প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোর, ২০ নভেম্বর, ২০২৬ : ফ্যামিলি কার্ড বিতরণের উদ্দেশ্যে জেলায় বাড়িতে বাড়িতে তথ্য সংগ্রহের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এখন পর্যন্ত তথ্য সংগ্রহকারীদের জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন সম্পন্ন হয়েছে।
নারীর ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন করছে। এই কার্ডটি পরিবারের মা বা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে।
জেলায় পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী মোট খানার সংখ্যা পাঁচ লাখ ৩৪ হাজার ২২৮টি।
অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া তথ্য সংগ্রহের কার্যক্রমে ইতোমধ্যে ১১ শতাংশ খানার তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং ডাটা এন্ট্রি ও চূড়ান্তকরণের কাজও শেষ হয়েছে।
প্রত্যেক তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারকে সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে সকলকে ট্যাবসহ কার্যক্রম পরিচালনার অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে।
প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বাসসকে জানান, "সরকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের চোখে উপজেলার সামগ্রিক তথ্য দেখতে চায়। তাই সংগৃহিত তথ্য নির্ভুল হতে হবে। এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারী নুসরাত জাহান দিনা জানান, "১৪ অক্টোবর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছি। প্রতিদিন সকাল সাতটায় শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। সারাদিনে সর্বোচ্চ ২৪টি খানার জরিপ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ট্যাবের মাধ্যমে সংগৃহিত তথ্য খানা থেকেই সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেই।"
এই ইউনিয়নে সুপারভাইজারের দায়িত্ব পালনকারী আতিকুর রহমান বাসসকে জানান, "অনেক খানাতে শিশুদের জন্ম নিবন্ধন না থাকা এবং সার্ভারে সমস্যা থাকার কারণে জরিপ কার্যক্রমে দীর্ঘসূত্রিতা ঘটছে। একটি খানাতে অনেক সময় তিনবার করেও যেতে হচ্ছে। ইউনিয়নে মোট ১১ হাজার খানার মধ্যে এ পর্যন্ত চার হাজার ৮০০ খানার তথ্য সংগ্রহ করা হয়েছে।"
বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, "ফ্যামিলি কার্ডের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে জরিপ কার্যক্রমকে নিরবচ্ছিন্ন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।"
নাটোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম বাসকে জানান, "তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কর্মসূচি সফল করতে কাজ করছি আমরা।"
সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বাসসকে জানান, "প্রাথমিক পর্যায়ে জেলার আটটি পৌরসভা এবং ৫২টি ইউনিয়নের অতি দরিদ্র, দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবার ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আসবেন।"
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বাসসকে বলেন, "বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহের কার্যক্রম সুচারুরুপে সম্পন্ন করতে সমাজসেবা বিভাগের সাথে সমন্বয় এবং প্রশাসনিক মনিটরিং অব্যাহত আছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন