০৪:৪০ পি.এম
আসিফ মাহমুদ তপু
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের সুইমিংপুলের নীল জলরাশিতে রাফি যেন হয়ে উঠেছিলেন অদম্য। তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠার ক্ষমতা কারোর ছিল না। নিজেকে যেন তিনি নিজেই চ্যালেঞ্জ করছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা সাঁতারুর খেতাব অর্জন করেছেন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। রাজবাড়ীর এই তরুণ তুর্কি টানা চতুর্থবারের মতো জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হলেন।
রাফি জানান, গত দুই বছর থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণের ফলে তার পারফরমেন্সের উন্নতি ঘটেছে। তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের স্বপ্ন দেখছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডেতে নিজেদের ইতিহাসসেরা অবস্থানে আফগানিস্তান
বাসসের সাথে আলাপকালে ২২ বছর বয়সি রাফি বলেন, ‘২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলতে চাই। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে আমি স্বপ্ন দেখছি। এজন্য পারফরমেন্সের আরও উন্নতি করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এজন্য পরিশ্রম ও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নিজেকে তৈরি করছি।’
রাফি জানান, ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করা তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা অর্জন। তিনি বলেন, ‘২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করাই এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে বড় অর্জন। তখন আমি এখনকার মত এত ইভেন্টে আধিপত্য করতে পারতাম না। এখন আস্তে আস্তে ভালো করছি। অলিম্পিকে অংশ নেবার স্বপ্ন প্রতিটি ক্রীড়াবিদেরই থাকে, বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে অংশ নেয়া এবং সেখানে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। এরপর থাইল্যান্ডের সাউথ এশিয়ান গেমসে যে রেকর্ড করলাম, সেটাও আমাদের বিশেষ প্রাপ্তি। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সাউথ এশিয়ান রেকর্ড করেছি। এই সাফল্য আমাকে অনুপ্রেরণা দিচ্ছে।’
৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় রাফি মোট ৭টি স্বর্ণপদক জিতেছেন। এর মধ্যে ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। ৫০ মিটার ব্যাকস্ট্রোক, ৫০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪০০ মিটার মিক্সড মিডলে রিলে’তে রেকর্ড গড়েন রাফি।
পারফরমেন্সের উন্নতির পেছনে রহস্য জানাতে গিয়ে রাফি বলেন, ‘আমি বিগত দুই বছর থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছি। পারফরমেন্স ভালো হওয়ায়, থাইল্যান্ড থেকে ফ্রান্সে ট্রেনিং করার সুযোগ পাই। ফ্রান্সে বিশ্ব মানের অনেক সাঁতারু আছে। সেখানে তাদের সাথে প্রশিক্ষণ নিয়েছি। সেখানে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। অভিজ্ঞতা হয়েছে, যা প্রতি মুহূর্তে কাজে লাগাতে পারছি।’
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের সম্ভাবনা দেখছেন সাবেক কোচ টেন হ্যাগ
৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৫.৮১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন রাফি। আগের রেকর্ডটিও তার ছিল, ২০২৫ সালের আসরে ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। এবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকের পারফরমেন্স দেখে নিজেই অবাক হয়েছেন রাফি, ‘৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক আমার প্রিয় ইভেন্ট, সেখানে আমি স্বর্ণপদক পেয়েছি। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে যে টাইমটা হয়েছে এটা আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল, আশা করিনি যে, এত ভালো টাইম হবে। এমন ফলাফল দেখে আমি প্রথমে অবাক হয়েছি। তবে আমার খুব খুশি লাগছিল। আমি বিশ্বাস করি এই ফলাফল আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমার পারফরমেন্সে উন্নতি হয়েছে এবং এটি আমার জন্য ইতিবাচক দিক। সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রবল ইচ্ছা আছে সেটা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।’
মাত্র আট বছর বয়সে সড়ক দূর্ঘটনায় বাবাকে হারান রাফি। ২০১৬ সালে সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় ‘সেরা সাঁতারুর খোঁজ’-এ অংশ নিয়ে মূল পর্যায়ে খেলার সুযোগ পান তিনি। সাঁতার ফেডারেশনের ক্যাম্পে নিজের জাত চেনান রাফি।
তিনি বলেন, ‘গ্রামে মাত্র তিন বছর বয়সে প্রথম সাঁতার শিখেছি। ২০১৬ সালে ‘সেরা সাঁতারুর খোঁজে’র মাধ্যমে আমি প্রথম প্রতিযোগিতামূলক পর্যায়ে এসেছি। আমি যখন সাঁতারে আসি, তখন বুঝার চেষ্টা করি, তখন থেকেই ইচ্ছা জাগে দেশের মধ্যে সেরা সাঁতারু হবো। নৌবাহিনী হচ্ছে অনেক সাঁতারুর কাছে আইকনিক দল। সেই সুবাদে নৌবাহিনীতে যোগ দেই।’
রাফি তরুণদের সাঁতারে এগিয়ে আসার পরামর্শও দিয়েছেন। এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে গ্রাম-গঞ্জে অনেক ছোট বয়স থেকেই সবাই খেলার ছলে বা আনন্দ মজা করতে করতে সাঁতার শুরু করে। কিন্তু পেশাগতভাবে আমরা অনেক দেরিতে সাঁতার শুরু করি। কিন্তু বিদেশে ছোটবেলা থেকেই সাঁতারকে পেশা হিসেবে নিয়ে একজন সাঁতারু সেভাবেই নিজেকে তৈরী করেন। তাদের অভিভাবকরা সাঁতার নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকে। সন্তানদের অনেক বেশি উৎসাহ দেয়। আমি মনে করি, আমাদের দেশে যদি অভিভাবকরা উৎসাহ দেয়, তাহলে অনেক সাঁতারু পাওয়া যাবে, যা দেশের জন্য ভালো হবে।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের জন্য টনি ডি জর্জিকে ফিরিয়ে দল ঘোষণা
ডিসেম্বরে চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড অ্যাকুংয়াটিক্স সুইমিং চ্যাম্পিয়নশিপ (২৫ মিটার) অনুষ্ঠিত হবে। বৈশ্বিক আসরের ১৮তম সংস্করণে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সেমিফাইনালে খেলার লক্ষ্য রাফির।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন