প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয় অঞ্চলে ভারী তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে আটজন ট্রেকার নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় উদ্ধারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
হিন্দি দৈনিক জাগরণের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তরকাশী জেলার কেদারতালের কাছে প্রায় চার হাজার মিটার উচ্চতায় বরফের নিচে চাপা পড়া একটি তাঁবু উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন। আশপাশে পোশাক, স্যান্ডেল ও খাদ্যসামগ্রীও পাওয়া গেছে, যা নিখোঁজদের সন্ধানে সহায়ক হতে পারে।
দুই থেকে তিন কিলোমিটার ব্যাসার্ধজুড়ে অনুসন্ধান চালানোর পরও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলেনি। অব্যাহত তুষারপাতের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসায় উদ্ধার অভিযান স্থগিত করতে বাধ্য হন সংশ্লিষ্টরা।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্য অনুযায়ী, সোমবার ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আসা পাঁচজন ট্রেকার, উত্তর প্রদেশের দুই নারী এবং একজন স্থানীয় গাইড অন্তর্ভুক্ত রয়েছেন।
তারা গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করেছিলেন এবং ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা ছিল। এর আগে বরফধসে পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে শনিবার চারজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজন পোর্টার ও একজন বাবুর্চি ছিলেন।
উত্তরাখণ্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেকিং রুটে একাধিক বরফধসের কারণে স্থলপথে অনুসন্ধান এবং হেলিকপ্টার পরিচালনা—দুই কাজই জটিল হয়ে পড়েছে।
অতিরিক্ত তুষারপাতের কারণে চার হাজার মিটারের বেশি উচ্চতার সব হাই-অল্টিটিউড ট্রেকিং রুট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযান আবার শুরু করার পরিকল্পনা রয়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন