০৫:৪৭ পি.এম
ইরান দেশের বাইরে সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও যেতে দেবে না। একই সঙ্গে, ইসলামি প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তাহলে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
লেবাননের ইরানপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিন টেলিভিশনের সঙ্গে একটি সাক্ষাৎকারে রেজায়ি এসব মন্তব্য করেন।
এর আগে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নাকচ করে দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে একটি সমঝোতার সুর দেখা যাচ্ছে।
আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
রেজায়ি বলেন, ‘বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা নেই। যুক্তরাষ্ট্র যদি নতুন হামলা চালায়, তাহলে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে।’
গত মে মাসে, ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে, অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে ৬০ শতাংশ মাত্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এই পরিমাণ বেসামরিক পারমাণবিক জ্বালানির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তবে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। কিন্তু তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি
ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের যেকোনো আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে।
তবে, রয়টার্সকে গত সপ্তাহে দেয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে, আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ করতে হবে। শর্তগুলো পূরণ হলেই কেবল প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে রাজি হবে ইরান।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: ইমরান খানের সাথে সাক্ষাত না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পিটিআইয়ের
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন