ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প


পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প

এক.

ফিনল্যান্ডে অবিবাহিতদের বিনামূল্যে ভ্রমণের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। এ কারণে আমরা স্বঘোষিত চিরকুমার নাঈম ভাইয়ের তত্ত্বাবধানে লেক ও পর্বত দেখার সুযোগ পেয়েছিলাম। বর্তমানে তার সঙ্গে কোথাও যেতে চাইলে তিনি রেগে বলেন, "আপনারা চান না আমি ফিনল্যান্ড যাই। আপনারা তো বিয়ে করে বসে আছেন।"

দেশে প্রেমিকা জুটাতে না পারা এই ভাইটি যখন নারীর টানে বিদেশে যেতে চান, তখন তাকে বাধা দেওয়ার ইচ্ছে আমাদের নেই। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কয়েক দিন আগের ভ্রমণ নিয়ে। দেশের সর্বোচ্চ উচ্চতায় সাধু পানি হ্রদ এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘মিট কার্নিভাল’, চলবে ২১ নভেম্বর পর্যন্ত

দুই.

মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে বাসটি ছাড়ল। আমাদের দলে মোট ৯ জন ছিল। একমাত্র নাঈম ভাই ছাড়া কারও সঙ্গে আমার পরিচয় ছিল না। দলের সদস্যসংখ্যা বিজোড় হওয়ায় আমাকে অন্য যাত্রীর সঙ্গে বসতে হলো। ঢাকার রাস্তা পার হওয়ার পর বেশ কয়েকবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখ বন্ধ করে মনে হলো বাস বাতাসের গতিতে এগিয়ে যাচ্ছে। সড়কপথে বিমানের অনুভূতি থাকায় আতঙ্কে ঘুমাতে পারিনি।

বুধবার ভোর ৫টার দিকে বাসটি চট্টগ্রামের কেরানীহাটে পৌঁছাল। সেখান থেকে দুটি সিএনজি নিয়ে বান্দরবান শহরে চলে গেলাম। একটি হোটেলে সকালের নাস্তা সেরে আগে থেকে ঠিক করে রাখা চাঁদের গাড়িতে (চান্দের গাড়ি) চড়ে আমাদের যাত্রা শুরু হলো রুমার উদ্দেশ্যে। ওয়াই জংশনের কাছের চেকপোস্টে আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হলো। এই সুযোগে সবাই নিজেদের মতো ছবি তুলে নিলেন। এরপর আবার ছুটে চলা। কিছুদূর পর রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার। সেখানে explore-ruma.com ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং নাম-ঠিকানা দিয়ে এন্ট্রি করতে হয়। প্রাপ্তবয়স্কদের জনপ্রতি এন্ট্রি ফি ৫০ টাকা। নাঈম ভাই সবার তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে এন্ট্রি ফি পরিশোধ করে প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। বেলা ১১টার দিকে পৌঁছালাম রুমা বাজারে। সেখান থেকে গাইডসহ সিরিয়াল থেকে চাঁদের গাড়ি নিয়ে রওনা দিতে হবে। নাঈম ভাই আনোয়ার নামে একজন গাইডকে ঠিক করলেন। তিনি গাড়ির জন্য সিরিয়াল দিলেন। পূজার ছুটি থাকায় পর্যটকদের উপচে পড়া ভিড়। সিরিয়াল থেকে জানানো হলো, গাড়ি আসতে আরও দেড় থেকে দুই ঘণ্টা লাগবে। গাইডকে সঙ্গে নিয়ে নাঈম ভাই রুমা বাজারের দিকে রওনা দিলেন। আমিও তাদের সঙ্গী হলাম। রাতে গ্রিল খাওয়ার জন্য মুরগি, মসলা ও মুড়ি-চানাচুরসহ প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হলো। বাজার শেষ করে ফিরেও গাড়ির কোনো খবর পাওয়া গেল না।

রুমা বাজারের খাবারের হোটেলে বসে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছি। এই হোটেলে বিচিত্র নিয়ম। খাবার অর্ডার না করলে মাথার ওপরের ফ্যান বন্ধ থাকে। গাড়ি আসতে দেরি হওয়ায় নাঈম ভাই সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। অর্ডারের সঙ্গে সঙ্গে মাথার ওপরের ফ্যান ঘুরতে শুরু করল। খাওয়া যখন শেষ পর্যায়ে, তখন সিরিয়াল থেকে আমাদের গাড়ির খবর এলো। খাবার শেষ করে গাড়িতে উঠলাম সবাই।

আরও পড়ুন: স্মৃতিশক্তি বৃদ্ধিতে ৫ খাবার পরামর্শ দিলেন ডা. সৌরভ শেঠি

রুমা থানার কাছে আরেকটা এন্ট্রি পয়েন্ট। যাবতীয় তথ্য দিয়ে এন্ট্রি শেষ করে গাড়ি ছুটে চলল বগালেকের দিকে।

বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং রুমা থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বগালেকের অবস্থান। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১ হাজার ২৪৬ ফুট। বাংলাদেশের ভূতাত্ত্বিকদের মতে, মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে এটি সৃষ্টি হয়েছে। অনেকে আবার ভূমিধসের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন। এ ছাড়া এই লেক নিয়ে বম, মারমা, ম্রো, খুমি ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর মধ্যে পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে।

আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে গাড়ি সামনের দিকে এগিয়ে চলছে। বেলা ৩টার দিকে আমরা পৌঁছালাম বগালেকের এন্ট্রি পয়েন্টে। আনোয়ার ভাই এবং নাঈম ভাই আমাদের তথ্য দিয়ে এন্ট্রি শেষ করে গাড়ি নিয়ে গেলেন কটেজের সামনে। কাঠের তৈরি মাচাংয়ের দ্বিতীয় তলায় আমাদের থাকার ব্যবস্থা। রুমে ঢুকে ব্যাগ রেখে সবাই গেলাম বগালেকে গোসল করতে। নারী-পুরুষের জন্য আলাদা ঘাট। লেকের নীলাভ পানিতে তখন অসংখ্য পর্যটক গোসল করছিলেন। দশ-পনেরো মিনিট লেকের পানিতে অবস্থান করে ফিরে এলাম কটেজে। বিকেলে সবাই বের হলাম চারপাশের সৌন্দর্য উপভোগ করতে।

লেকের এন্ট্রি পয়েন্টের একটু সামনের রাস্তার অবস্থান দুটি খাড়া পাথরের পাহাড়ের মাঝ বরাবর। সেখানে যাওয়ার পর এক অপরূপ দৃশ্য চোখে পড়ল। দূরের পাহাড়ের সবুজ বৃক্ষরাজির মধ্য দিয়ে বিকেলে সূর্যের মিষ্টি আলো নিয়ন বাতির আলোর মতো মনে হচ্ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অসংখ্য পর্যটক সেখানে ভিড় করছেন। প্রকৃতির অপরূপ এই দৃশ্য মোবাইলের ক্যামেরায় বন্দি করতে সবাই ব্যস্ত হয়ে পড়লেন। কৌতূহলী মানুষের ছবি তোলার প্রতিযোগিতা দেখতে দেখতে সূর্যিমামা বিদায় জানিয়ে সবুজ পাহাড়ে লুকিয়ে গেল।

আরও পড়ুন: নীরব ঘাতক পলিসিস্টিক কিডনি রোগ: যেসব লক্ষণে সতর্ক হবেন

সন্ধ্যার পর গোটা এলাকা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে পড়ল। এলাকাটিতে বিদ্যুৎ নেই। রাত ১১টা পর্যন্ত থাকে সৌরবিদ্যুৎ। তাছাড়া রাত ৭টার পর কয়েক ঘণ্টার জন্য জেনারেটর চালানো হয়। লেকের পাড়ে একটা জায়গা সুন্দরভাবে আলোকসজ্জা করা ছিল। সেখানে আমাদের দলের সবাই গেলাম। বেশ সুন্দর ও নিরিবিলি পরিবেশ। রাত ৮টার দিকে আমরা কটেজের সামনে চলে এলাম। সেখানে আনোয়ার ভাই বারবিকিউয়ের আয়োজন করলেন। পুরো এলাকায় একমাত্র আমাদের এই আয়োজন ছিল। অন্যান্য পর্যটক বেশ আগ্রহ নিয়ে এই দৃশ্যের ছবি তুললেন। রাতের খাবার পরোটা আর বারবিকিউ। সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া শেষ করে আবার ঘোরাফেরার জন্য বের হয়ে গেলাম। ইতোমধ্যে আমাদের নিজেদের মধ্যে আন্তরিকতা বেড়ে গেল। দলের কাউকে অপরিচিত মনে হচ্ছে না।

রাতে সুনসান নীরবতা। সহজেই ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা খেয়ে রওনা দেব কেওক্রাডংয়ের উদ্দেশ্যে।

তিন.

বৃহস্পতিবার ভোরে ঘুম ভেঙে গেল। একা রুম থেকে বের হয়ে গেলাম। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে অনেক পর্যটক চাঁদের গাড়িতে চড়ে রওনা দিলেন কেওক্রাডংয়ের দিকে। আমাদের তাড়া নেই। কেওক্রাডংয়ে আমরা রাত্রিযাপন করব। বগালেকে সকাল, দুপুর ও রাতের প্রকৃতি ভিন্ন রকম। সকালের প্রকৃতি বেশ কোমল, দুপুরে রৌদ্রোজ্জ্বল আর রাতে নীরবতা।

আরও পড়ুন: সিঙারা-পুরির পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি, সেই তেলে জ্বালানির সম্ভাবনা

সকালে নাস্তা করার আগে রেজা ভাই বললেন, মেয়েরা কেমন সাজগোজ করে ছবি তুলছে। আমার মুখে পাকা দাড়ি উঁকি দিচ্ছে। শেভের জিনিসপত্র ছিল। শুধু আয়না প্রয়োজন।

আমি মোবাইলে নিজের চেহারা দেখে বললাম, ভাই, আমার কাছে ট্রিমার আছে। চলেন আয়নার সন্ধান করি।

তিন দোকানে ঘুরে আয়না না পেয়ে রিসোর্টের মালিকের শরণাপন্ন হলাম। অবশেষে পাওয়া গেল একটা ভাঙা আয়না। আমরা খুশিমনে তা নিয়ে লেকের ধারে চলে এলাম। পালাক্রমে দুজন শেভ করে নেমে গেলাম লেকের পানিতে। দ্বিতীয় দিনের মতো লেকের পানিতে গোসল করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।

তারপর বেশ সতেজ মনে ডিম খিচুড়ি খেয়ে রওনা দিলাম কেওক্রাডংয়ের দিকে। উঁচু-নিচু খাড়া পাহাড়ি ঢাল দিয়ে ছুটে চলছে চাঁদের গাড়ি। রাস্তার কয়েকটা বাঁক থেকে দূরের বগালেক শিল্পীর তুলিতে আঁকা তৈলচিত্রের মতো দৃশ্যমান হয়ে উঠল। আমাদের গাড়ি ধীরে ধীরে যতই ওপরের দিকে উঠছে, পাহাড়ের অপরূপ দৃশ্য ততই আমাদের বিমোহিত করছে। মনে হলো, দূরের আকাশ পাহাড়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এমন চোখজুড়ানো দৃশ্য দেখতে দেখতে সকাল সাড়ে ১০টার দিকে আমরা পৌঁছে গেলাম কেওক্রাডং। নাঈম ভাই গাইডকে নিয়ে চেকপোস্টে গেলেন এন্ট্রি করাতে। আমরা সেখানের একটা দোকান থেকে চা নিয়ে দূর আকাশে ভেসে বেড়ানো মেঘের খেলা দেখছিলাম। মুহূর্তের মধ্যে একঝাঁক মেঘ শিশিরের মতো আমাদের গা ভিজিয়ে দিল। কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম মেঘের রাজ্যে।

আরও পড়ুন: বিউটি ব্লগে আজকের সাজগোজ: ২০ হাজারেরও বেশি প্রোডাক্টের তথ্য

মেয়েদের জন্য পাহাড়ের চূড়ায় লালা গেস্ট হাউস আর আমাদের জন্য মাউন্টেন ভিউ রিসোর্ট আগে থেকেই ঠিক করা ছিল। আমাদের রুমের বারান্দা থেকে পুরো পাহাড়ের দৃশ্য দেখা যায়। বারান্দায় বসে পাহাড়ের এমন দৃশ্য দেখার সৌভাগ্য আগে কখনো হয়নি।

নাঈম ভাই জানালেন, দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমাদের নিয়ে যাবেন সুনসাংপাড়ায়।

আমরা বের হওয়ার জন্য যখন প্রস্তুত, তখন রেজা ভাইয়ের সাবেক বান্ধবী শিমুল আপা এসে তাকে কড়া ভাষায় বললেন, "তুমি আসার পর থেকে এক জামাকাপড়েই আছ। এখন যদি পরিবর্তন না করো, তাহলে আমাদের সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই।"

আপা চলে যাওয়ার পর আমি বললাম, ভাই, কী করবেন?

আরও পড়ুন: ২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক জোনাস

বান্ধবী বিয়ে করলে পাহাড়-সমুদ্র যেখানেই যান, চাপে থাকতে হবেই। এই বলে তিনি চাকরির প্রত্যাশী শিক্ষার্থীর মতো পরিপাটি হয়ে গেলেন। রেজা ভাইয়ের প্রভাব আমাদের মধ্যেও পড়ল। সাধ্যমতো সবাই পুরোনো পোশাক পরিবর্তন করে খাবার খেতে গেলাম।

মিষ্টি কুমড়ার সবজি আর পাহাড়ি গয়ালের মাংস বেশ সুস্বাদু ছিল। আমাদের এবারের গন্তব্য সুনসাংপাড়া। এই পথে যে একবার গিয়েছে, কেবল সেই বলতে পারবে তা কেমন ভয়ানক ও সুন্দর। চারদিকের অপরূপ সৌন্দর্যে যেমন মন ভরে যায়, তেমনি রোলার কোস্টারের মতো খাড়া-ঢালু পথে গাড়ি চলার সময় ভয়ে গলা শুকিয়ে যায়। এমন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা পৌঁছালাম সুনসাংপাড়ায়। বম জাতিগোষ্ঠীর এই পাড়াটি বেশ সুন্দরভাবে গোছানো। রাস্তার একপাশে সারি বেঁধে দোকান বসানো হয়েছে। পাহাড়ি ফল, লেবুর শরবত ও চা পাওয়া যায় এসব দোকানে। কিছুক্ষণ ঘোরাফেরা করে একটা দোকানে লেবুর শরবত ও রঙ চা খেয়ে উঠে গেলাম গাড়িতে। সূর্যাস্তের আগেই ফিরতে হবে কেওক্রাডং। সেখান থেকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করব। ফেরার পথে এক জায়গায় গাড়ি থামানো হলো ফটোসেশনের জন্য। আমরা যখন কেওক্রাডংয়ে পৌঁছালাম, তখন সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে। সবাই দল বেঁধে বসে আছি। দেখতে দেখতে সূর্য রক্তিম বর্ণ ধারণ করে পাহাড়ের আড়ালে চলে গেল। সন্ধ্যার দিকে মৃদু হিম বাতাস বইছিল। মেঘের ভেলাও কয়েক দফা পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলে গেল।

রাতের আকাশ ছিল বেশ পরিষ্কার। চাঁদের আলো অনেকটা টিউব লাইটের আলোর মতো মনে হচ্ছিল। খাওয়া-দাওয়ার পর আমরা নিজেদের মতো ঘোরাফেরা করছি। হঠাৎ খেয়াল হলো, আমাদের সঙ্গে ইসরাত আপা ও সানজিদা আপা নেই। তাদের খুঁজে পাওয়া গেল সুনসাংপাড়ায় যে পথে গিয়েছিলাম, সেই পথে। সেখানে গাইড আনোয়ার ভাইয়ের সঙ্গে বসে তারা গল্প করছেন। আমরাও তাদের সঙ্গে যুক্ত হলাম। আনোয়ার ভাই ভালো গল্প বলতে পারেন। বাঘের পিঠে চড়ে পাহাড় ভ্রমণ কিংবা লেকের পানিতে হাঙরের পেট থেকে বের হয়ে আসার মতো গল্প বলে মানুষকে ঘোরের মধ্যে রাখার অদ্ভুত ক্ষমতা আছে তার।

চাঁদের আলোতে বসে আড্ডা আর ঘোরাফেরা করে মাঝরাতে সবাই রুমে চলে গেলাম। ভোরে ফেরার পালা।

চার.

শুক্রবার সকালে কেওক্রাডং থেকে চেক আউট হয়ে রওনা দিলাম রুমার উদ্দেশ্যে। কিছুদূর পরেই দার্জিলিংপাড়া। সেখানে একটি বাসায় আমাদের জন্য সকালের খাবারের আয়োজন করা আছে। আদা ফুলের ভর্তা, পুদিনা পাতার ভাজি ও মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে গরম গরম ভাত সবাই বেশ উপভোগ করলাম। বিশেষ আকর্ষণ ছিল ব্যাম্বু চিকেন।

ঘণ্টাখানেক ঘোরাফেরা শেষে আবার ছুটে চলা শুরু। পথে একটা জায়গায় গাড়ি থামানো হলো। পাহাড়ের এই সমতল জায়গা থেকে বগালেক দেখা যায়। দূর থেকে বগালেকের এ দৃশ্য দেখে মনে হলো, মনের মাধুরী মিশিয়ে কেউ পাহাড়ের বুকে সুইমিং পুল তৈরি করে রেখেছে।

বগালেকের চেকপোস্টে ফেরার তথ্য দিয়ে গাড়ি ছুটে চলল আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে।

ইশরাত আপা প্রথম দিন থেকেই লেক ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওয়াও ওয়াও করে আধপাগলের মতো হয়ে গিয়েছিলেন। বগালেকের পথ পার হওয়ার পর তার ওয়াও ওয়াও বলা যেমন বন্ধ হয়ে গেল, তেমন আমাদেরও মন খারাপ হয়ে গেল। এমন মনোরম পরিবেশ ছেড়ে চলে আসতে ইচ্ছে হচ্ছিল না কারও।

পথে মুনলাইপাড়ায় গাড়ি থামানো হলো। পর্যটকদের যাতায়াতকে কেন্দ্র করে এই পাড়ার দুই পাশে পাহাড়িদের হাতে বোনা বিভিন্ন পোশাক, মাফলার ও চাদরের দোকান বসানো হয়েছে। আছে বিভিন্ন ফলমূলসহ অন্যান্য জিনিসপত্রের দোকান। সেখান থেকে কেনাকাটা করে আবার যাত্রা শুরু। রুমা ফেরার পর সেখানে কোনো চাঁদের গাড়ি পাওয়া যায়নি। অবশেষে আরেকটি দলের সঙ্গে মিলে রিজার্ভ বাস নিয়ে চলে এলাম বান্দরবান শহরে।

দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়নি। সবাই ক্ষুধার্ত। সন্ধ্যায় দুপুর আর রাতের খাবার একসঙ্গে খেয়ে নিলাম। বাস ছাড়ার আগের সময়টুকুতে বান্দরবান শহর ঘুরে দেখা হলো। শনিবার ভোরে ফিরে এলাম চিরচেনা যান্ত্রিক শহর ঢাকায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান

দেশের মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জানিয়েছেন, এই নিয়োগের ৮০ শতাংশই নারী।

শনিবার, রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।

জুবাইদা রহমান বলেন, "স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। এর ফলে, বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। বর্তমান সরকার এই পরিস্থিতি বদলাতে রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।"

তিনি আরও বলেন, "এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে।"

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, "কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।"

এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির সব বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


রাজশাহী বিমানবন্দরের দেয়াল ঘেঁষে দুই গ্রেনেড, নিরাপত্তা জোরদার

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের বাউন্ডারি সংলগ্ন স্থানে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার হওয়ার পর নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রবেশমুখের ডানদিকে ফুলগাছের মধ্যে একজন পথচারী গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পেয়ে আরএমপির বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে ফোন করে বিষয়টি জানান। এএসআই পলাশ তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলামকে ঘটনাটি অবহিত করেন। নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে শাহমখদুম বিমানবন্দরের প্রধান প্রবেশ ফটকটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এ সময় বিমানবন্দরের ভেতরে অবস্থানকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, এই ঘটনার কয়েক মিনিট আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার সফরসঙ্গী কর্মকর্তারা বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করেন। কিছু সময় অপেক্ষার পর বিকল্প পথে মন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপদে বিমানবন্দর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। ওইদিন বিকালে বোমা নিষ্ক্রিয়করণ টিম রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিলের মধ্যে নিয়ে উদ্ধারকৃত দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করে। বোমা নিষ্ক্রিয়করণ টিম পরে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে।

এদিকে, বিমানবন্দরের মতো কেপিআই বা স্পর্শকাতর স্থাপনা এলাকায় গ্রেনেডের মতো বিধ্বংসী অস্ত্র উদ্ধারের ঘটনার চারদিন পরও পুলিশ জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। গ্রেনেডগুলো বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলবাগানে কারা রেখেছিল, সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি। সর্বশেষ রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন অকুস্থলটির আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার খোঁজ করছে পুলিশ। তবে ঘটনাস্থলটি রাজশাহী মহানগরীতে প্রবেশের অন্যতম দ্বার হলেও, জানা গেছে যে, সিসিটিভির আওতায় ছিল না। বিমানবন্দরের পার্শ্ববর্তী ব্যস্ত মহাসড়কটি দিয়ে দিনরাত বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে থাকে। এই সুযোগে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য কেউ গ্রেনেডগুলো বিমানবন্দরের দেয়ালের বাইরে ফুলগাছের ভেতরে রেখেছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন রাতে বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। যদিও এই মামলায় কাউকে আসামি করা হয়নি।

এজাহারে বলা হয়েছে, আসামিরা অজ্ঞাত। মামলাটি তদন্ত করছেন আরএমপির এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম। তিনি গত শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্তের অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের একজন নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল মহাসড়ক সংলগ্ন বিমানবন্দরের দেয়াল ঘেঁষা ফুলগাছের মধ্যে। বিমানবন্দরের পশ্চিম প্রান্তে মহাসড়কের বিপরীতে ছোটখাটো কিছু দোকান আছে। সেগুলোতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আবার বিমানবন্দরের ভেতরে সিকিউরিটি তল্লাশি ফটকের ওপরে সিসি ক্যামেরা থাকলেও সেটি থেকে ঘটনাস্থলের স্পষ্ট কোনো ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে না। ঘটনাটি স্পর্শকাতর বিধায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফরেনসিক প্রতিবেদন পেলে বোঝা যাবে গ্রেনেডগুলোর বিধ্বংসী ক্ষমতা কতটা ছিল। আমরা সবদিক খতিয়ে দেখছি।

অন্যদিকে, রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক (উপপরিচালক পদমর্যাদার) যোগেশ চন্দ্র সরকার জানান, বিমানবন্দরের বহিরাঙ্গন তথা সন্নিহিত এলাকার সার্বিক নিরাপত্তায় আর্মড পুলিশ বা এপিবিএনের সদস্যরা সবসময় নিয়োজিত থাকেন। বিমানবন্দরের বাউন্ডারি দেয়াল ঘেঁষে ফুলবাগান রয়েছে। গ্রেনেড দুটি ফুলগাছের ভেতরে কে বা কারা রেখেছিল, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে বলে আশা করছি। বিমানবন্দর ঘিরে কোনো মহলের বড় কোনো নাশকতার ছক ছিল কিনা, তদন্ত শেষে হয়তো জানা যাবে। ঘটনার পর থেকে বিমানবন্দরের বাইরে ও ভেতরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির শনিবার দুপুরে জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো কিছু লেখা বা মার্কার ছিল না। ফলে বোঝা যাচ্ছে না সেগুলো কোন দেশের তৈরি। তদন্ত চলছে এবং জানার চেষ্টা করা হচ্ছে কীভাবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার কাছে গ্রেনেড রাখা হয়েছিল। বিভিন্নভাবে ঘটনাটি তদন্ত হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তাব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে, সেটি খুঁজে দেখা হচ্ছে। এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নগরীর বিভিন্ন প্রবেশদ্বার এবং জনাকীর্ণ চলাচলের পথগুলোতে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। আশা করি, এতে আগামীতে নগরীতে অপরাধী শনাক্ত ও অপরাধ প্রতিরোধ সহজ হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগেও রাজশাহী মহানগরীর অধিকাংশ সড়ক, ইন্টারসেকশন ও প্রবেশদ্বারে চার শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। ছিল উচ্চক্ষমতার সাইবার সেন্টার ও প্রশিক্ষিত জনবল। সাইবার সেন্টার থেকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ করা হতো গোটা নগরীর পথঘাটসহ গুরুত্বপূর্ণ সব এলাকা। কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং জুলাই গণআন্দোলনের সময় আরএমপির অধিকাংশ থানা আক্রান্ত হয়। পাশাপাশি সড়কে ও মোড়ে মোড়ে স্থাপিত সিসি ক্যামেরা নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে পুনরায় নগরীজুড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক জেদ্দায় ধর্মমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে, যদি কোনো দেশ তাদের জন্য বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হয় অথবা নির্ধারিত কোটা সম্পূর্ণভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সংশ্লিষ্ট দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ইতিবাচক আশ্বাস প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ তিনি দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম; সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন; জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন; কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

এই বৈঠকটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত

দীর্ঘ সাত বছর পর সংগীতশিল্পী ও গীতিকার জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’ প্রকাশিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ই এম কে সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রকের কিংবদন্তি শিল্পী হামিন আহমেদ এবং সংগীতশিল্পীর মা শাহরিয়া আখতার বুলু অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।

এই অ্যালবামটিতে মোট ৮টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। জয় শাহরিয়ার নিজেই সব গানে কণ্ঠ দিয়েছেন এবং গানগুলোর কথা ও সুর রচনা করেছেন।

আধুনিক শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামটি স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার ও স্বাধীন-এর মতো বিশ্বজোড়া ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। তবে ডিজিটাল মুক্তির পাশাপাশি বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের স্বাদ দিতে সিডি, ক্যাসেট এবং একটি আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করা হয়েছে।

নতুন অ্যালবাম নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সিডি-ক্যাসেট প্রকাশের ভাবনা নিয়ে এই শিল্পী আরও যোগ করেন, ‘এই ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ এই অ্যালবাম নতুন প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার আবারও বেড়েছে। আমি নিশ্চিত, আমাদের দেশেও এই সংস্কৃতি আবার ঘুরে দাঁড়াবে।’

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির সার্বিক সহযোগিতায় ছিল ‘আজব কারখানা’ এবং টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘এন স্টোরিজ’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%