০৩:৫৭ এম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন কাউন্সিলের ৯২ জন একাডেমিক নিরীক্ষক।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বহিঃস্থ গুণগত মান যাচাইয়ে একাডেমিক নিরীক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা, স্বার্থের সংঘাত ও গোপনীয়তা রক্ষা নীতি যথাযথভাবে অনুসরণের গুরুত্ব তুলে ধরা এবং নিরীক্ষকদের সঙ্গে কাউন্সিলের কর্মকর্তাদের মতবিনিময়ের সুযোগ তৈরি করা।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
সকাল সাড়ে ৯টায় কর্মশালা শুরু হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব অধ্যাপক এ কে এম মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণে স্বার্থের সংঘাত ও গোপনীয়তা ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। অন্যদিকে, সরেজমিন পরিদর্শনের সময় বহিঃস্থ গুণগত মান মূল্যায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, গুণগত নিশ্চয়তা ও জাতীয় যোগ্যতা কাঠামো বিভাগের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও তথ্যপ্রযুক্তি বিভাগের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক।
উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এ সময় একাডেমিক নিরীক্ষকরা অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। চেয়ারম্যান তাদের প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি অ্যাক্রেডিটেশন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে নিরীক্ষকদের পর্যবেক্ষণ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান উন্নয়ন ও তা ধারাবাহিকভাবে বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে একাডেমিক নিরীক্ষকদের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিবারের সম্মানিত সদস্য হিসেবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া নিরীক্ষকদের নিজ নিজ কর্মরত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাক্রমকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান চেয়ারম্যান।
কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, গুণগত নিশ্চয়তা ও জাতীয় যোগ্যতা কাঠামো বিভাগের উপপরিচালক ড. ফারজানা শারমিন।
এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গুণগত মান নিশ্চায়ন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক ঢাকায় গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন