শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৬ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাজধানীর লালবাগ থানা এলাকার অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), লালবাগ থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম টিটু (৫৩)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে লালবাগ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের জন্য অর্থ সহায়তা ও অংশগ্রহণ করেছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার চট্টগ্রামকে দেশের পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনের জন্য বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি এবং সরবরাহ অবকাঠামো নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ (সিআইটিএফ-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।
অর্থমন্ত্রী দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতার পাশাপাশি দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।
অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা শুধু আমার একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানকার সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চান। প্রধানমন্ত্রী একাধিকবার চট্টগ্রামকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি চট্টগ্রামকে শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চান না উল্লেখ করে বলেন, ‘এ শহরের সম্ভাবনা অনেক বেশি। সরকার চট্টগ্রাম ঘিরে পুরো অঞ্চলের অর্থনীতির কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মূল শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতির বিস্তৃত পরিসর তৈরি করতে হবে।’
চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই কাজ শুরু হবে। বিমানবন্দরকে শুধু সম্প্রসারণ নয়, লজিস্টিক হাব হিসেবেও গড়ে তোলা হবে। সেখানে কার্গো ভিলেজ ও পণ্য সংরক্ষণে কোল্ড চেইন সুবিধার জন্য পৃথক স্টোরেজ থাকবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রিত ও পচনশীল পণ্য সংরক্ষণ, বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় সহজ হবে।’
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা থেকে চট্টগ্রাম, বাংলাদেশসহ পুরো অঞ্চলকে পণ্য সরবরাহ করা যাবে।’
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের দিকে এগোচ্ছে সরকার। সিঙ্গাপুরের পিএসএ’র সহযোগিতায় একটি বন্দর প্রকল্প হচ্ছে, সেটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা থাকবে, যাতে বড় জাহাজ ভিড়তে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি যোগাযোগ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শিল্প-বাণিজ্যের উন্নয়নে গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) করা হচ্ছে। মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য কোরীয় একটি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জাপানি আরেকটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে।’
মন্ত্রী সংকট সমাধানে অন্তত দু’বছর সময় লাগবে জানিয়ে বলেন, দায়িত্ব নেওয়ার দিনও তিনি এ কথা বলেছিলেন। এক-দুই দিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়।
দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে বড় অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংস হওয়া ব্যাংকিং খাত পুনর্গঠন করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারকে ঠিক করতে হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ রয়েছে। এত সংকটের মধ্যেও সরকার বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।’
তিনি বলেন, নির্বাচিত সরকারের জনসমর্থনই এসব পরিকল্পনা বাস্তবায়নের সাহস জোগাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মানি ইজ নো প্রবলেম’ বক্তব্য উদ্ধৃত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভালো ও লাভজনক প্রকল্প হলে অর্থায়নের সমস্যা হয় না। এ ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা ও অর্থায়ন এগিয়ে নেওয়া হচ্ছে।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন পলাতক লুটেরাদের সহ্য হচ্ছে না, তাই তারা আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে। অতীতে তারা যে লুটপাট করেছে, সেই মাশুল এখনও জনগণকে দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের শীর্ষে পৌঁছাক। এই অপচেষ্টা প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ-সবার ভূমিকা রয়েছে। যারা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এটি শুধু সরকারের নয়, দেশের প্রত্যেক মানুষের স্বার্থ। অতীতে বাংলাদেশের অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় সরকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজার, ২০ নভেম্বর, ২০২৬ : আজ রামুতে রেল ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে রয়েছেন রামু উপজেলার কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার দেড় বছরের শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, ‘কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী পর্যটক এক্সপ্রেস বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রামুতে পৌঁছালে হঠাৎ দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের ওপর ওঠে পড়ে। এর ফলে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দু’জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও শিশুসহ দু’জন ঘটনাস্থলে মারা যান। অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মধ্যে আরও দু’জনের মৃত্যু হয়। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে নিহতদের বাড়ি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ, যা সম্ভব হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সহায়তা ছাড়াই। তবে, ভিনিসিয়াসকে এবার নিজের দলে জায়গা ফিরে পেতে কঠোর লড়াই করতে হবে।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিরুদ্ধে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে জয়ী হলে তারা সাময়িকভাবে বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে যাবে। চুল টানার ঘটনায় ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ভিনিসিয়াস এ ম্যাচে খেলার জন্য অপেক্ষা করছেন।
ভিনিসিয়াসের অনুপস্থিতিতে, হোসে মরিনিওর দল ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে পরাজিত করেছে। পাশাপাশি সেভিয়া, রেসিং সান্তানদার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ও তাদের প্রাপ্তি।
এই সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স ও আরবি লিপজিগের বিরুদ্ধে জয়ী হওয়া ম্যাচ দুটিতে ভিনিসিয়াস একাদশে ছিলেন। তবে, গত কয়েক বছরে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার পেছনে যে দুর্দান্ত ফর্ম ছিল, তা তিনি ফিরে পাননি।
২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর, ভিনিসিয়াস বিশ্ব ফুটবলের অন্যতম বিপজ্জনক আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ২০২২ ও ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তবে, চলতি মৌসুমে নিজের ছন্দ ফিরে পেতে ভিনিসিয়াস বেশ ভুগছেন। রিয়ালের হয়ে তাঁর একমাত্র গোলটি এসেছে আগস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
এদিকে, রিয়ালের রেকর্ড দামে দলে আসা ইয়ান ডিওমান্দে নতুন ক্লাবের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। সর্বশেষ আট ম্যাচে চার গোল করে বাঁ প্রান্তে নিজের জায়গার দাবি আরও জোরালো করেছেন তিনি।
আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ভিনিসিয়াস কিছুটা স্বস্তি পেয়েছেন। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে পাঁচ গোল করে যেন নিজেকে ফিরে পেয়েছেন তিনি। ক্লাব ফুটবলেও এই পারফরম্যান্স ধরে রেখে ছন্দ ফেরানোর আশা করছেন।
গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনে ভিনিসিয়াস জড়িয়ে পড়েছিলেন। তবে, শেষ পর্যন্ত ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন। কিন্তু, ওই সময় নিজের পারফরম্যান্সের মান ধরে রাখতে পারেননি বলে তিনি স্বীকার করেছেন।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে অপ্রত্যাশিতভাবে বিদায় নেয় ব্রাজিল। সেই পরাজয়ের প্রভাবও ভিনিসিয়াসের ওপর পড়েছিল।
চলতি সপ্তাহে সাংবাদিকদের ভিনিসিয়াস বলেন, “বিশ্বকাপের পর নিজের যতটা ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ততটা নিতে পেরেছি বলে মনে হয় না। কারণ, ওই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের জন্যই অনেক বড়। এত দ্রুত বিদায় নেওয়া আমাদের প্রত্যাশিত ছিল না।”
তিনি আরও বলেন, “ছুটির সময়টা উপভোগ করেছি, বিশ্রাম নিয়েছি, মানসিকভাবে স্বস্তিতে থেকেছি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনুশীলনও কম করেছি।”
ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তাঁকে ‘চাপে’ ফেলেছিল বলে জানান ভিনিসিয়াস। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের সেরাটা ধরে রাখার কঠিন দিকটিও তুলে ধরেন তিনি।
“আমার মনে হয়, এত বছর ধরে একই পর্যায়ে থেকে একই রকম পরিসংখ্যান কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিই ধরে রাখতে পেরেছেন।”
“আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি।”
চলতি মৌসুমে ভিনিসিয়াসের আরেকটি গোল এসেছে আগের আন্তর্জাতিক বিরতিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে।
রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় প্রেদ্রাগ মিয়াতোভিচ স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সেরকে বলেছেন, ক্লাবের চেয়ে ব্রাজিলের হয়ে খেলতেই ভিনিসিয়াসকে বেশি খুশি মনে হচ্ছে।
মিয়াতোভিচ বলেন, “আমার মনে হয়, গত গ্রীষ্মটা ভিনিসিয়াসের জন্য বেশ কঠিন ছিল। কারণ, সে থাকবে কি না, চুক্তি নবায়ন করবে কি না-এ নিয়ে তার মনে সংশয় ছিল।”
“এই পজিশনে ডিওমান্দে ভালো খেলছে। এখন মরিনিওকেই সিদ্ধান্ত নিতে হবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভিনি খুশি থাকলে ভালো খেলে। আর এখানে খেলার চেয়ে জাতীয় দলের হয়ে খেলতে তাকে অনেক বেশি খুশি দেখছি।”
আগের মৌসুমগুলোতে দ্বিতীয়ার্ধে নিজের সেরা ছন্দে ফিরেছেন এই ব্রাজিলিয়ান।
ভিনিসিয়াস বলেন, “গত মৌসুমে ডিসেম্বর পর্যন্ত আমার গোল ছিল মাত্র পাঁচটি। এরপর মৌসুম শেষ করেছি ২০টির বেশি গোল নিয়ে।”
গত পাঁচ মৌসুমের প্রতিটিতেই রিয়ালের হয়ে অন্তত ২২টি গোল করেছেন তিনি।
মাঝেমধ্যে দলের নিজস্ব সমর্থকদের সমালোচনা ও দুয়োধ্বনির মুখেও পড়েছেন ভিনিসিয়াস। তবে মরিনিও তাঁর প্রতি ধৈর্য দেখিয়েছেন। একই সঙ্গে এই ফরোয়ার্ডের কাছ থেকে তাঁর সবচেয়ে ভয়ংকর রূপ ফিরে পাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন।
সেপ্টেম্বরে পর্তুগিজ এই অভিজ্ঞ কোচ বলেন, “সেরা ছন্দে থাকা ভিনি ম্যাচের ভাগ্য গড়ে দেয়- যেভাবে একসময় বেনফিকার কোচ থাকাকালে সে আমার বিপক্ষে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ উন্নীত হয়ে ৯৭তম স্থানে পৌঁছেছে এবং এটি প্রথমবারের মতো দুই অঙ্কের র্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল-ডিজিট ব্র্যাকেট) প্রবেশ করেছে।
২০২৪ সালের পূর্ববর্তী সংস্করণে দেশের অবস্থান ছিল ১০০তম। চলতি বছরে বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ (উচ্চ ই-গভর্নমেন্ট) গ্রুপে অবস্থান ধরে রেখেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এই সূচকের দু’টি উপাদানেও সর্বকালের সর্বোচ্চ নম্বর অর্জন করেছে। অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর ০.৮১, অন্যদিকে টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর ০.৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) কর্তৃক প্রকাশিত দ্বিবার্ষিক ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এই ফলাফল পাওয়া গেছে, যেখানে রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া) ডিজিটাল সরকার র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে।
ইজিডিআই হলো নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতির একটি যৌথ পরিমাপ। এটি তিনটি মাত্রার নরম্যালাইজড স্কোরের ভারweighted গড়: অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।
বিশ্বব্যাপী গড় ইজিডিআই ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে বেড়ে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ পৌঁছেছে। বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোরটি ২০২৬ সালের বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ এখন উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ