ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

২০২৮ সালে জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক ইকুয়েডর


২০২৮ সালে জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক ইকুয়েডর

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরকে জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলন কপ-১৮ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সম্মেলন ২০২৮ সালে দেশটিতে অনুষ্ঠিত হবে।

শনিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে চলমান কপ-১৭ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর ভোটের মাধ্যমে ইকুয়েডরকে আয়োজক হিসেবে নির্বাচিত করা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তুরুপের তাস লাতিনো ভোটাররা

ভোটের ফলাফলে ইকুয়েডরের রাজধানী কুইটো ৫৫টি ভোট লাভ করে। অপরদিকে, পানামার রাজধানী পানামা সিটি ৫৩টি ভোট পায়। কুইটো মাত্র দুই ভোটের ব্যবধানে জয়ী হয়।

প্রতি দুই বছর অন্তর জাতিসংঘের উদ্যোগে জীববৈচিত্র্য বিষয়ক এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্যের ক্ষয় রোধ এবং বৈশ্বিক পর্যায়ে প্রকৃতি রক্ষায় বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে আলোচনা ও সমঝোতা করা।

এদিকে, জীববৈচিত্র্য বিষয়ক এই সম্মেলন জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনের থেকে আলাদা। জলবায়ুবিষয়ক সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। আগামী মাসে তুরস্কে জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ

কুমিল্লা, ৩১ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এবারের পরীক্ষার পাশের হার দাঁড়িয়েছে ৪৮.০৪ শতাংশ।

মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের মধ্যে ৪৪ হাজার ৭২৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস’র মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছে।

পরিসংখ্যান অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় মেয়েরা ছাত্রদের তুলনায় ভালো করেছে। অংশগ্রহণকারী ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রী থেকে ২৮ হাজার ৪১৫ জন উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে ১৫ হাজার ৮৫৭ জন পাশ করেছে।

শিক্ষাবোর্ডের ফলাফলের ভিত্তিতে, এবারের এইচএসসি পরীক্ষায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে, তবে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি।

গত বছরের তুলনায় কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার পাশের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে পাশের হার ছিল ৪৮.৮৬%, যা এবার ৪৮.০৪% এ নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের আর্থিক খাতের সুরক্ষাজালকে শক্তিশালী করা, তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তা করার উদ্দেশ্যে করা হয়েছে।

গতকাল ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণ প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মধ্যে এ অর্থায়ন চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পের আওতায় ৩২৮ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) পাওয়া যাবে, যা ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়ন করবে, যা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) তত্ত্বাবধানে পরিচালিত হবে।

প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো— দেশের আর্থিক খাতের সুরক্ষা জালকে শক্তিশালী করা, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি সক্ষমতা বাড়ানো এবং ব্যাংক খাতের পুনর্গঠনে সহায়তা প্রদান করা।

চুক্তির শর্তাবলীর মধ্যে রয়েছে, উত্তোলিত ঋণের স্থিতির ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ পরিশোধ করতে হবে। পাশাপাশি, অনুত্তোলিত অর্থের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অর্থবছরসহ দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে এ প্রতিশ্রুতি ফি থেকে অব্যাহতি দিয়ে আসছে বিশ্বব্যাংক।

ঋণটির পরিশোধের মেয়াদ ২৫ বছর, যার মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে রেয়াতি সময় রয়েছে।

ইআরডি জানায়, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। সংস্থাটির অর্থায়ন বিভিন্ন ক্ষেত্রে, যেমন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সর্বশেষ এ অর্থায়ন চুক্তিটি বাংলাদেশের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করার জন্য বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান সহযোগিতার প্রতিফলন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মন্তব্য করেছেন, জনগণের মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও জানান, নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে।

আজ রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের জন্য মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, জনসেবা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, ‘আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মী নই, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।’ জনগণের অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শফিকুল ইসলাম খান আরও বলেন, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জন্য সহজ এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরীর ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে। নগরবাসীর সহযোগিতার কারণেই এ কাজ সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে নগরবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি; ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি; ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : আগামীকাল জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে দেশে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই বছর ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার’ প্রদান করা হবে।

বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উল্লেখ করেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের যুব দিবসে যুবদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ১ নভেম্বর সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, যুব দিবসের অংশ হিসেবে জ্বালানি সংকট মোকাবেলায় সারা দেশে ১২,০০০ রিনিউয়েবল ও পরিবেশবান্ধব টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।

এছাড়া যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ১ নভেম্বর ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে একটি বিশাল ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে পর্যায়ক্রমে ৩,০০০ থেকে ৫,০০০ জনের চাকরির সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আগামী ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের যুববান্ধব বিভিন্ন প্রশিক্ষণ, যুব ঋণ ও প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়া সারা দেশব্যাপী সকল জেলা ও উপজেলা পর্যায়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম, খালখনন কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণ ইত্যাদি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%