০৩:৫৯ এম
রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যেখানে পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্লবীতে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটে কুরিয়ার সার্ভিসের সামনে। এর কিছুক্ষণ পর আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে প্রতিষ্ঠানটির কর্মী পাপনের গায়ে আগুন লেগে যায়। পরে রাত আনুমানিক ৯টার দিকে তাকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
এ বিষয়ে ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পরীক্ষা-নিরীক্ষার পর পাপনের শরীরে আনুমানিক ২০ শতাংশ ফ্লেম বার্ন শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে ইনস্টিটিউটে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন