০৬:২৯ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মন্তব্য করেছেন, জনগণের মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও জানান, নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে।
আজ রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের জন্য মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, জনসেবা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
তিনি উল্লেখ করেন, ‘আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মী নই, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।’ জনগণের অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শফিকুল ইসলাম খান আরও বলেন, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জন্য সহজ এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নগরীর ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে। নগরবাসীর সহযোগিতার কারণেই এ কাজ সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে নগরবাসীকে পাশে থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন