ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও অস্ত্র উদ্ধার


টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। অভিযানের সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। এই যানবাহনের দুই চালককে আটক করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের ফলাফল ও অস্ত্র-বিস্ফোরক উদ্ধার সম্পর্কে নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। এই চক্রটি প্রতিবেশী মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে। উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রবিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিবি। সেখানে অভিযান, উদ্ধার হওয়া অস্ত্র-বিস্ফোরকের উৎস এবং আটকদের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিন উদযাপন আজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিন উদযাপন আজ

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন আজ ৬৫তম জন্মদিন পালন করছেন (২২ নভেম্বর)।

১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে রেজাউদ্দিন স্টালিনের জন্ম হয়। তার পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং মাতা রেবেকা সুলতানা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তার দুই বোনও রয়েছে। কবি রেজাউদ্দিন স্টালিন শৈশবকাল থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহী ছিলেন। আট বছর বয়সে, ১৯৭০ সালে, তার প্রথম কবিতা ‘শপথ’ শতদল পত্রিকায় প্রকাশিত হয়। তিনি আশির দশকে একজন অগ্রগণ্য কবি হিসেবে পরিচিতি লাভ করেন।

স্টালিনের প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরিনি অবাধ্য আমি’ প্রকাশিত হয়। এরপর তিনি আরও ৪৫টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে— আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে। তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘তদন্ত রিপোর্ট’ প্রকাশিত হয়েছে। তিনি রবীন্দ্রনাথ আরোগ্য নামে একটি প্রবন্ধ গ্রন্থও রচনা করেছেন। ‘হাঁটতে থাকো’ নামে তার একটি ছড়া গ্রন্থ রয়েছে। স্টালিনের একমাত্র উপন্যাস ‘সম্পর্কেরা ভাঙ্গে’ প্রকাশিত হয়েছে। ‘আবার একদিন বৃষ্টি হবে’ শিরোনামে তার কবিতার একটি একক সিডি প্রকাশিত হয়, যা আবৃত্তি করেন প্রদীপ ঘোষ। অনুবাদক জাকারিয়া সিরাজী ‘সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন’ নামে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।

আশির দশকের কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব স্টালিন বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে— বাংলা একাডেমি, মধুসূদন, সিটি আনন্দ আলো, পদক্ষেপ বাংলাদেশ, খুলনা রাইটার্স ক্লাব, সাতক্ষীরা কবিতা পরিষদ, ঢাকা সিটি করপোরেশন পুরস্কার, আমেরিকা থেকে তরঙ্গ অব ক্যালির্ফোনিয়া, বাদাম ও রাইটার্স ক্লাব সম্মাননা, যুক্তরাজ্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সম্মাননা।

তার কবিতা ইংরেজি, ফরাসি, গ্রিক, জার্মান, রুশ, চীনা, তার্কিশ, উর্দু, আরবি, ফার্সি, স্প্যানিশসহ মোট ৪১টি ভাষায় অনূদিত হয়েছে। আমাজন প্রকাশ করেছে ‘সিলেক্টেড পোয়েমস অব রেজাউদ্দিন স্টালিন’। এর পাশাপাশি, তিনি মঞ্চ ও টিভির জনপ্রিয় উপস্থাপক হিসেবেও পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, প্রতি বছর ইনক্রিমেন্ট ও সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, প্রতি বছর ইনক্রিমেন্ট ও সুবিধা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগে নতুন নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম ও সংখ্যা: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, সংখ্যা নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/আইটি/গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া, ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল গাজীপুরে অবস্থিত।

বেতন ও অন্যান্য সুবিধা: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে। এ ছাড়া, মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, এবং দুপুরের খাবারের সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি ক্লিক করুন এখানে .

আবেদনের সময়সীমা: আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়ের পরও পিএসজি শিবিরে অস্বস্তি, ডুয়ের চোটের কারণে চিন্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


জয়ের পরও পিএসজি শিবিরে অস্বস্তি, ডুয়ের চোটের কারণে চিন্তা

ফরাসি লিগ ওয়ানে জয় ধরে রেখেছে পিএসজি। তবে বর্তমান চ্যাম্পিয়নদের জয়টি দলের তরুণ ফরোয়ার্ড দেজিরে ডুয়ে-র গুরুতর হাঁটুর চোটের কারণে ম্লান হয়ে গেছে।

শনিবার নিসের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল।

ম্যাচের ৩৯তম মিনিটে নিসের মিডফিল্ডার সোফিয়ান দিয়োপ-এর কাছ থেকে বল আড়াল করতে গিয়ে ডুয়ের ডান পা অস্বাভাবিকভাবে বেঁকে যায়, কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ডান হাঁটু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরে ২১ বছর বয়সী এই ফরাসি ফুটবলারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “চোটের সঠিক অবস্থা জানতে আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা যে দৃশ্য দেখেছি, তাতে এটি গুরুতর চোট বলেই মনে হচ্ছে। একজন পেশাদার ফুটবলারের জীবনে এমন ঘটনা ঘটে, এটাকে মেনে নিতে হয়।”

ডুয়ের শারীরিক ও মানসিক অবস্থার কথা উল্লেখ করে এনরিকে আরও বলেন, “সে খুবই দুঃখিত এবং উদ্বিগ্ন। তবে আমার কোনো সন্দেহ নেই, সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।”

চোটে পড়ার আগে ম্যাচে ডুয়ে নিজের মৌসুমের দ্বিতীয় লিগ গোলটি করেছিলেন। গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসা এই ফরোয়ার্ডকে বদলি হিসেবে নামানো হয় স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেসকে। পরে তোরেস পিএসজির তৃতীয় গোলটিও করেন। দলের প্রথম গোলটি আসে সেনি মায়ুলুর পা থেকে।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রোমার মুখোমুখি হবে গত দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। তাই ডুয়ের সম্ভাব্য দীর্ঘমেয়াদি অনুপস্থিতি কোচ এনরিকের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে পিএসজির ইনজুরি তালিকা বেশ লম্বা হয়ে উঠেছে। গত ২০ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে ম্যাচে খভিচা কাভারাতস্কেলিয়া ডান হাঁটুর এসিএল ছিঁড়ে ফেলেন। একই ম্যাচে উসমান দেম্বেলে ও অধিনায়ক মারকিনিওস উরুর পেশিতে গুরুতর চোটে পড়েন। যদিও দেম্বেলে নিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

উল্লেখ্য, ডুয়ে গত মৌসুমে কাফ ও উরুর চোটে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন। তার আগের মৌসুমেও গোড়ালির ইনজুরি তাকে ভুগিয়েছে। সর্বশেষ এই হাঁটুর চোট তাই পিএসজির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার হামলায় নিহত ২, আহত ৬০

ক্রিভি রিহে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান, রাশিয়ার ধারাবাহিক হামলায় নিহত হয়েছেন দুজন, যার মধ্যে সাত বছর বয়সী একটি শিশু রয়েছে। নিহত অপরজন ২০ বছর বয়সী এক নারী প্যারামেডিক। আহতের সংখ্যা অন্তত ৬০ জন, যাদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কেন্দ্রস্থলে হামলাটি সংঘটিত হয়। প্রথমে একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের লক্ষ্য করে জেটচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়। একই স্থানে পরে আরও এক দফা ড্রোন হামলা ঘটে।

শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল হামলার স্থান সম্পর্কে জানান, হামলাটি শহরের কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় রেস্তোরাঁর কাছে সংঘটিত হয়। ওই সময় সেখানে শিশু দিবস উপলক্ষে অনেক পরিবার ও শিশু উপস্থিত ছিল। প্রতিবছর ২০ নভেম্বর ইউক্রেনে বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চলাকালীন নতুন করে হামলা হয়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঝুঁকির সম্মুখীন হন। একই স্থানে উদ্ধারকাজ চলাকালীন দ্বিতীয় বা পরবর্তী দফায় হামলার কৌশলকে ‘ডাবল-ট্যাপ’ বা ‘ট্রিপল-ট্যাপ’ হিসেবে অভিহিত করা হয়।

আহতদের মধ্যে ২৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে। চিকিৎসকেরা আহতদের জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এ তথ্য জানিয়েছেন মেয়র ভিলকুল।

স্থানীয় সম্প্রচারমাধ্যম রুদানা নিহত সাত বছর বয়সী শিশুটির নাম তিখন বলে জানিয়েছে। সংবাদমাধ্যমটি শিশুটিকে দয়ালু, বুদ্ধিমান ও প্রতিভাবান হিসেবে বর্ণনা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শিশুটির পরিবার ক্রিভি রিহের বাসিন্দা ছিল না। তারা ব্যবসায়িক কাজে শহরটিতে এসে পছন্দের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শিশুটির মা ওলেনা বলেন, ‘বিপজ্জনক হওয়ায় আমরা এখানে থাকতাম না। কিন্তু বিপদ আমাদের এখানেও খুঁজে পেল।’ হামলায় ওলেনার অন্য দুই ছেলে আহত হয়েছে এবং তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রুদানা।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হামলার পর বলেন, শুক্রবার রাতের হামলায় শহরের বেসামরিক এলাকা আক্রান্ত হয়েছে। সেখানে আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই, কখনো ছিলও না।

তিনি আরও জানান, খারকিভ, দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, রিভনে, চেরনিহিভ, মিকোলাইভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলের শহর ও গ্রামেও হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া সুমি অঞ্চলের একটি রেলস্টেশনেও হামলা হয়েছে।

এদিকে ইউক্রেনের ওপর রাশিয়ার এ হামলা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে ঘটছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে পরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন হত্যাকারী।’

এরপর বার্লিনে ইউক্রেনের মিত্র দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপীয় নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নেন।

বৈঠক শেষে ইউক্রেনের প্রধান মিত্ররা এক যৌথ বিবৃতিতে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানান। তবে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, রাশিয়ার সর্বোচ্চ দাবিগুলো বাস্তবসম্মত নয়।

শনিবার (২১ নভেম্বর) তিন নেতার বৈঠককে পুতিনের জন্য ‘খুবই ব্যর্থ’ বলে মন্তব্য করেন জেলেনস্কি। তাঁর মতে, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের আদলে বিশ্বব্যবস্থা নতুন করে সাজানোর যে চেষ্টা রাশিয়া করেছিল, তা সফল হয়নি।

জেলেনস্কি আরও বলেন, চীন নিজেদের ওই পরিকল্পনায় জড়াতে দেয়নি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় কী হয়েছে, তা তিনি জানেন না। তবে সেখানে ইউক্রেন নিয়ে কোনো আলোচনা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%