১১:০৭ এম
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন আজ ৬৫তম জন্মদিন পালন করছেন (২২ নভেম্বর)।
১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে রেজাউদ্দিন স্টালিনের জন্ম হয়। তার পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এবং মাতা রেবেকা সুলতানা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তার দুই বোনও রয়েছে। কবি রেজাউদ্দিন স্টালিন শৈশবকাল থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহী ছিলেন। আট বছর বয়সে, ১৯৭০ সালে, তার প্রথম কবিতা ‘শপথ’ শতদল পত্রিকায় প্রকাশিত হয়। তিনি আশির দশকে একজন অগ্রগণ্য কবি হিসেবে পরিচিতি লাভ করেন।
স্টালিনের প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরিনি অবাধ্য আমি’ প্রকাশিত হয়। এরপর তিনি আরও ৪৫টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে— আর্শীবাদ করি আমার দুঃসময়কে, আঙ্গুলের জন্য দ্বৈরথ, হিংস্র নৈশ্য ভোজ, সব জন্মে শত্রু ছিল যে। তার সর্বশেষ কাব্যগ্রন্থ ‘তদন্ত রিপোর্ট’ প্রকাশিত হয়েছে। তিনি রবীন্দ্রনাথ আরোগ্য নামে একটি প্রবন্ধ গ্রন্থও রচনা করেছেন। ‘হাঁটতে থাকো’ নামে তার একটি ছড়া গ্রন্থ রয়েছে। স্টালিনের একমাত্র উপন্যাস ‘সম্পর্কেরা ভাঙ্গে’ প্রকাশিত হয়েছে। ‘আবার একদিন বৃষ্টি হবে’ শিরোনামে তার কবিতার একটি একক সিডি প্রকাশিত হয়, যা আবৃত্তি করেন প্রদীপ ঘোষ। অনুবাদক জাকারিয়া সিরাজী ‘সিলেক্টটেড পয়েমস অব রেজাউদ্দিন স্টালিন’ নামে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।
আরও পড়ুন: বাংলা কবিতায় হেমন্ত: ঋতুর নীরবতা, প্রকৃতির বিষণ্নতা ও কবিতার অন্তর্লোক
আশির দশকের কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব স্টালিন বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে— বাংলা একাডেমি, মধুসূদন, সিটি আনন্দ আলো, পদক্ষেপ বাংলাদেশ, খুলনা রাইটার্স ক্লাব, সাতক্ষীরা কবিতা পরিষদ, ঢাকা সিটি করপোরেশন পুরস্কার, আমেরিকা থেকে তরঙ্গ অব ক্যালির্ফোনিয়া, বাদাম ও রাইটার্স ক্লাব সম্মাননা, যুক্তরাজ্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সম্মাননা।
তার কবিতা ইংরেজি, ফরাসি, গ্রিক, জার্মান, রুশ, চীনা, তার্কিশ, উর্দু, আরবি, ফার্সি, স্প্যানিশসহ মোট ৪১টি ভাষায় অনূদিত হয়েছে। আমাজন প্রকাশ করেছে ‘সিলেক্টেড পোয়েমস অব রেজাউদ্দিন স্টালিন’। এর পাশাপাশি, তিনি মঞ্চ ও টিভির জনপ্রিয় উপস্থাপক হিসেবেও পরিচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন