০৬:০০ পি.এম
সাভারের বনগাঁও ইউনিয়নে ‘ওয়েস্টার্ন ভ্যালি’ আবাসন প্রকল্পের বিরুদ্ধে জমি দখল, জোরপূর্বক বালু ভরাট, ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কথিত হাউজিংয়ের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়া সাইফুল ওরফে সাইফুদ্দিন সাইফুল, যিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সভাপতি।
অভিযোগ রয়েছে, থানা বিএনপির রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজউকের এরিয়া প্ল্যান (ড্যাপ) ও প্রযোজ্য পরিকল্পনা বিধিমালা উপেক্ষা করে বনগাঁও এলাকায় জলাশয় ও ফসলি জমিতে বালু ভরাট করা হচ্ছে। সাধারণ মানুষের জমি দখল করা হচ্ছে এবং কেউ জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে মামলা ও হয়রানির ভয় দেখানো হচ্ছে।
এছাড়া, পরিবেশ আইন লঙ্ঘন করে জলাশয় ভরাটের অভিযোগে রাজউক ‘ওয়েস্টার্ন ভ্যালি’ প্রকল্পের অফিসে উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনাটি ভেঙে দেয়। তবে সরকারি সংস্থার অভিযানের পরও একই এলাকায় আবার কার্যক্রম শুরু হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রশ্ন উঠেছে, রাজউকের অভিযানের পরও কীভাবে সেখানে পুনরায় এই অবৈধ আবাসিক কোম্পানির কার্যক্রম চলছে?
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ‘ওয়েস্টার্ন ভ্যালি’ প্রকল্পের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়া গোল্ডেন আই ডেভলপার লিমিটেড জয়েন্ট স্টকে সৈয়দ আলিনুর ইসলাম ও মিসেস লোভা আরভিনের নাম রয়েছে। কিন্তু সেখানে চেয়ারম্যান পরিচয় দেওয়া সাইফুদ্দিন সাইফুলের বা অন্যান্য পরিচালকদের নাম নেই। অবৈধ ওয়েস্টার্ন ভ্যালির হাউসিং কোম্পানির কাগজপত্রে জালিয়াতির প্রমাণ প্রতিবেদকের হাতে এসেছে। প্রকল্পের মালিকানা, অনুমোদন, নিবন্ধন এবং চেয়ারম্যান পরিচয়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে।
স্থানীয়দের অভিযোগ, রাজউকের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও প্রযোজ্য পরিকল্পনা বিধিমালা উপেক্ষা করে বনগাঁও এলাকায় জলাশয় ও ফসলি জমিতে বালু ফেলা হচ্ছে। জমির প্রকৃতি পরিবর্তন করে আবাসন প্রকল্পের নামে প্লট বিক্রি বা জমি দখলের চেষ্টা চলছে বলে দাবি তাঁদের।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি লিখে দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে রাজনৈতিক মামলায় জড়ানো, হয়রানি ও এলাকাছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। নিজেদের জমি ও নিরাপত্তা রক্ষায় বেশ কয়েকজন ভুক্তভোগী সম্প্রতি সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ করেছেন সাইফুদ্দিন সাইফুলের বিরুদ্ধে।
ভুক্তভোগী জবেদ আলী বলেন, "আমাদের নিজেদের জমি লিখে দেওয়ার জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। জোর করে মাটি ভরাট করে জমি দখল করা হচ্ছে। মুখ খুললেই মামলার ভয় দেখানো হয়।"
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
আরেক ভুক্তভোগী শাহ জালাল অভিযোগ করে বলেন, "ওয়েস্টার্ন ভ্যালির কথিত চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল জোরপূর্বক আমার জমি দখল করে অবৈধভাবে বালু ভরাট করেছেন। শুধু আমার নয়, সাধারণ মানুষের প্রায় ১৫০ বিঘা জমি দখল করে ভরাট করা হয়েছে বলে আমরা অভিযোগ করছি। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। তাঁর ভয়ে এলাকায় চলাফেরা করতেও ভয় লাগে।"
ভুক্তভোগী জহির উদ্দিন বাবুল বলেন, "গত ১৭ সেপ্টেম্বর রাজউক এসে অবৈধ অফিস ভেঙে দিয়েছে। কিন্তু তারা রাজউককে না মেনে আবার একই জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে।"
বনগ্রাম এলাকাবাসীরা বলছেন, সরকারি সংস্থার উচ্ছেদ অভিযানের পরও যদি একই স্থানে আবার কার্যক্রম চলে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? অভিযানের নির্দেশনা বাস্তবায়ন, প্রকল্পের অনুমোদন এবং জলাশয় ভরাটের অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, ক্ষোভ প্রকাশ করে তা নিয়েও জানতে চান তাঁরা।
ভূমিদস্যু ও বিতর্কিত সাইফুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে স্থানীয় বিএনপির অভ্যন্তরেও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাভার থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে সাভার থানা বিএনপির ‘সুপার ফোর’ এবং সংশ্লিষ্ট চারটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বিএনপির দলীয় হাইকমান্ডে লিখিত অনাস্থা জানিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা
ভূমিদস্যু সাইফুলের ব্যাপারে জানতে চাইলে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, "ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে জমি দখল বা প্রতারণার অভিযোগ থাকলে তার দায় দল নেবে না।" তাঁরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা।
এসব অভিযোগের বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিন সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় বক্তৃতায় দাবি করেছেন, "যদি কেউ কোন ভূমিদস্যুর অভিযোগ পান তাহলে স্বেচ্ছায় তিনি তারপর থেকে সরে দাঁড়াবেন।"
কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল এক নেতার বলেন, "দলের নাম ব্যবহার করে কেউ জনগণের জমি দখল বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।" অভিযোগের বিষয়ে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে রাজউক কর্তৃপক্ষ বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘ওয়েস্টার্ন ভ্যালি’ প্রকল্পের অফিসে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনাটি ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সতর্কও করা হয়েছে। তবে নতুন করে সেখানে কার্যক্রম শুরু হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ আগে অবগত ছিল না বলে জানায়।
আরও পড়ুন: ‘সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত’ - এমপি নূরুল আমিন
রাজউকের ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, "আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন