প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্যবহারকারীদের অনলাইন প্ল্যাটফর্মে আসক্তি তৈরি করা বিভিন্ন ফিচার বন্ধ করার সুযোগ দিতে যাচ্ছে।
এছাড়া, ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্যের প্রচারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলে এমন অনলাইন ফিচার নিষিদ্ধ করার উদ্দেশ্যে বুধবার নতুন বিধিমালা ঘোষণা করতে যাচ্ছে সংস্থাটি।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইইউ’র বর্তমান আইনগুলোর মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অনলাইন কনটেন্ট সম্পর্কিত বেশ কিছু বিধান রয়েছে। তবে ব্রাসেলস ও ভোক্তা অধিকারকর্মীদের মতে, এসব আইনে কিছু ঘাটতি বিদ্যমান। এর ফলে গ্রাহকরা ক্ষতিকর ডিজিটাল কার্যক্রমের শিকার হচ্ছেন।
বুধবার, ইইউর নির্বাহী সংস্থা ‘ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট’ (ডিএফএ) নামে নতুন বিধিমালা প্রকাশ করতে যাচ্ছে যা ভোক্তা অধিকার সংক্রান্ত। বড় ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে, এই আইন অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করার ক্ষমতা দেবে সংস্থাটি।
ডিজিটাল সেবার ক্ষতিকর চর্চার কারণে ইউরোপের ভোক্তাদের আর্থিক ক্ষতির পরিমাণও ব্যাপক। সরকারি তথ্য অনুযায়ী, এ ধরনের ‘সমস্যাজনক’ ডিজিটাল কার্যক্রমের কারণে ব্যক্তিপর্যায়ে বছরে ১০ দশমিক ৩ বিলিয়ন ইউরো (১১ দশমিক ৫ বিলিয়ন ডলার) ক্ষতি হচ্ছে।
এএফপির পাওয়া নথি অনুযায়ী, প্রস্তাবিত বিধিমালায় অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো-
প্রতারণামূলক নকশা নিষিদ্ধ : ব্যবহারকারীদের অজ্ঞাতে তাদের অনিচ্ছাকৃতভাবে কোনো পণ্য কিনতে বা নির্দিষ্ট সেটিংস চালু করতে প্ররোচিত করার কৌশল নিষিদ্ধ হবে। এই ধরনের কৌশল ‘ডার্ক প্যাটার্ন’ নামে পরিচিত।
ইনফ্লুয়েন্সারদের প্রচারে কঠোর নিয়ম : ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ব্র্যান্ডের পণ্যের প্রচারের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা হবে। এ ধরনের পোস্টে ‘বিজ্ঞাপন’ লেখা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের জন্য অর্থের বিনিময়ে সুবিধা নিষিদ্ধ : শিশু-কিশোরদের জন্য অর্থের বিনিময়ে গেমে জেতার বা দ্রুত পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ রাখা যাবে না। গেমের ভার্চুয়াল মুদ্রার প্রকৃত আর্থিক মূল্যও স্পষ্টভাবে দেখাতে হবে।
ফ্রি ট্রায়াল শেষে আগাম সতর্কতা : বিনামূল্যে ব্যবহারের পরীক্ষামূলক মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহকদের তা জানাতে হবে। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সেবা চালু রাখতে কত খরচ হবে, তা উল্লেখ করতে হবে।
মানব গ্রাহকসেবা নিশ্চিত : ব্যবহারকারীরা চাইলে তাদের সরাসরি গ্রাহকসেবা প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে।
ইইউ’র ভোক্তা অধিকারবিষয়ক প্রধান মাইকেল ম্যাকগ্রাথ এর আগে উল্লেখ করেছেন, অন্যায্য বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে লড়াই জোরদার করাই নতুন বিধিমালার লক্ষ্য। তিনি বলেন, জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোর ৯৭ শতাংশই ডার্ক প্যাটার্ন ব্যবহার করে।
ইউরোপীয় ভোক্তা সংগঠনের কর্মকর্তা অগাস্টিন রেইনা বলেন, অনলাইনে ভোক্তারা কত সময় ও অর্থ ব্যয় করবেন, সে বিষয়ে তাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে এই প্রস্তাব একটি অত্যন্ত প্রয়োজনীয় হাতিয়ার।
‘সুরক্ষার জাল’-
১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম নিরাপদ করতে কোম্পানিগুলোকে বাধ্য করার উদ্যোগ নেওয়ার পর ইইউ’র ক্রমবর্ধমান ডিজিটাল বিধিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পাশাপাশি ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতায় ইতোমধ্যে ব্যাপক বিধিনিষেধ রয়েছে।
তবে স্পেনের ইইউ আইনপ্রণেতা লরা বালারিন সেরেজা বলেন, শিশু ও প্রাপ্তবয়স্ক— সবার জন্য নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলাই এ প্রস্তাবের লক্ষ্য। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন একটি ‘সুরক্ষার জাল’ হিসেবে কাজ করার কথা। নতুন বিধিমালা বিদ্যমান আইনের ঘাটতিগুলো পূরণ করবে।
পণ্য কেনার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগেই গ্রাহকরা যেন মোট মূল্য জানতে পারেন, সেটিও নিশ্চিত করতে চায় ইইউ। এ লক্ষ্যে ‘ড্রিপ প্রাইসিং’ নামে পরিচিত পদ্ধতি নিষিদ্ধ করা হবে। এ পদ্ধতিতে কেনাকাটার শেষ ধাপে গিয়ে অতিরিক্ত ফি প্রকাশ করা হয়।
ইইউ’র ডিজিটাল কার্যক্রম তদারককারী সংস্থা ইউরোপীয় কমিশন অনলাইন কনটেন্ট ও প্রতিযোগিতা সংক্রান্ত বিধিমালা যথাযথভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন ইইউ’র আইনপ্রণেতা ও ভোক্তা অধিকারকর্মীরা। এ নিয়ে সংস্থাটি চাপের মুখে রয়েছে।
বিভিন্ন ইউরোপীয় দেশে ভোক্তা অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ইউরোকনজিউমার্স বলেছে, ‘শক্তিশালী আইন তখনই কার্যকর হয়, যখন তা যথাযথভাবে প্রয়োগ করা হয়।’
বেসরকারি সংস্থা ফাইন্যান্স ওয়াচ বলেছে, ডার্ক প্যাটার্ন নিষিদ্ধের প্রস্তাব সঠিক পথে এগোলেও আর্থিক সেবার ক্ষেত্রে ভোক্তাদের যথেষ্ট সুরক্ষা দিতে এতে উচ্চাকাক্সক্ষার ঘাটতি রয়েছে।
সংগঠনটি খসড়া প্রস্তাবে বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ ফাঁকফোকর’ থাকার বিষয়েও সতর্ক করেছে। তাদের ভাষায়, ‘প্রতিষ্ঠানগুলো এখনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রচারে ইনফ্লুয়েন্সারদের অর্থ দিতে পারবে।’
গত সেপ্টেম্বরে আর্থিক খাতের ইনফ্লুয়েন্সারদের কার্যক্রম এবং তাদের বিভ্রান্তিকর তথ্যের কারণে ভোক্তাদের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ফাইন্যান্স ওয়াচ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন