প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা থেকে বাগেরহাটের দিকে ফেরার সময় গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মনিরুল হক ফরাজি জানিয়েছেন যে, তিনি টাকা দিয়ে মুক্তি পেয়েছেন। তার দাবি, মুক্তির জন্য দেড় লাখ টাকা দিতে হয়েছে। মনিরুল আরও জানান, অপহরণের সময় তার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেভিড ও ক্রেডিট কার্ড, একটি প্লাটিনামের আংটি, গলার চেইন এবং একটি আইফোন (১৭ প্রো) ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার পথে তাকে একটি গাড়ি থেকে তুলে নেওয়া হয়। মুক্তি পাওয়ার পর রাত ৯টার দিকে তিনি ঢাকার বাসায় ফিরে আসেন। মনিরুল হক ফরাজি বাগেরহাট জেলা বিএনপির সদস্য এবং একজন ব্যবসায়ী।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মনিরুল হক বলেন, ‘সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।’ তবে তিনি এখনো এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেননি। তিনি জানান, ‘বিষয়টি এখনো আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাইনি।’ তিনি ব্যক্তিগতভাবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে চেনেন না বলেও উল্লেখ করেন।
বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজিকে তার ব্যক্তিগত গাড়ি থেকে তুলে নেওয়া হয়। তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন উপস্থিত ছিলেন এবং গাড়িটি চালাচ্ছিলেন হাসান নামের একজন। ঘটনার পর শেখ মঈন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা সড়ক অবরোধ করে রাখেন। ঘোনাপাড়া এলাকায় অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল এবং টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মনিরুল হক ফরাজিকে তারা আটক রেখে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন যে, মনিরুল হক ফরাজি মুক্তি পেয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মনিরুল এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন