প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : ইনজুরির কারণে নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের বিপক্ষে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
গত সেপ্টেম্বরে অকল্যান্ডে বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে রবীন্দ্র ডান কাঁধে আঘাত পান। তার ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়ে যায়। এই ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারেননি। ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট না হওয়ায় রবীন্দ্র ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়লেন।
অন্যদিকে, চ্যাপম্যানের হ্যামস্ট্রিংয়ে ইনজুরি ধরা পড়েছে এমআরআই স্ক্যানে। সম্পূর্ণভাবে সুস্থ হতে তার দুই সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার মন্তব্য করেছেন, ‘রবীন্দ্র ও চাপম্যান দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে তাদের না খেলা সত্যিই দুর্ভাগ্যজনক।’
তিনি আরও বলেন, ‘চ্যাপম্যান সিরিজ থেকে বাদ পড়ায় হতাশ। সে দ্রুত মাঠে ফিরতে চায়। অন্যদিকে, রবীন্দ্র এখনও স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করার অবস্থায় পৌঁছাতে পারেননি। রবীন্দ্র এ মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরবেন।’
রবীন্দ্র ও চাপম্যানের বাদ পড়ার ফলে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্ট খেলবেন। প্রথমে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছিল।
এছাড়াও, ঘরোয়া প্রতিযোগিতায় ক্যান্টারবুরির হয়ে অসাধারণ পারফরমেন্সের কারণে ব্যাটার হেনরি নিকোলস ওয়ানডে দলে ডাক পেয়েছেন। দু’দিন আগে ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিপক্ষে ১২১ বলে ১১৯ রানের নান্দনিক ইনিংস খেলেছেন নিকোলস।
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ডিন ফক্সক্রফটকে দলে রাখা হয়েছে। তিনি ভারত ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজে অংশগ্রহণ করছেন।
নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর থেকে অকল্যান্ডের ইডেন পার্কে।
প্রথম তিন ম্যাচের জন্য নিউজিল্যান্ড ওয়ানডে দলের তালিকা: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ন্যাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।
শেষ দুই ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দলের তালিকা: মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, লুকি ফার্গুসন, মিচেল হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন