শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৫ পি.এম
ঢাকা থেকে বাগেরহাটের দিকে ফেরার সময় গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মনিরুল হক ফরাজি জানিয়েছেন যে, তিনি টাকা দিয়ে মুক্তি পেয়েছেন। তার দাবি, মুক্তির জন্য দেড় লাখ টাকা দিতে হয়েছে। মনিরুল আরও জানান, অপহরণের সময় তার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেভিড ও ক্রেডিট কার্ড, একটি প্লাটিনামের আংটি, গলার চেইন এবং একটি আইফোন (১৭ প্রো) ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার পথে তাকে একটি গাড়ি থেকে তুলে নেওয়া হয়। মুক্তি পাওয়ার পর রাত ৯টার দিকে তিনি ঢাকার বাসায় ফিরে আসেন। মনিরুল হক ফরাজি বাগেরহাট জেলা বিএনপির সদস্য এবং একজন ব্যবসায়ী।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মনিরুল হক বলেন, ‘সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।’ তবে তিনি এখনো এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেননি। তিনি জানান, ‘বিষয়টি এখনো আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাইনি।’ তিনি ব্যক্তিগতভাবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে চেনেন না বলেও উল্লেখ করেন।
বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজিকে তার ব্যক্তিগত গাড়ি থেকে তুলে নেওয়া হয়। তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন উপস্থিত ছিলেন এবং গাড়িটি চালাচ্ছিলেন হাসান নামের একজন। ঘটনার পর শেখ মঈন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা সড়ক অবরোধ করে রাখেন। ঘোনাপাড়া এলাকায় অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল এবং টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মনিরুল হক ফরাজিকে তারা আটক রেখে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন যে, মনিরুল হক ফরাজি মুক্তি পেয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মনিরুল এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাটহাজারী (চট্টগ্রাম), ২০ নভেম্বর, ২০২৬ : হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
এই বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ।
আজ শুক্রবার, জুমার নামাজের পর উপস্থিত মুসল্লি ও আলেম-উলামার কাছে প্রধানমন্ত্রীকে স্মরণ করে দোয়া কামনা করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাজধানীর লালবাগ থানা এলাকার অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), লালবাগ থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম টিটু (৫৩)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে লালবাগ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের জন্য অর্থ সহায়তা ও অংশগ্রহণ করেছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার চট্টগ্রামকে দেশের পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনের জন্য বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি এবং সরবরাহ অবকাঠামো নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ (সিআইটিএফ-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।
অর্থমন্ত্রী দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতার পাশাপাশি দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।
অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা শুধু আমার একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানকার সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চান। প্রধানমন্ত্রী একাধিকবার চট্টগ্রামকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি চট্টগ্রামকে শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চান না উল্লেখ করে বলেন, ‘এ শহরের সম্ভাবনা অনেক বেশি। সরকার চট্টগ্রাম ঘিরে পুরো অঞ্চলের অর্থনীতির কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মূল শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতির বিস্তৃত পরিসর তৈরি করতে হবে।’
চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই কাজ শুরু হবে। বিমানবন্দরকে শুধু সম্প্রসারণ নয়, লজিস্টিক হাব হিসেবেও গড়ে তোলা হবে। সেখানে কার্গো ভিলেজ ও পণ্য সংরক্ষণে কোল্ড চেইন সুবিধার জন্য পৃথক স্টোরেজ থাকবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রিত ও পচনশীল পণ্য সংরক্ষণ, বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় সহজ হবে।’
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা থেকে চট্টগ্রাম, বাংলাদেশসহ পুরো অঞ্চলকে পণ্য সরবরাহ করা যাবে।’
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে এগোচ্ছে সরকার। সিঙ্গাপুরের পিএসএ’র সহযোগিতায় একটি বন্দর প্রকল্প হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা থাকবে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শিল্প-বাণিজ্যের উন্নয়নে গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) করা হচ্ছে। মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য কোরীয় একটি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জাপানি আরেকটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে।’
মন্ত্রী সংকট সমাধানে অন্তত দু’বছর সময় লাগবে জানিয়ে বলেন, দায়িত্ব নেওয়ার দিনও তিনি এ কথা বলেছিলেন। এক-দুই দিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়।
দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বড় অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংস হওয়া ব্যাংকিং খাত পুনর্গঠন করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারকে ঠিক করতে হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ রয়েছে। এত সংকটের মধ্যেও সরকার বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।’
তিনি বলেন, নির্বাচিত সরকারের জনসমর্থনই এসব পরিকল্পনা বাস্তবায়নের সাহস জোগাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মানি ইজ নো প্রবলেম’ বক্তব্য উদ্ধৃত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভালো ও লাভজনক প্রকল্প হলে অর্থায়নের সমস্যা হয় না। এ ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা ও অর্থায়ন এগিয়ে নেওয়া হচ্ছে।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন পলাতক লুটেরাদের সহ্য হচ্ছে না, তাই তারা আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে। অতীতে তারা যে লুটপাট করেছে, সেই মাশুল এখনও জনগণকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক। এই অপচেষ্টা প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ-সবার ভূমিকা রয়েছে। যারা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এটি শুধু সরকারের নয়, দেশের প্রত্যেক মানুষের স্বার্থ। অতীতে বাংলাদেশের অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজার, ২০ নভেম্বর, ২০২৬ : আজ রামুতে রেল ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে রয়েছেন রামু উপজেলার কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার দেড় বছরের শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, ‘কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী পর্যটক এক্সপ্রেস বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামুতে পৌঁছালে হঠাৎ দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের ওপর ওঠে পড়ে। এর ফলে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দু’জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও শিশুসহ দু’জন ঘটনাস্থলে মারা যান। অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে নিহতদের বাড়ি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ