ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সিঙারা-পুরির পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি, সেই তেলে জ্বালানির সম্ভাবনা


সিঙারা-পুরির পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি, সেই তেলে জ্বালানির সম্ভাবনা

বিকাল হলেই অলিগলিতে ভাজাপোড়ার দোকানের সামনে ভিড় জমে যায়। কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল, তার মধ্যে ছাড়া হচ্ছে পুরি, সিঙারা, সমুচা, পিয়াজু। গরম গরম মুখরোচক এই খাবারের ঘ্রাণে জিভে জল আসে অনেকেরই।

তবে, এই মুখরোচক খাবারের আড়ালে লুকিয়ে আছে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা। পোড়া তেল নামক এই তেলের ব্যবহার, যা সকাল থেকে রাত পর্যন্ত বারবার ভাজা হচ্ছে, কালো হয়ে ফেনা উঠছে, সেই তেলেই ভাজা হচ্ছে অনেকের প্রিয় খাবার সিঙারা-পুরি।

ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত একটি সেমিনারে বাংলাদেশে মুখরোচক খাবার তৈরিতে পোড়া তেলের ব্যাপক ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘মিট কার্নিভাল’, চলবে ২১ নভেম্বর পর্যন্ত

বিশেষজ্ঞদের মতে, বারবার ব্যবহৃত এই তেল কেবল পেটের সমস্যা সৃষ্টি করে না, বরং উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।

এছাড়া, সেমিনারে আশার কথা উঠে এসেছে। বলা হয়েছে, ফেলে দেওয়া পোড়া তেলই হতে পারে মূল্যবান সম্পদ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই তেল সংগ্রহ করে বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরি করা সম্ভব। এর ফলে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে অর্থনৈতিক সুফলও পাওয়া যাবে।

পোড়া তেল আসলে কী?

আরও পড়ুন: স্মৃতিশক্তি বৃদ্ধিতে ৫ খাবার পরামর্শ দিলেন ডা. সৌরভ শেঠি

ভোজ্যতেল একবার গরম করলেই তার রাসায়নিক গঠন পরিবর্তন হতে শুরু করে। বারবার গরম করলে সেই পরিবর্তন আরও ভয়াবহ হয়ে ওঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানাচ্ছেন, ভোজ্যতেলে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান রয়েছে, যা অয়েল গ্লিসাইড অবস্থায় বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অবস্থায় থাকে।

নির্দিষ্ট তাপমাত্রায় গরম হওয়ার ফলে ভোজ্যতেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিডের গঠন পরিবর্তন হয়ে ট্রান্স কনফিগারেশনে পরিণত হয়, যা ট্রান্স ফ্যাট উৎপন্ন করে।

‘এই ট্রান্স ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানবদেহে কার্ডিওভাসকুলার ডিজিজ হওয়ার শঙ্কা থাকে। যা হার্টের আর্টারি ব্লক করে,’ বলেন তিনি।

আরও পড়ুন: নীরব ঘাতক পলিসিস্টিক কিডনি রোগ: যেসব লক্ষণে সতর্ক হবেন

অনেক তাপমাত্রা দেওয়ার ফলে অ্যালডিহাইডের মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, যা শরীরের বিভিন্ন সেল বা কোষের সঙ্গে প্রতিক্রিয়া তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, বারবার তাপ প্রয়োগ বা দীর্ঘ সময় ধরে একই তেল ব্যবহার করে রান্না করলে রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে তেলের মধ্যে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো পরিবর্তিত হয়ে ক্ষতিকর উপাদানে পরিণত হয়।

স্বাস্থ্যঝুঁকি কতটা?

পোড়া তেল পুনরায় ব্যবহারের ফলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এটি অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া, স্ট্রোক, পারকিনসন, হৃদরোগ, এমনকি ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন: বিউটি ব্লগে আজকের সাজগোজ: ২০ হাজারেরও বেশি প্রোডাক্টের তথ্য

অতিরিক্ত তাপমাত্রায় একাধিকবার গরম করার ফলে তেলে ক্ষতিকর যৌগ তৈরি হয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পোড়া তেল ব্যবহারের সময় আগের রান্নার কিছু অদৃশ্য কণা সেই তেলে থেকে যায়। ফলে ফ্রেশ খাবার রান্না করলেও খাবারের স্বাদ এবং বিশেষ করে পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়।

‘ব্যবহৃত তেলে ফ্রি র‍্যাডিকাল তৈরি হয়, যা মানবদেহের কোষের ক্ষতি করে এবং বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করে,’ বলেন মি. শোয়েব।

পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে এটি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএফএসএ'র চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন: ২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক জোনাস

তিনি বলছেন, ‘হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়াতেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়া তেল ব্যবহার পরিহার করতে হবে।’

পোড়া তেল বা একাধিকবার ব্যবহৃত ভোজ্যতেল মানুষের শরীরে স্লো পয়জনিং বা ধীর বিষক্রিয়ার কাজ করে বলেই মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।

তিনি বলেন, দিনের পর দিন পোড়া তেলের খাবার খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।

‘ভোজ্যতেল একবার ব্যবহার করলে তেলের মধ্যে থাকা অক্সিজেন বেরিয়ে যায়। এর ফলে এই তেল সেবনে শরীরে রক্ত জমাট বেঁধে যায়। মানবদেহের হার্ট এবং ব্রেইনে এর প্রভাব পড়ে,’ বলেন তিনি।

আরও পড়ুন: শীতের আগে রাতে ত্বকের যত্নের ৪ উপায়

দীর্ঘদিন এই তেল ব্যবহারে মানবদেহের গুরুত্বপূর্ণ অনেক অঙ্গ নিষ্ক্রিয় হয়ে পড়ার শঙ্কা রয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।

‘পোড়া তেল রক্তের মধ্যে একটা বর্জ্য হিসেবে জমে যায়। দীর্ঘদিন এর ব্যবহারে রক্ত চলাচল কমে গিয়ে হার্ট ও ব্রেইনের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে ইনফেকশন এবং অচল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে,’ বলেন তিনি।

পোড়া তেল থেকে বায়োফুয়েল

পোড়া তেল নিয়ে নানা সংকটের মধ্যেই এ নিয়ে সম্ভাবনার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এই তেল ব্যবহার করে বায়োফুয়েল বা বায়োডিজেল উৎপাদনের বিষয়টিও সামনে আসছে তাদের আলোচনায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যবহৃত ভোজ্যতেল বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বায়োডিজেলে পরিণত করা সম্ভব। যা নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ব্যবহার করে প্রাকৃতিক দূষণ কমানো সম্ভব।

বাংলাদেশে রান্নার তেল সংগ্রহ করে তা থেকে বায়োডিজেল উৎপাদন করছে বেসরকারি প্রতিষ্ঠান বায়োটেক এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে যে পরিমাণ ভোজ্যতেল রেস্টুরেন্ট বা ভাজাপোড়ার দোকানে ব্যবহার করা হয়, তার মাত্র ৩০ শতাংশের মতো আবর্জনা হিসেবে সংগ্রহ করতে পারে তারা।

বর্তমানে দেশের অন্তত তিন হাজার প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করার কথা জানান বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ। তিনি বলেন, ‘যেসব দোকানে তরকারি এবং ডিপফ্রাই দুইটাই আছে, সেসব জায়গা থেকে এক ফোঁটা তেলও আসে না। পরোটার জন্য যে খামি তৈরি করা হয়, সেখানে আসলে এই ব্যবহৃত তেলগুলো দিয়ে দেওয়া হয়।’

অর্থাৎ, একবার ভাজার পর যে তেল বেঁচে যায়, তা ফেলে না দিয়ে আবার পরোটার খামিতে কিংবা তরকারিতে ব্যবহার করা হয়।

কীভাবে তৈরি হয় বায়োফুয়েল?

বাংলাদেশে বায়োফুয়েল উৎপাদন এখনও বড় পরিসর লাভ করেনি। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।

বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ বলছেন, শুরুতে ব্যবহৃত ভোজ্যতেল সংগ্রহের ক্ষেত্রে খুব একটা সাড়া না পেলেও ২০১৯ সাল থেকে বাংলাদেশে এর পরিমাণ বেড়েছে।

‘শুরুতে পাঁচ টন তেল না পাওয়া গেলেও এখন আমরা মাসে একশ টন পর্যন্ত তেল সংগ্রহ করছি,’ বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানান, পোড়াতেলে ট্রাই গ্লিসারয়েড অবস্থায় বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, যা মিথানল (অ্যালকোহল) এর উপস্থিতিতে পরিবর্তন করে এস্টারে পরিণত করা হয়।

রসায়নের ভাষায়, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিডের এস্টারই হলো বায়োডিজেল বা বায়োফুয়েল।

বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসেবে ‘নরমাল যে ফুয়েল ব্যবহার করা হয়, সেখানে আলাদা আলাদা কম্পোজিশন আছে। এটাকেও একইভাবে বায়োডিজেল হিসেবে ব্যবহার করা যায়।’

সাধারণত যানবাহন চলাচলের জন্য যে জ্বালানি ব্যবহার করা হয়, তার তুলনায় বায়োফুয়েল ব্যবহার প্রকৃতির জন্য ভালো।

মি. শোয়েব বলছেন, ‘যেহেতু খাদ্যের তেলের মধ্যে কোনো সালফার নাই। ফলে এটা থেকে উৎপাদিত বায়োডিজেলেও সালফার থাকে না। ফলে সাধারণ ডিজেলের তুলনায় ৮০ শতাংশ কালো ধোঁয়া কম হয়।’

তবে, এই পদ্ধতিতে বায়োফুয়েল উৎপাদনের জন্য অবকাঠামো এবং প্রযুক্তিগত যে সক্ষমতা প্রয়োজন, সেটি বেশ ব্যয় সাপেক্ষ। কিন্তু জ্বালানির চাহিদা পূরণ এবং পরিবেশ দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের যে পরিকল্পনা বিশ্বব্যাপী নেওয়া হয়েছে, সেখানে ভালো বিকল্প হতে পারে বায়োফুয়েল।

‘আমাদের যেহেতু এখন জ্বালানি সংকট এবং সামনে আরও বেশি হবে। ফলে যদি আমরা উদ্ভাবনী উপায় হিসেবে বায়োফুয়েল উৎপাদন করতে পারি, এটা ভালো হবে,’ বলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির তুলনায় বায়োফুয়েল পরিবেশের ক্ষতি কমায়। এতে ইঞ্জিনের ক্ষতির পরিমাণও অনেক কম এবং কালো ধোঁয়া কম হয়।

মি. শোয়েবের ভাষ্য অনুযায়ী, ‘ব্যবহারের পর আবর্জনা হিসেবে যে তেল আমরা ফেলে দেই, সেটা ফেলে না দিয়ে নবায়নযোগ্য জ্বালানির মতো এটা আমরা ব্যবহার করতে পারি।’

আবদুল্লাহ আল হামিদ জানান, বাংলাদেশে বর্তমানে স্বল্প মাত্রায় বায়োফুয়েল উৎপাদন হচ্ছে, যার অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

‘ইউরোপের দেশগুলোতে এর চাহিদা আছে, কারণ তারা প্রকৃতিকে রক্ষা করতে চায়। আমাদের এখানে প্রকৃতির তুলনায় দাম নিয়েই চিন্তাটা বেশি,’ বলেন তিনি।

সূত্র: বিবিসি বাংলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরবপন্থী ইহুদি রাজনীতিকদের হত্যার বৈধতা দিলেন রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


আরবপন্থী ইহুদি রাজনীতিকদের হত্যার বৈধতা দিলেন রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড

ইসরাইলের হাইফা র‍্যাবাইনিক্যাল আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড, আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতা করা ইহুদি রাজনীতিকদের হত্যার বৈধতা দেওয়ার জন্য একটি ধর্মীয় ফতোয়া প্রদান করেছেন। তাঁর এই বক্তব্যের পর, হত্যায় উসকানির অভিযোগে তদন্তের দাবি জানিয়েছেন দেশটির সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা।

জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী, ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের মাধ্যমে জানা যায় যে, অ্যাক্সেলরড একটি হাতে লেখা চিঠিতে ইহুদি ধর্মীয় আইনের ‘দিন রোদেফ’ নীতি আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা করা রাজনীতিকদের ক্ষেত্রে প্রয়োগের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সরকারের মধ্যে আরব দলগুলোর অংশগ্রহণ বা তাদের বাইরে থেকে সমর্থন নেওয়া ইসরাইলের জনগণের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি করতে পারে।

হিব্রু শব্দ ‘রোদেফ’-এর অর্থ হলো পিছু ধাবনকারী বা আক্রমণকারী। ইহুদি ধর্মীয় আইনের এই নীতি অনুসারে, যদি কেউ অন্যের জীবন বিপন্ন করে, তবে আক্রান্ত ব্যক্তিকে রক্ষার জন্য আক্রমণকারীকে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে থামানো যেতে পারে। কিন্তু অ্যাক্সেলরডের বক্তব্যে এই নীতি রাজনৈতিক সহযোগিতাকারী নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে প্রয়োগের কথা বলা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে, ইসরাইলের সাবেক নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের একটি দল পুলিশের তদন্ত বিভাগের প্রধানের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা অ্যাক্সেলরডকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের দাবি জানিয়েছেন। এতে সতর্ক করা হয়েছে যে, তাঁর বক্তব্য সহিংসতায় উসকানি দিতে পারে এবং দেশটিতে আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের আশঙ্কা সৃষ্টি করতে পারে। চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে শিন বেতের সাবেক প্রধান কারমি গিলন, আমি আয়ালন, এবং মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতোম ও তামির পারদো রয়েছেন।

জয়েন্ট লিস্টের সংসদ সদস্য ওফের কাসিফও অ্যাক্সেলরডের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি করেছেন। তিনি মনে করেন, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নির্বাচিত জনপ্রতিনিধিদের হত্যার হুমকি বা উসকানি দেওয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

অন্যদিকে, অ্যাক্সেলরডের বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে চাবাদ-লুবাভিচ আন্দোলন। সংগঠনটির মুখপাত্র জানিয়েছেন, অ্যাক্সেলরডের চিঠিটি তাঁর ব্যক্তিগত মতামত; এটি সংগঠনের আনুষ্ঠানিক ধর্মীয় অবস্থান নয়।

১৯৯৫ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিন হত্যাকাণ্ডের আগে উগ্রপন্থীদের কেউ কেউ ‘দিন রোদেফ’ নীতির উল্লেখ করেছিলেন। পরবর্তীতে আততায়ী ইয়িগাল আমির রবিনকে গুলি করে হত্যা করেন।

এদিকে, ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলান সরকারে আরব দলগুলোর অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন। অপরদিকে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট নির্দিষ্ট শর্ত পূরণকারী দলগুলোকে জোটে নেওয়ার কথা বলেছেন। মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ২০২১-২২ সালে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের সরকারে অংশ নিয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় ১৭ বাইসাইকেলসহ মো. মনির হোসেন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


উত্তরায় ১৭ বাইসাইকেলসহ মো. মনির হোসেন গ্রেফতার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি অভিযানে মো. মনির হোসেন (৪০) নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যার কাছে ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটের সময় উত্তরা ১৪নং সেক্টরের ১৩নং রোডের পাশে ৮ নম্বর বাসার নিচতলার পার্কিং এরিয়া থেকে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই (নিরস্ত্র) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া মনির হোসেনের পিতার নাম মৃত সুরুজ মিয়া এবং তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার গুচ্ছি এলাকায় অবস্থিত। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণখানের ফরিদ মার্কেট এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, আসামির হেফাজত থেকে উদ্ধারকৃত বাইসাইকেলগুলোর মধ্যে ফিনিক্স, আকিজ, রিফ্লেক্স, কোর, ড্রোন, হিরো, প্রিন্স, পেলিক্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি বাইসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পেনাল কোডের ৪১৩ ধারায় একটি মামলা (এফআইআর নং-১৬) দায়ের করা হয়েছে। বর্তমানে আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে মুক্তিপণ দিয়েও লিবিয়ায় জিম্মি ছেলের খোঁজ মেলেনি, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


দেশে মুক্তিপণ দিয়েও লিবিয়ায় জিম্মি ছেলের খোঁজ মেলেনি, গ্রেফতার ২

সিআইডি লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মনোয়ার হোসেন (৪০) এবং সোহেল রানা (৪৫), যাদের বৃহস্পতিবার (১২ নভেম্বর) নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে আটক করা হয়।

তদন্তের মাধ্যমে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদের (৭০) ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি দেন, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায়। কিন্তু সেখানে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়ে পড়েন।

গত বছরের আগস্টে, লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয় যে, সাইফুলকে জিম্মি করা হয়েছে। অপহরণকারীরা জানায়, তাকে জীবিত ফেরত পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। তারা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলা যাবে না।

সাইফুলের পরিবার সন্তানের জীবন রক্ষার জন্য বিভিন্ন সময়ে বামনডাঙ্গার একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক মোবাইল নম্বরে মোট ৫ লাখ টাকা পাঠায়। তাদের প্রত্যাশা ছিল, টাকা পরিশোধের পর অন্তত ছেলের সঙ্গে কথা বলা যাবে এবং তাকে ফিরে পাওয়ার পথ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করায়নি।

পরে সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে অন্য একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের জন্য আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের ব্যক্তিদের কাছে সাইফুল আটক রয়েছে এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির একটি দল অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া বাজার থেকে মো. মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায় এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধার করা সম্ভব হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বলেন, "বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সিআইডি বদ্ধপরিকর।" তিনি সকলকে বিশেষভাবে অনুরোধ করেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আইনমন্ত্রী বলেন, "বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে।"

তিনি আরও বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের জনগণকে এখনও চিনতে পারেননি। আইনমন্ত্রী উল্লেখ করেন, "বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।"

আইনমন্ত্রী সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, "বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।"

মন্ত্রী গণমাধ্যমকে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, "শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।"

আসাদুজ্জামান বলেন, "ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারবো, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।"

আইনমন্ত্রী সাংবাদিকদের অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, "সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।"

আইনমন্ত্রী বলেন, "সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।"

ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, "মতভেদ ভুলে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। কারও নেতৃত্ব বা পদ না থাকার কারণে সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।"

তিনি ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনেরও আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%