প্রতিযোগিতা সংক্রান্ত বিধিমালা যথাযথভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন ইইউ’র আইনপ্রণেতা ও ভোক্তা অধিকারকর্মীরা। এ নিয়ে সংস্থাটি চাপের মুখে রয়েছে।

আরও পড়ুন: ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না: মোহসেন রেজায়ি

বিভিন্ন ইউরোপীয় দেশে ভোক্তা অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ইউরোকনজিউমার্স বলেছে, ‘শক্তিশালী আইন তখনই কার্যকর হয়, যখন তা যথাযথভাবে প্রয়োগ করা হয়।’

বেসরকারি সংস্থা ফাইন্যান্স ওয়াচ বলেছে, ডার্ক প্যাটার্ন নিষিদ্ধের প্রস্তাব সঠিক পথে এগোলেও আর্থিক সেবার ক্ষেত্রে ভোক্তাদের যথেষ্ট সুরক্ষা দিতে এতে উচ্চাকাক্সক্ষার ঘাটতি রয়েছে।

সংগঠনটি খসড়া প্রস্তাবে বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ ফাঁকফোকর’ থাকার বিষয়েও সতর্ক করেছে। তাদের ভাষায়, ‘প্রতিষ্ঠানগুলো এখনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রচারে ইনফ্লুয়েন্সারদের অর্থ দিতে পারবে।’

গত সেপ্টেম্বরে আর্থিক খাতের ইনফ্লুয়েন্সারদের কার্যক্রম এবং তাদের বিভ্রান্তিকর তথ্যের কারণে ভোক্তাদের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ফাইন্যান্স ওয়াচ।

আরও পড়ুন: ইসরায়েলি নাগরিকদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ রাসেল হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ রাসেল হোসেনের

চুয়াডাঙ্গার জীবননগরে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের সন্তোষপুর ইকো পার্কের পাশে একটি খাদে তার মৃতদেহ স্থানীয়রা দেখতে পান। পাশাপাশি পড়ে ছিল একটি নীল মোটরসাইকেল, যা দুমড়েমুচড়ে গেছে।

নিহত তরুণটি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে।

স্বজনদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে রাসেল সন্তোষপুরের পাম্প থেকে মোটরসাইকেলের জন্য তেল কিনতে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বুধবার ভোরে কাজে যাওয়ার সময় তারা রাসেলের মৃতদেহ ও মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খেজুরগাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাসেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্যান্ডপেপারগেট’ নিয়ে কাউকে হেনস্তা করার উদ্দেশ্য নেই: উসমান খাজা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


‘স্যান্ডপেপারগেট’ নিয়ে কাউকে হেনস্তা করার উদ্দেশ্য নেই: উসমান খাজা

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা জানিয়েছেন যে, ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে কাউকে নতুন করে হেনস্তা করার কোনো উদ্দেশ্য নেই। বল টেম্পারিংয়ের ওই ঘটনার পুনরায় তদন্তের দাবি জোরালো হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন।

খাজা মঙ্গলবার প্রকাশিত তাঁর আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো দলের সদস্যরা অবগত ছিলেন। এটি কেবল কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বলের গতিপথ পরিবর্তন করতে স্যান্ডপেপার ব্যবহার করার সময় অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ধরা পড়ার পর দেশটির ক্রিকেটে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। খাজার বই প্রকাশের ফলে সেই বিতর্ক আবারও নতুন করে সামনে এসেছে।

মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিতে এক উত্তপ্ত সাক্ষাৎকারে বল টেম্পারিং সম্পর্কে আগে থেকে আর কারা জানতেন, তাঁদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান খাজা। তিনি বলেন, “আমি শুধু আমার দিক থেকে সত্যটা তুলে ধরছি।”

তিনি আরও বলেন, “আমি আমার গল্প বলেছি, আমার সত্য তুলে ধরেছি।” খাজা উল্লেখ করেন যে, তিনি এ ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন না। তিনি বলেন, “আমি কোনো কিছুর দাবি জানাচ্ছি না।”

“দল হিসেবে আমাদের কাছ থেকে আমি সব সময় শুধু দায়বদ্ধতা চেয়েছি।” খাজা বলেন, “আমার কাছে এটি কখনোই কাউকে খুঁজে বের করে হেনস্তা করার বিষয় ছিল না। দীর্ঘদিন ধরে শুধু ওই তিনজনকেই সমালোচনা ও চাপ সহ্য করতে হয়েছে।” তিনি এই ঘটনায় শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের কথা উল্লেখ করেন। বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁদের অসম্মানজনকভাবে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, ওই পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানা ছিল শুধু এই তিন খেলোয়াড়ের। তবে চলতি বছর ৮৮টি টেস্ট খেলে অবসর নেওয়া খাজা তাঁর ‘সাবর’ বইয়ে কেলেঙ্কারি নিয়ে লেখা একটি অধ্যায়ে ভিন্ন তথ্য দিয়েছেন।

বইটি প্রকাশের আগে গত সপ্তাহে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, “আমরা সবাই বিষয়টি জানতাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু কর্মকর্তারাও নয়- আমরা সবাই।”

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ কেলেঙ্কারির তদন্ত নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, নতুন তদন্তের পক্ষে ‘জোরালো কোনো কারণ’ দেখছেন না।

গ্রিনবার্গ বলেন, সোমবার একই দলের সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার খাজার বক্তব্যকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন করলেও তাঁর প্রকাশিত তথ্যগুলো বিবেচনা করবেন। তবে এ নিয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন ২০২১ সালে প্রকাশ্যে ওই পরিকল্পনা সম্পর্কে জানার কথা অস্বীকার করেছিলেন। তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যানও খেলোয়াড়দের মধ্যে ব্যাপকভাবে বিষয়টি জানাজানি ছিল বলে অস্বীকার করেছেন।

তবে খাজার ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ৩৯ বছর বয়সী সতীর্থের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। ওয়ার্নার বলেন, “উজি, আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।”

কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে ক্রিকেট থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা এবং ভবিষ্যতে অধিনায়কত্ব বা নেতৃত্বের কোনো দায়িত্ব পালনে আজীবন নিষেধাজ্ঞা পাওয়া ওয়ার্নার আরও বলেন, “তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে। বিষয়টি প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল। তুমি তা সামনে এনেছ।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিএলে বিনিময় চুক্তিতে পান্ডিয়া পাঞ্জাবে, আর্শদীপ মুম্বাইয়ে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


আইপিএলে বিনিময় চুক্তিতে পান্ডিয়া পাঞ্জাবে, আর্শদীপ মুম্বাইয়ে যাচ্ছেন

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স থেকে পাঞ্জাব কিংসে যোগ দিতে চলেছেন। অপরদিকে, পেসার আর্শদীপ সিং বিপরীত দিক থেকে মুম্বাইয়ে যাচ্ছেন। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এই তথ্য প্রকাশ করেছে। বিসিসিআই জানিয়েছে, আইপিএল’র বিনিময় চুক্তির আওতায় এই দুই খেলোয়াড় দল পরিবর্তন করছেন।

মুম্বাইয়ের হয়ে চারবার আইপিএল শিরোপা জেতা পান্ডিয়া ১৯ লাখ ডলারে পাঞ্জাবে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে, ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি আর্শদীপও একই অর্থে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ে যোগ দিচ্ছেন।

এই চুক্তির ফলে মুম্বাইয়ে পান্ডিয়ার দ্বিতীয় অধ্যায় শেষ হচ্ছে। ২০১৫ সালে প্রথমবারের মতো দলটিতে যোগ দেওয়ার পর তিনি মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জিতেছেন।

২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন পান্ডিয়া। অভিষেক মৌসুমেই তিনি দলটিকে শিরোপা জিতাতে সক্ষম হন। পরে ২০২৪ সালে অধিনায়ক হিসেবে আবারও মুম্বাইয়ে ফিরে আসেন।

৩৩ বছর বয়সী পান্ডিয়া আইপিএলে ১৬২ ম্যাচ খেলে ২ হাজার ৯৫৫ রান করেছেন এবং ৮২ উইকেট শিকার করেছেন। এর মাধ্যমে তিনি প্রতিযোগিতার অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অন্যদিকে, ২৭ বছর বয়সী আর্শদীপের পাঞ্জাব অধ্যায় শেষ হতে যাচ্ছে। ২০১৯ সালে আইপিএল অভিষেকের পর তিনি ফ্র্যাঞ্চাইজিটির হয়ে টানা আট মৌসুম খেলেছেন।

পাঞ্জাবের ইতিহাসে আর্শদীপ সর্বোচ্চ উইকেটশিকারি। ৯৬ ম্যাচে তার শিকার ১১১ উইকেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬) চিহ্নিত করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্র এবং মামলার এজাহার থেকে জানা যায়, হাসিব আল ইসলাম তার স্ত্রীসহ শ্রীমঙ্গলের রাধানগর এলাকার ‘বালিশিরা রিসোর্টে’ অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় গন্তব্যের দিকে যাওয়ার সময় তাদের পথরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল।

হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করে এবং দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলার সময় চাপাতির কোপ ঠেকাতে গিয়ে হাসিবের বাম হাতের কব্জির নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%