শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৫ পি.এম
রাজশাহী, ২০ নভম্বের, ২০২৬ : উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ম্যারাথনটি প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়, স্লোগান ছিল রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি।
রাজশাহী হাফ ম্যারাথনে এক হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।
রাসিক প্রশাসক মন্তব্য করেন, "রান শুধু নিজেকেই সুস্থ রাখবে না, আগামী দিনে সব কাজে গতির সঞ্চার করবে। ক্রীড়াই পারে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে।" তিনি রাজশাহী রানার্স কমিউনিটির এ ধরনের আয়োজনে তাদের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানিয়েছেন, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরে দৌড় বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
এ হাফ ম্যারাথনের আয়োজন এরই ধারাবাহিকতায় করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে আয়োজনে টাইটেল স্পন্সর ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনসহ অন্যান্য স্পনসর প্রতিষ্ঠান।
রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর প্রফেসর আমিরুজ্জামান ও রেস মার্শাল কেএম আরিফ হোসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ধুনট থানার পুলিশ তাকে বগুড়া আদালতে প্রেরণ করে।
বিচারক পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার গ্রেপ্তার ঘটেছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে, যখন পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের এরশাদ আলীর পুত্র।
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় একটি মশাল মিছিল বের করেন। এই মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসলামে প্রতিটি আনন্দের মুহূর্ত ও নেয়ামতকে আল্লাহর স্মরণ ও কল্যাণ কামনায় রাঙিয়ে তোলার অসাধারণ শিক্ষা দেওয়া হয়েছে। নতুন পোশাকে প্রিয়জন, বন্ধু কিংবা পরিচিত কাউকে দেখলে কেবল প্রশংসা করাই যথেষ্ট নয়; বরং তার জন্য বরকত, কল্যাণ ও উত্তম জীবনযাপনের দোয়া করা সুন্নাহসম্মত আদব। হজরত ওমরের (রা.) পরনে একটি সাদা জামা দেখে নবীজি (সা.) তার জন্য বিশেষ দোয়া করেছিলেন। সুতরাং কাউকে নতুন পোশাকে দেখলে হাদিসে বর্ণিত দোয়াগুলি পড়া উচিত, যা নিচে উল্লেখ করা হলো—
কুরআনে পোশাকের নেয়ামতের স্মরণ
আল্লাহ তাআলা পোশাককে বান্দার জন্য সম্মান, সৌন্দর্য ও সতর আবৃত করার গুরুত্বপূর্ণ নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে—
يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا
‘হে আদম সন্তান! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং যা সৌন্দর্যের মাধ্যম।’ (সুরা আল-আ‘রাফ: আয়াত ২৬)
১. বরকত ও নতুন পোশাকের দোয়া
কাউকে নতুন পোশাকে দেখলে নিম্নলিখিত দোয়াটি পড়া যেতে পারে—
تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى
উচ্চারণ: ‘তুবলি ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা।’
অর্থ: ‘পোশাকটি তোমার গায়ে পুরনো হোক আর আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমাকে আবার নতুন পোশাক দান করুন।’ (আবু দাউদ ৪০২০)
হাদিসের পটভূমি: হজরত আবু নাদরাহ (রহ.) বলেন, নবীজির (সা.) সাহাবিদের কেউ নতুন কাপড় পরলে তাকে বলা হতো, ‘তুবলি ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা’ অর্থাৎ এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমাকে আবার নতুন কাপড় পরান। (আবু দাউদ ৪০২০)
২. উত্তম জীবন ও শহীদী মৃত্যুর দোয়া
কাউকে নতুন পোশাকে দেখলে এই দোয়াটিও পড়তে পারেন—
اِلْبَسْ جَدِيداً وَعِشْ حَمِيداً وَمُتْ شَهِيداً
উচ্চারণ: ‘ইলবাস জাদীদান, ওয়া ইশ হামীদান, ওয়া মুত শাহীদান।’
অর্থ: ‘নতুন পোশাক পরিধান কর, উত্তম জীবন যাপন কর এবং শহিদী মৃত্যু বরণ কর।’ (ইবন মাজাহ ৩৫৫৮)
হাদিসের পটভূমি: হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) হজরত ওমরের (রা.) পরনে একটি সাদা জামা দেখে জিজ্ঞেস করেন, তোমার এই পোশাকটি ধোয়া না নতুন? তিনি বলেন, না, বরং ধৌত করা। নবীজি (সা.) বলেন, ‘ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান’ অর্থাৎ নতুন পোশাক পরিধান কর, উত্তম জীবন যাপন কর এবং শহিদী মৃত্যু বরণ কর।’ (ইবন মাজাহ ৩৫৫৮)
নতুন পোশাকের আনন্দকে কেবল বাহ্যিক সাজসজ্জায় সীমাবদ্ধ না রেখে, হাদিসে শেখানো এই দোয়াগুলোর মাধ্যমে অপরের জন্য কল্যাণ কামনা করলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। একই সঙ্গে পোশাকের নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের দীর্ঘায়ু ও উত্তম আমলের সুযোগ দেন, যাতে আমরা প্রশংসনীয় জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহর আলোকে প্রতিটি নেয়ামতের শোকরিয়া আদায় ও পরস্পরের জন্য কল্যাণ কামনা করার তৌফিক দান করুন। আমিন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফেনীর দাগনভূঞা উপজেলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা করাতকল মালিক সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে দাগনভূঞা উপজেলায় মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় করাতকলের লাইসেন্স প্রাপ্তি এবং নবায়ন সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রক্রিয়া এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সমিতির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ করাতকল মালিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরেন। বিশেষ করে লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন, নিয়মনীতি সহজীকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধানের বিষয়ে আলোচনা হয়।
তাঁরা জানান, করাতকল শিল্পের সঙ্গে অনেক ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীর জীবিকা জড়িত। তাই বিদ্যমান আইন ও পরিবেশগত বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি লাইসেন্স সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।
এ সময় মন্ত্রীর সঙ্গে আলোচনায় ছাগলনাইয়া রেঞ্জ অফিসার আবু নাসের জিয়াউর রহমান, আবুল হাশেম, কাজী জাহাঙ্গীর আলম, ফরিদ আহমদ মেম্বার, বেলাল ও বাপ্পিসহ ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা করাতকল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, করাতকল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর এ সৌজন্য সাক্ষাৎ লাইসেন্স সংক্রান্ত জটিলতা ও অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নতুন সুযোগ তৈরি করতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাগেরহাট, ২০ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কাছারিবাড়ি এলাকায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত খানপুর ইউনিয়নের কাছারিবাড়ি এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বাসসকে জানিয়েছেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ