শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০২ পি.এম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২১ নভেম্বর) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ তথ্যটি শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে বিদ্যুৎহীন অবস্থায় থাকবেন বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকরা। ফলে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।
তবে, যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেয়ারবাজারে রেকর্ড সৃষ্টি করে অভিষেকের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রায় ৯৬ শতাংশ কর্মীর হাতে থাকা শেয়ারের মূল্য ১০ লাখ ডলার অতিক্রম করেছে। ফলে প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মী কাগুজে হিসাবে মিলিয়নিয়ার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যানথ্রপিকের কর্মীসংখ্যা ছিল ৫ হাজার ৩০০। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করা হয়েছিল। বেসরকারি প্রতিষ্ঠান হিল ডট কমের তথ্য অনুযায়ী, আইপিওর পর প্রায় ৫ হাজার ১০০ কর্মীর হাতে থাকা শেয়ারের মূল্য ১০ লাখ ডলারের বেশি হয়ে গেছে।
হিল ডট কমের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিকের প্রায় ৬০০ কর্মীর শেয়ারের মূল্য ১০ কোটি ডলারের বেশি। এ ছাড়া প্রায় ২ হাজার ৮০০ কর্মীর শেয়ারের মূল্য ১ কোটি ডলার ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটির কর্মীরা অভ্যন্তরীণভাবে ‘অ্যান্টস’ নামে পরিচিত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হিল ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন বলেন, “সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এটি কত দ্রুত ঘটেছে।” অ্যানথ্রপিকে কর্মীদের চাকরি ছাড়ার হার খুবই কম উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির দ্রুত অগ্রগতি কর্মীদের ধরে রাখতে ভূমিকা রেখেছে। কর্মীরা জানতেন, প্রতিষ্ঠান ছেড়ে গেলে তাঁরা বড় ধরনের আর্থিক সুযোগ হারাতে পারেন।
সিলিকন ভ্যালির স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে বেতনের পাশাপাশি কর্মীদের শেয়ার দেওয়ার প্রচলন রয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠান বিক্রি বা শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে এসব শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে। এভাবে কর্মীদের দীর্ঘদিন প্রতিষ্ঠানে ধরে রাখা এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে তাঁদের উৎসাহিত করা হয়। তবে অ্যানথ্রপিকের মতো অল্প সময়ে এত বড় পরিসরে সম্পদ সৃষ্টির ঘটনা বিরল।
২০২১ সালে প্রতিষ্ঠিত অ্যানথ্রপিক ২০২৪ সালের শেষ নাগাদও এক হাজারের কম কর্মী নিয়ে পরিচালিত হতো। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা বেড়ে ৫ হাজার ৩০০ হয়েছে।
বেনসনের মতে, এ ধরনের স্টার্টআপে কর্মীদের আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পদমর্যাদার চেয়ে প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁর ভাষ্য, কেউ তুলনামূলক নিচু পদে কাজ করলেও ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকলে তাঁর শেয়ারের মূল্য চলতি বছরের শুরুতে যোগ দেওয়া কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়েও বেশি হতে পারে।
অ্যানথ্রপিকের আইপিওতে কর্মীদের শেয়ার বিক্রির সুযোগও ছিল ব্যতিক্রমী। সাধারণত আইপিওর পর তিন থেকে ছয় মাস পর্যন্ত কর্মীদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা বা ‘লকআপ’ থাকে। তবে অ্যানথ্রপিক ধাপে ধাপে কার্যকর হওয়া একটি লকআপ সূচি চালু করেছে। এর আওতায় প্রতিষ্ঠাতা নন, এমন কর্মীরা লেনদেন শুরুর দিন থেকেই নিজেদের শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি করতে পারবেন। তবে বৃহস্পতিবার কতজন কর্মী এই সুযোগ নিয়েছেন, তা জানা যায়নি।
অ্যানথ্রপিকের আইপিওতে ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে, যা শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে নতুন রেকর্ড। এর আগে গত জুনে স্পেসএক্সের আইপিওতে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের রেকর্ড হয়েছিল। অ্যানথ্রপিক মাত্র পাঁচ মাসের ব্যবধানে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
অ্যানথ্রপিকের এই বিপুল সম্পদ সৃষ্টির প্রভাব প্রতিষ্ঠানটির সদর দপ্তর সান ফ্রান্সিসকোর আবাসন বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শহরটির আবাসন বাজারে বাড়ির দাম আগে থেকেই বৃদ্ধি পাচ্ছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রেডফিনের তথ্য অনুযায়ী, অক্টোবরে সান ফ্রান্সিসকোতে একটি বাড়ির মধ্যম বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রে বাড়ির জাতীয় মধ্যম দাম ছিল ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার, যা প্রায় অপরিবর্তিত ছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর হাতে স্বাধীনতার পতাকা রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, বিএনপি চব্বিশের ঐক্য বিনষ্ট হতে দেবে না। চব্বিশের মেজাজ নিয়েই বিএনপি রাজপথে থাকবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
সভায় আরও বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল, মাগুরা জেলা আইনজীবী সমিতির জিপি মঞ্জুরুল হাসান এবং জেলা হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি কাজী জুবায়ের প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, রাষ্ট্রবিরোধী কোনো অপকর্মে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কোনো অপশক্তির অপকর্ম আমরা দেখতে চাই না। পলাতক স্বৈরাচারের উসকানিতে স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যা করা হচ্ছে, তার কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, গণহত্যাকারীরা ১৭ বছর খুন, গুম ও নির্যাতন চালিয়েছে। তিনি উল্লেখ করেন, সে সময় স্ত্রীর কাছ থেকে স্বামীকে, মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। দেশের মানুষ আর তাদের দেখতে চায় না।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি বাঘের গর্জনকে ভয় পায় না, আর হনুমানের ভেংচিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বক্তব্যের শেষে তিনি চব্বিশের চেতনা ও মেজাজ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোর, ২০ নভেম্বর, ২০২৬ : ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্যে জেলায় বাড়িতে বাড়িতে তথ্য সংগ্রহের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এখন পর্যন্ত তথ্য সংগ্রহকারীদের জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন সম্পন্ন হয়েছে।
নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন করছে। এই কার্ডটি পরিবারের মা বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে।
জেলায় পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী মোট খানার সংখ্যা পাঁচ লাখ ৩৪ হাজার ২২৮টি।
অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহের কার্যক্রমে ইতোমধ্যে ১১ শতাংশ খানার তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং ডাটা এন্ট্রি ও চূড়ান্তকরণের কাজও শেষ হয়েছে।
প্রত্যেক তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারকে সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে সকলকে ট্যাবসহ কার্যক্রম পরিচালনার অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে।
প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বাসসকে জানান, "সরকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের চোখে উপজেলার সামগ্রিক তথ্য দেখতে চায়। তাই সংগৃহিত তথ্য নির্ভুল হতে হবে। এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারী নুসরাত জাহান দিনা জানান, "১৪ অক্টোবর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছি। প্রতিদিন সকাল সাতটায় শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। সারাদিনে সর্বোচ্চ ২৪টি খানার জরিপ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ট্যাবের মাধ্যমে সংগৃহিত তথ্য খানা থেকেই সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেই।"
এই ইউনিয়নে সুপারভাইজারের দায়িত্ব পালনকারী আতিকুর রহমান বাসসকে জানান, "অনেক খানাতে শিশুদের জন্ম নিবন্ধন না থাকা এবং সার্ভারে সমস্যা থাকার কারণে জরিপ কার্যক্রমে দীর্ঘসূত্রিতা ঘটছে। একটি খানাতে অনেক সময় তিনবার করেও যেতে হচ্ছে। ইউনিয়নে মোট ১১ হাজার খানার মধ্যে এ পর্যন্ত চার হাজার ৮০০ খানার তথ্য সংগ্রহ করা হয়েছে।"
বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, "ফ্যামিলি কার্ডের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে জরিপ কার্যক্রমকে নিরবচ্ছিন্ন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।"
নাটোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম বাসকে জানান, "তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কর্মসূচি সফল করতে কাজ করছি আমরা।"
সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বাসসকে জানান, "প্রাথমিক পর্যায়ে জেলার আটটি পৌরসভা এবং ৫২টি ইউনিয়নের অতি দরিদ্র, দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবার ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আসবেন।"
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বাসসকে বলেন, "বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহের কার্যক্রম সুচারুরুপে সম্পন্ন করতে সমাজসেবা বিভাগের সাথে সমন্বয় এবং প্রশাসনিক মনিটরিং অব্যাহত আছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী, ২০ নভম্বের, ২০২৬ : উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ম্যারাথনটি প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়, স্লোগান ছিল রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি।
রাজশাহী হাফ ম্যারাথনে এক হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।
রাসিক প্রশাসক মন্তব্য করেন, "রান শুধু নিজেকেই সুস্থ রাখবে না, আগামী দিনে সব কাজে গতির সঞ্চার করবে। ক্রীড়াই পারে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে।" তিনি রাজশাহী রানার্স কমিউনিটির এ ধরনের আয়োজনে তাদের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানিয়েছেন, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড় বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
এ হাফ ম্যারাথনের আয়োজন এরই ধারাবাহিকতায় করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে আয়োজনে টাইটেল স্পন্সর ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনসহ অন্যান্য স্পনসর প্রতিষ্ঠান।
রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর প্রফেসর আমিরুজ্জামান ও রেস মার্শাল কেএম আরিফ হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ