প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেয়ারবাজারে রেকর্ড সৃষ্টি করে অভিষেকের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রায় ৯৬ শতাংশ কর্মীর হাতে থাকা শেয়ারের মূল্য ১০ লাখ ডলার অতিক্রম করেছে। ফলে প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মী কাগুজে হিসাবে মিলিয়নিয়ার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যানথ্রপিকের কর্মীসংখ্যা ছিল ৫ হাজার ৩০০। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করা হয়েছিল। বেসরকারি প্রতিষ্ঠান হিল ডট কমের তথ্য অনুযায়ী, আইপিওর পর প্রায় ৫ হাজার ১০০ কর্মীর হাতে থাকা শেয়ারের মূল্য ১০ লাখ ডলারের বেশি হয়ে গেছে।
হিল ডট কমের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিকের প্রায় ৬০০ কর্মীর শেয়ারের মূল্য ১০ কোটি ডলারের বেশি। এ ছাড়া প্রায় ২ হাজার ৮০০ কর্মীর শেয়ারের মূল্য ১ কোটি ডলার ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটির কর্মীরা অভ্যন্তরীণভাবে ‘অ্যান্টস’ নামে পরিচিত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হিল ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন বলেন, “সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এটি কত দ্রুত ঘটেছে।” অ্যানথ্রপিকে কর্মীদের চাকরি ছাড়ার হার খুবই কম উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির দ্রুত অগ্রগতি কর্মীদের ধরে রাখতে ভূমিকা রেখেছে। কর্মীরা জানতেন, প্রতিষ্ঠান ছেড়ে গেলে তাঁরা বড় ধরনের আর্থিক সুযোগ হারাতে পারেন।
সিলিকন ভ্যালির স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে বেতনের পাশাপাশি কর্মীদের শেয়ার দেওয়ার প্রচলন রয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠান বিক্রি বা শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে এসব শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে। এভাবে কর্মীদের দীর্ঘদিন প্রতিষ্ঠানে ধরে রাখা এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে তাঁদের উৎসাহিত করা হয়। তবে অ্যানথ্রপিকের মতো অল্প সময়ে এত বড় পরিসরে সম্পদ সৃষ্টির ঘটনা বিরল।
২০২১ সালে প্রতিষ্ঠিত অ্যানথ্রপিক ২০২৪ সালের শেষ নাগাদও এক হাজারের কম কর্মী নিয়ে পরিচালিত হতো। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা বেড়ে ৫ হাজার ৩০০ হয়েছে।
বেনসনের মতে, এ ধরনের স্টার্টআপে কর্মীদের আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পদমর্যাদার চেয়ে প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁর ভাষ্য, কেউ তুলনামূলক নিচু পদে কাজ করলেও ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকলে তাঁর শেয়ারের মূল্য চলতি বছরের শুরুতে যোগ দেওয়া কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়েও বেশি হতে পারে।
অ্যানথ্রপিকের আইপিওতে কর্মীদের শেয়ার বিক্রির সুযোগও ছিল ব্যতিক্রমী। সাধারণত আইপিওর পর তিন থেকে ছয় মাস পর্যন্ত কর্মীদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা বা ‘লকআপ’ থাকে। তবে অ্যানথ্রপিক ধাপে ধাপে কার্যকর হওয়া একটি লকআপ সূচি চালু করেছে। এর আওতায় প্রতিষ্ঠাতা নন, এমন কর্মীরা লেনদেন শুরুর দিন থেকেই নিজেদের শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি করতে পারবেন। তবে বৃহস্পতিবার কতজন কর্মী এই সুযোগ নিয়েছেন, তা জানা যায়নি।
অ্যানথ্রপিকের আইপিওতে ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ হয়েছে, যা শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে নতুন রেকর্ড। এর আগে গত জুনে স্পেসএক্সের আইপিওতে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের রেকর্ড হয়েছিল। অ্যানথ্রপিক মাত্র পাঁচ মাসের ব্যবধানে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
অ্যানথ্রপিকের এই বিপুল সম্পদ সৃষ্টির প্রভাব প্রতিষ্ঠানটির সদর দপ্তর সান ফ্রান্সিসকোর আবাসন বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শহরটির আবাসন বাজারে বাড়ির দাম আগে থেকেই বৃদ্ধি পাচ্ছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রেডফিনের তথ্য অনুযায়ী, অক্টোবরে সান ফ্রান্সিসকোতে একটি বাড়ির মধ্যম বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রে বাড়ির জাতীয় মধ্যম দাম ছিল ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার, যা প্রায় অপরিবর্তিত ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন