প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার চট্টগ্রামকে দেশের পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনের জন্য বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি এবং সরবরাহ অবকাঠামো নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ (সিআইটিএফ-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।
অর্থমন্ত্রী দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতার পাশাপাশি দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।
অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা শুধু আমার একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানকার সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চান। প্রধানমন্ত্রী একাধিকবার চট্টগ্রামকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি চট্টগ্রামকে শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চান না উল্লেখ করে বলেন, ‘এ শহরের সম্ভাবনা অনেক বেশি। সরকার চট্টগ্রাম ঘিরে পুরো অঞ্চলের অর্থনীতির কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মূল শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতির বিস্তৃত পরিসর তৈরি করতে হবে।’
চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই কাজ শুরু হবে। বিমানবন্দরকে শুধু সম্প্রসারণ নয়, লজিস্টিক হাব হিসেবেও গড়ে তোলা হবে। সেখানে কার্গো ভিলেজ ও পণ্য সংরক্ষণে কোল্ড চেইন সুবিধার জন্য পৃথক স্টোরেজ থাকবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রিত ও পচনশীল পণ্য সংরক্ষণ, বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় সহজ হবে।’
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা থেকে চট্টগ্রাম, বাংলাদেশসহ পুরো অঞ্চলকে পণ্য সরবরাহ করা যাবে।’
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে এগোচ্ছে সরকার। সিঙ্গাপুরের পিএসএ’র সহযোগিতায় একটি বন্দর প্রকল্প হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা থাকবে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শিল্প-বাণিজ্যের উন্নয়নে গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) করা হচ্ছে। মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য কোরীয় একটি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জাপানি আরেকটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে।’
মন্ত্রী সংকট সমাধানে অন্তত দু’বছর সময় লাগবে জানিয়ে বলেন, দায়িত্ব নেওয়ার দিনও তিনি এ কথা বলেছিলেন। এক-দুই দিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়।
দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বড় অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংস হওয়া ব্যাংকিং খাত পুনর্গঠন করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারকে ঠিক করতে হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ রয়েছে। এত সংকটের মধ্যেও সরকার বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।’
তিনি বলেন, নির্বাচিত সরকারের জনসমর্থনই এসব পরিকল্পনা বাস্তবায়নের সাহস জোগাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মানি ইজ নো প্রবলেম’ বক্তব্য উদ্ধৃত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভালো ও লাভজনক প্রকল্প হলে অর্থায়নের সমস্যা হয় না। এ ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা ও অর্থায়ন এগিয়ে নেওয়া হচ্ছে।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন পলাতক লুটেরাদের সহ্য হচ্ছে না, তাই তারা আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে। অতীতে তারা যে লুটপাট করেছে, সেই মাশুল এখনও জনগণকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক। এই অপচেষ্টা প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ-সবার ভূমিকা রয়েছে। যারা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এটি শুধু সরকারের নয়, দেশের প্রত্যেক মানুষের স্বার্থ। অতীতে বাংলাদেশের অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন