০৩:১৫ পি.এম
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে একা পেয়ে লাঠির আঘাতে গুরুতর আহত করেছেন কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী সড়কে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১১ এলাকা থেকে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর শ্রমিকরা কালশীর দিকে চলে যান। এ সময় পল্লবী থানার কয়েকজন পুলিশ সদস্য মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় কনস্টেবল সাইমনকে পেয়ে তার ওপর হামলা চালানো হয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করছেন। এ সময় কয়েকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও জবাবে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের সময় মেট্রো স্টেশনের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।
সকাল থেকেই পল্লবীর শিল্পাঞ্চলে বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। তাদের মধ্যে কয়েকজনের হাতে লাঠিসোঁটাও দেখা যায়। পরে শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পূরবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন