ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক জোনাস


২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক জোনাস

মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস টাইপ-১ ডায়াবেটিস নিয়ে ২১ বছর ধরে জীবনযাপন করছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে, রোগটি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতি সপ্তাহে তাকে অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত নিতে হয়। রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করা, খাবারের কার্বোহাইড্রেট হিসাব করা এবং ইনসুলিনের ডোজ নির্ধারণ করা—এই সবকিছুই তার দৈনন্দিন জীবনের অংশ। অনেক কিছুই বাইরের দৃষ্টিতে অন্যদের চোখে পড়ে না।

জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে, ডেক্সকমের ‘এ লেটার টু ডায়াবেটিস’ প্রচারণার মাধ্যমে নিক জোনাস তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিবছর ১৪ নভেম্বর পালন করা হয়। সেখানে তিনি ২১ বছরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই রোগের সঙ্গে তার সম্পর্ক কেমন এবং প্রতিদিন কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

টাইপ-১ ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ, যা টাইপ-২ ডায়াবেটিস থেকে ভিন্ন। টাইপ-২ ডায়াবেটিস সাধারণত ধীরে ধীরে দেখা দেয়, কিন্তু টাইপ-১ ডায়াবেটিস দ্রুত বিকশিত হতে পারে।

আরও পড়ুন: শীতের আগে রাতে ত্বকের যত্নের ৪ উপায়

নিক ২০২৫ সালের জুলাইয়ে পেন ব্যাজলির ‘পডক্রাশড’ পডকাস্টে নিজের রোগ শনাক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, তখন তার শরীর ভালো লাগছিল না এবং দ্রুত ওজন কমছিল। তবে টাইপ-১ ডায়াবেটিস সম্পর্কে যথেষ্ট তথ্য ও সচেতনতার অভাবে শুরুতে বিষয়টি বুঝতে পারেননি।

ডেক্সকমের প্রচারণায় লেখা খোলা চিঠিতে নিক উল্লেখ করেন, প্রতি কয়েক মিনিট পরপর তাকে ফোনে রক্তের গ্লুকোজের মাত্রা দেখতে হয়। খাবারের আগে ইনসুলিন পাম্প ব্যবহার করে প্রয়োজনীয় ইনসুলিন নিতে হয়। তার ভাষায়, প্রতি সপ্তাহে এমন শত শত ছোট সিদ্ধান্ত নিতে হয়, যা অধিকাংশ মানুষ খেয়ালই করেন না।

রোগটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সব সময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকে না। কখনো রক্তে শর্করার মাত্রা অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়। এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে, জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

নিক জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় নিজেকে বিচ্ছিন্ন মনে হতো। তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে খোলাখুলি কথা বলা এবং একই রোগে আক্রান্ত মানুষের সঙ্গে পরিচয়ের পর তিনি নিজের জন্য একটি সম্প্রদায় খুঁজে পান।

আরও পড়ুন: পেট ফাঁপা ও গ্যাসের অস্বস্তি কমাতে সহায়ক খাবার ও মসলা

তিনি বলেন, নিজের গল্প বলার উদ্দেশ্য কখনোই নিজেকে অসহায় হিসেবে তুলে ধরা নয়। বরং ১৩ বছর বয়সে সদ্য ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভীত অবস্থায় থাকা কোনো কিশোর যেন তাকে দেখে স্বপ্ন পূরণের সাহস পায়, সেটিই তার লক্ষ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশের বেশি মানুষ জানেন না যে তাদের এ রোগ রয়েছে। সময়মতো রোগ শনাক্ত না হলে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।

ডব্লিউএইচওর মতে, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি এবং ঝাপসা দৃষ্টিশক্তি ডায়াবেটিসের সাধারণ লক্ষণ। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিস দ্রুত বিকশিত হতে পারে, তাই এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২১ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে নিক বলেন, অপ্রত্যাশিত এই রোগ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছে, যা তিনি কখনো চাননি। তবু নিজের অভিজ্ঞতা তুলে ধরে যেতে চান তিনি, যাতে একই পরিস্থিতিতে থাকা কেউ নিজেকে একা মনে না করেন।

আরও পড়ুন: ১১ নভেম্বর: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

অভিজ্ঞতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: রং চা ওজন কমাতে সাহায্য করে না, তবে স্বাস্থ্যকর জীবনযাপনে উপকারী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নিম্নমানের উড়োজাহাজ ও সেবা

বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের নির্দেশনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


বিদেশি এয়ারলাইন্সগুলোকে বেবিচকের নির্দেশনা প্রদান

বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, উড়োজাহাজের ধরন ও বিমান ভাড়া নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে।

আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ রুটে।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এ নির্দেশনা প্রদান করা হয়।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কিছু ক্ষেত্রে কেবিনের বিভিন্ন অংশ যেমন আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিল অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে, প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের পূর্বে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে বেবিচক। যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে আরও দেখা গেছে, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা প্রদান করছে। এ ধরনের বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ রুটেও উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন মানসম্মত উড়োজাহাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীসেবার মান বজায় রাখার বিষয়ে বেবিচক কঠোর অবস্থান নিয়েছে। অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়া হয়, বাংলাদেশ রুটেও একই মানের সেবা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীসেবায় কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এই অবস্থায়, রুটের দূরত্ব ও যাত্রীসেবার মান বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য এয়ারলাইন্স অপারেটরদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, মানসম্মত উড়োজাহাজ পরিচালনা, যৌক্তিক বিমান ভাড়া এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ের জন্য বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুতুবদিয়ায় পৃথক ঘটনায় তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


কুতুবদিয়ায় পৃথক ঘটনায় তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুটি ঘটনায় একদিনে তিনটি শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এই দুর্ঘটনাগুলি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ায় বাড়ির পাশে অবস্থিত পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নেজাম উদ্দিনের ৮ বছর বয়সি কন্যা আলিফা এবং খোকনের ৪ বছর বয়সি কন্যা রাইসা মনি। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত ঘোষণা করেন।

রাইসা মনির নানা মোহাম্মদ হোছাইন জানান, রাইসা এক সপ্তাহ আগে কৈয়ারবিলের বিন্দাপাড়া থেকে বেড়াতে তার বাড়িতে আসে। বিকেলে তার খালা-ভাগনি আলিফা ও রাইসা একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

এদিকে, একই দিনে সকাল ১১টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে পুকুরে ডুবে মাহমুদুল হকের দুই বছর বয়সি কন্যা ফাইজার মৃত্যু ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, একই দিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্য যাচাই করার পর মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের পারিবারিকভাবে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

একদিনে তিন শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬১ বছরেও ফিট থাকার রহস্য প্রকাশ করলেন শাহরুখ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


৬১ বছরেও ফিট থাকার রহস্য প্রকাশ করলেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান ৬১ বছর বয়সেও শরীরচর্চা ও ফিটনেস বজায় রেখে ভক্তদের চমকে দিচ্ছেন। পর্দায় একের পর এক অ্যাকশন দৃশ্য, পেশিবহুল শরীর এবং দীর্ঘ শুটিংয়ের ব্যস্ততার মাঝে কীভাবে তিনি নিজেকে ফিট রাখেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে।

এই অভিনেতা ২ নভেম্বর ৬১ বছরে পা রেখেছেন। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসা ফিটনেসের অভ্যাসগুলো নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

দিনে একবেলা খাবার

শাহরুখের খাদ্যাভ্যাসের একটি উল্লেখযোগ্য দিক হলো, তিনি দিনে একবার খাবার খেতে অভ্যস্ত। ২০২৪ সালে ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাধারণত তিনি দিনে একবারই খাবার খান। তবে এটি কোনো বিশেষ ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতির জন্য নয়; বরং এটি তার ব্যক্তিগত অভ্যাস।

তার খাদ্য তালিকায় রয়েছে অঙ্কুরিত শস্য, গ্রিলড চিকেন, ব্রকলি এবং সামান্য ডাল। সাধারণ ও পরিচিত খাবারই তার পছন্দ। তবে এর মানে এই নয় যে তিনি পছন্দের খাবার থেকে নিজেকে দূরে রাখেন। অন্যের বাড়িতে গেলে তিনি বিরিয়ানি, রুটি, পরোটা, ঘি দিয়ে তৈরি খাবার এবং লাচ্ছি উপভোগ করেন।

জিমে মাত্র ৩০ মিনিট

শরীরচর্চার জন্য শাহরুখ দীর্ঘ সময় ব্যয় করেন না। ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৩০ মিনিট ব্যায়াম করেন। এমনকি গভীর রাতে শুটিং শেষে বাড়ি ফিরে তিনি ব্যায়ামের জন্য সময় বের করেন।

তার ব্যক্তিগত প্রশিক্ষক প্রশান্ত সাওয়ান্ত ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানান, সাধারণত তাদের ব্যায়ামের সেশন ৪৫ মিনিটের মতো হয়। সপ্তাহে চার থেকে পাঁচ দিন শরীরের বিভিন্ন অংশের পেশির উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যায়ামের পাশাপাশি শাহরুখ খেলাধুলাও উপভোগ করেন।

মহামারির সময় ফিটনেসে মনোযোগ

করোনাকালে কাজের ব্যস্ততা কমে যাওয়ায় শরীরচর্চায় বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পান শাহরুখ। সে সময় তিনি নিয়মিত ব্যায়াম শুরু করেন এবং শরীর গঠনে মনোযোগী হন। পরবর্তী সময়ে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় তার পেশিবহুল শরীর ও অ্যাকশন দৃশ্য দর্শকদের নজর কাড়ে।

ঘুমের অভ্যাসেও পরিবর্তন

২০২৪ সালে শাহরুখ জানিয়েছিলেন, সাধারণত ভোর ৫টার দিকে ঘুমাতে যেতেন তিনি। শুটিং শেষে রাত ২টার দিকে বাড়ি ফিরে ব্যায়াম করেও ঘুমাতে যেতেন। তবে ২০২৫ সালের ডিসেম্বরে দুবাইয়ের এক অনুষ্ঠানে তিনি জানান, এখন পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন। শরীরচর্চার পর পেশির পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন বলে ঘুমের সময় বাড়াতে চান তিনি।

তবে বিশেষজ্ঞদের সাধারণ পরামর্শ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো প্রয়োজন। তাই শাহরুখের ব্যস্ত সময়সূচি বা কম ঘুমের অভ্যাস অনুসরণ করা উচিত নয়।

ফিটনেসের সঙ্গে অভিনয়ের যোগ

শাহরুখের শরীর গঠনের আগ্রহের পেছনে রয়েছে অ্যাকশন হিরো হওয়ার স্বপ্ন। তার বিভিন্ন সিনেমার চরিত্র অনুযায়ী ব্যায়ামের ধরনেও পরিবর্তন আসে। প্রশিক্ষক সাওয়ান্তের মতে, প্রায় দুই দশক ধরে শৃঙ্খলার সঙ্গে শরীরচর্চা করে আসছেন এই অভিনেতা। চোটের বিষয়টি বিবেচনায় রেখে ব্যায়াম ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াতেও গুরুত্ব দেওয়া হয়।

সব মিলিয়ে শাহরুখের ফিটনেসের মূলমন্ত্র হলো ধারাবাহিকতা। ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করা, নিয়মিত ব্যায়াম এবং খাবারের বিষয়ে সচেতন থাকা তার দীর্ঘদিন ধরে ফিট থাকার অভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে তার ব্যক্তিগত খাদ্যাভ্যাস সবার জন্য উপযোগী নাও হতে পারে।

সূত্র: নিউজ ১৮

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাংলাদেশ খেলাফত আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: বাংলাদেশ খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রূহী মন্তব্য করেছেন, “সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার অনুসারীদের বিরুদ্ধে অগ্নি সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘিত করার অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ধ্বংসের মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না। ফ্যাসিস্টদের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য রুখতে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেছেন যে, শেখ হাসিনা বিদেশে অবস্থান করে তার অনুসারীদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন।

মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রূহী আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যথাযথভাবে বিচারের আওতায় না আনার কারণেই তারা আবারও সাহস পাচ্ছে। বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের পারস্পরিক যোগসাজশ, টেন্ডারবাজি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

সরকারের খামখেয়ালিপনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে ব্যর্থতা এবং গোয়েন্দা সংস্থাগুলোর উদাসীনতার কারণে অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অগ্নিসন্ত্রাস ও দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মোস্তফা জিহাদী, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ বীন ইয়ামিন, কারী আরিফ বিল্লাহ, মাওলানা আবু বকর, হাফেজ আবু হানিফ, মাওলানা মোতালিব ও মাহমুদুল হাসান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রূহী আরও বলেন, “ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিহত করতে ইসলামী দলগুলোকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থ, জনগণের নিরাপত্তা এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামী শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্রই সফল হবেনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%