০৩:৫৮ এম
সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নির্দেশনা জারি করেছে। সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের প্রবেশ কার্ড বা আইডি কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ে বর্তমানে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আগত এবং ওটিপি মাধ্যমে বহু দর্শনার্থী প্রবেশ করে থাকেন। প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করার কারণে এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন। সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী যাতে বাধ্যতামূলকভাবে তাদের আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখেন, সে বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের কর্মরত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
এর আগে, ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে আরও কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার দিনগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখতে হবে।
এছাড়া, দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী ওটিপি দিতে বলা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া, ছুটিতে যাওয়া কর্মকর্তাদের ছুটিকালীন সময়ে তাদের জন্য ওটিপি প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে এলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন