ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা


শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬) চিহ্নিত করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

স্থানীয় সূত্র এবং মামলার এজাহার থেকে জানা যায়, হাসিব আল ইসলাম তার স্ত্রীসহ শ্রীমঙ্গলের রাধানগর এলাকার ‘বালিশিরা রিসোর্টে’ অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় গন্তব্যের দিকে যাওয়ার সময় তাদের পথরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল।

হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করে এবং দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলার সময় চাপাতির কোপ ঠেকাতে গিয়ে হাসিবের বাম হাতের কব্জির নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঘটে যাওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর ফ্লাইওভার ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় সড়কে ছিটকে পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। তবে, তাদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে তিনজন গাজীপুরা থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। সফিপুর ফ্লাইওভারের ওপর পৌঁছানোর পর, পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছে। খবর পেয়ে নিহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে, যা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রযোজ্য। তবে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এই নির্দেশনাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (১১ নভেম্বর) এই নীতিমালা জারি করেছে।

নীতিমালার আওতায়, প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর জন্য অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।

নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। সেই অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার ৮০ শতাংশ কোটা সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়কে ভর্তি কার্যক্রম শুরুর আগে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেই এলাকাই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটিতে আবেদনের সুযোগ পাবে।

ভর্তিতে কয়েকটি শ্রেণির জন্য কোটা সংরক্ষণের নির্দেশনাও রয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এসব কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে আসনগুলো সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে। মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন কর্মস্থলের নিকটবর্তী সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

নীতিমালায় ভর্তি ফরমের মূল্য ও ভর্তি ফি নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে। সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

ভর্তি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। তবে, নীতিমালা অমান্য করে কোনো অবস্থাতেই নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিকের বিদায় আসন্ন, ম্যানইউর কোচ হতে আলোচনা চলছে পচেত্তিনোর সাথে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ক্যারিকের বিদায় আসন্ন, ম্যানইউর কোচ হতে আলোচনা চলছে পচেত্তিনোর সাথে

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং ক্লাবটি মরিসিও পচেত্তিনোর সঙ্গে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা শুরু করেছে। এই সপ্তাহের মধ্যে ক্যারিককে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ পচেত্তিনোকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা, ফুটবল পরিচালক জেসন উইলকক্স এবং সহমালিক স্যার জিম র‍্যাটক্লিফ বুধবার মোনাকোয় বৈঠকে বসার পরিকল্পনা করেছেন। যদিও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিয়মিত বৈঠক হচ্ছে, তবে এবারের আলোচনার মূল বিষয় হলো ক্যারিকের ভবিষ্যৎ। বেরাদা এবং উইলকক্সের সুপারিশ অনুযায়ী ক্যারিককে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রিমিয়ার লিগে ইউনাইটেডের অবস্থা বর্তমানে খুবই খারাপ। প্রথম ১০ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। আগস্টের পর থেকে তারা আর কোনো ম্যাচ জিততে পারেনি। ১৮তম স্থানে থাকা ইউনাইটেড এখন অবনমন অঞ্চলে রয়েছে। শীর্ষ লিগে মৌসুমের প্রথম ১০ ম্যাচ শেষে এটি ১৯৮৬-৮৭ মৌসুমের পর ক্লাবটির সর্বনিম্ন অবস্থান।

পচেত্তিনোকে এর আগে তিনবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার প্রস্তাবের আলোচনায় বিবেচনা করা হয়েছিল। ২০১৮ সালে হোসে মরিনিওর বিদায়ের পর, ২০২২ সালে এরিক টেন হাগকে নিয়োগের আগে এবং ২০২৪ সালে টেন হাগের বিদায়ের পর ক্লাবটি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। এবার সেই আগ্রহ বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

পচেত্তিনো সম্পর্কে কিছু তথ্য, কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা

১৯৭২ সালের ২ মার্চ আর্জেন্টিনার মারফি শহরে জন্মগ্রহণ করেন পচেত্তিনো। খেলোয়াড়ি জীবনে তিনি সেন্টারব্যাক হিসেবে পরিচিত ছিলেন। আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজ দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে তিনি স্পেনের এসপানিওল, ফ্রান্সের পিএসজি ও বোর্দোর হয়ে খেলেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং ২০০২ বিশ্বকাপে খেলেছেন।

২০০৯ সালে এসপানিওলের কোচ হিসেবে তাঁর ম্যানেজারিয়াল ক্যারিয়ার শুরু হয়। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে ইংলিশ ক্লাব সাউদাম্পটনের দায়িত্ব নেন। সেখানে ২০১৩-১৪ মৌসুমে দলকে প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে নিয়ে যান, যা ছিল এক দশকের মধ্যে ক্লাবটির সেরা লিগ অবস্থান।

২০১৪ সালে টটেনহাম হটস্পারের দায়িত্ব নিয়ে তিনি ইউরোপের অন্যতম আলোচিত কোচ হিসেবে প্রতিষ্ঠিত হন। তাঁর অধীনে ২০১৬-১৭ মৌসুমে টটেনহাম প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়। ২০১৮-১৯ মৌসুমে দলকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যান, যদিও ফাইনালে লিভারপুলের কাছে ২-০ গোলে হারেন। ২০১৯ সালের নভেম্বরে টটেনহাম ছাড়েন তিনি।

২০২১ সালের জানুয়ারিতে প্যারিস সেন্ট জার্মেইয়ের দায়িত্ব গ্রহণ করেন পচেত্তিনো। তাঁর অধীনে ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জয়ের পাশাপাশি ২০২১-২২ মৌসুমে লিগ আঁ শিরোপা জেতে পিএসজি। প্যারিসের ক্লাবে লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদেরও কোচিং করেছেন তিনি।

২০২৩-২৪ মৌসুমে চেলসির দায়িত্ব নিয়ে আবারও প্রিমিয়ার লিগে ফিরে আসেন এই আর্জেন্টাইন কোচ। তাঁর অধীনে চেলসি লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করে এবং লিগ কাপের ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনালে ওঠে। ২০২৪ সালের মে মাসে চেলসি ছাড়েন তিনি।

এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন পচেত্তিনো। ২০২৬ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে শেষ ষোলোতে পৌঁছানোর জন্য তিনি কাজ করেন। বিশ্বকাপের পর গত আগস্টে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি নবায়ন করে ২০৩০ সাল পর্যন্ত দায়িত্বে থাকার সম্মতি দেন পচেত্তিনো। ফলে ইউনাইটেডকে তাঁকে পেতে হলে চুক্তির শর্ত অনুযায়ী ছাড়পত্র নিতে হবে। বিবিসির তথ্য অনুযায়ী, তাঁর চুক্তিতে ১০ মিলিয়ন ডলারের রিলিজ ক্লজ রয়েছে।

আগামী সপ্তাহে হাইতির বিরুদ্ধে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকার কথা পচেত্তিনোর। এর মধ্যেই ইউনাইটেডের সঙ্গে আলোচনা কতদূর এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলনের মাঠে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ২২ বছরের হোনসোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


অনুশীলনের মাঠে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ২২ বছরের হোনসোর

ফ্রান্সের ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনুশীলনের সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২২ বছর বয়সী ফুটবলার ওয়ানিস হোনসোর মারা গেছেন। তিনি ফরাসি ক্লাব সাঁ-দেনির হয়ে অনুশীলন করছিলেন। সাবেক ক্লাব এফসি রুয়েন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ক্লাবটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অনুশীলনের সময় হঠাৎ করে হোনসোরের হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে চিকিৎসাকর্মীরা পৌঁছান। তাঁকে বাঁচানোর জন্য পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

হোনসোরের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল রুয়েনের যুব একাডেমিতে। সেখানে তিনি ক্লাবটির বিভিন্ন বয়সভিত্তিক দলে লাল-সাদা জার্সিতে খেলেছেন। পরে তিনি রিজার্ভ দলেরও সদস্য হন। ২০২৩-২৪ মৌসুমে রুয়েনের মূল দলের হয়ে ফরাসি প্রতিযোগিতায় তিনটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এই তরুণ ফুটবলার। এর মধ্যে ক্লাবটির ঘরের মাঠ স্তাদ দিয়োশঁতে একটি গোলও করেছিলেন তিনি।

হোনসোরের আকস্মিক মৃত্যুতে রুয়েন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি এক বিবৃতিতে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকেরাও এই তরুণ ফুটবলারকে হারানোর শোক প্রকাশ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%