ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নিয়ে এলো সুখবর


খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নিয়ে এলো সুখবর

খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা নতুন করে উন্মোচিত হয়েছে। খুলনা অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি মাথায় রেখে সরকার বিমানবন্দর নির্মাণের জন্য বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করবে। মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য প্রদান করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।

প্রশ্নে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জানতে চান, সরকারের পরিকল্পনা কীভাবে খুলনার মানুষের জন্য দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে।

আরও পড়ুন: মাদারীপুরে প্রত্যন্ত গ্রামের ছাত্রীদের জন্য সাইকেল বিতরণ, উপস্থিতি বাড়ানোর উদ্যোগ

মন্ত্রী জানিয়েছেন, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২১৭ হেক্টর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণকৃত জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে বিগত সরকারের সময়ে ২০২৩ সালের ২২ জুন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মন্ত্রী আরও জানান, আকাশপথে যোগাযোগের আধুনিকায়নে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের মোট আটটি বিমানবন্দর সচল করার লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে।

এছাড়া, সরকার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। এতে দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, খুলনা অঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। এই সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

আরও পড়ুন: বাঘারপাড়ায় বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, কৃষকেরা উৎপাদন কমার আশঙ্কায়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগে রাতে ত্বকের যত্নের ৪ উপায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


শীতের আগে রাতে ত্বকের যত্নের ৪ উপায়

শীতের আগমনের পূর্বে ত্বকে শুষ্কতা, রুক্ষতা এবং টানটান ভাব দেখা দিতে পারে। আবহাওয়ার পরিবর্তনের ফলে বাতাসে আর্দ্রতা কমতে শুরু করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হ্রাস পেতে থাকে। বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে ত্বকের জন্য কিছু বাড়তি যত্ন নেওয়া হলে শীতের শুষ্কতা মোকাবেলা করা সহজ হয়। তাই শীতের আগমনের আগে রাতে রূপচর্চায় চারটি অভ্যাস অন্তর্ভুক্ত করা যেতে পারে।

১. ভালোভাবে মুখ পরিষ্কার করুন: সারাদিনের ধুলাবালি, ঘাম, প্রসাধনী এবং অতিরিক্ত তেল ত্বকের উপর জমা হয়। তাই রাতে ঘুমানোর আগে মৃদু ক্লিনজার ব্যবহার করে মুখ পরিষ্কার করা উচিত। অতিরিক্ত কড়া সাবান বা স্ক্রাব ব্যবহার করা উচিত নয়। এতে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন: শীতের আগেই রাতে ময়েশ্চারাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তোলা উচিত। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা অবস্থায় উপযুক্ত ময়েশ্চারাইজার লাগানো উচিত। শুষ্ক ত্বকের জন্য ঘন ক্রিম এবং তৈলাক্ত ত্বকের জন্য হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নেওয়া যেতে পারে।

৩. ঠোঁট ও হাত-পায়ের যত্ন নিন: শীতের শুরুতে ঠোঁট ফেটে যাওয়ার এবং হাত-পায়ের ত্বক রুক্ষ হওয়ার সমস্যা দেখা দিতে পারে। ঘুমানোর আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা সুগন্ধিবিহীন লিপ বাম লাগানো উচিত। হাত-পায়ের শুষ্ক জায়গায় ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। প্রয়োজনে পায়ে ক্রিম লাগিয়ে নরম সুতি মোজা পরে ঘুমানো যেতে পারে।

৪. পর্যাপ্ত পানি পান ও ঘুম নিশ্চিত করুন: ত্বকের সুস্থতার জন্য শরীরের সামগ্রিক যত্নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের বেলায় পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখা উচিত। তবে শুধু বেশি পানি পান করলেই ত্বকের শুষ্কতা দূর হয় না; ত্বকের বাইরের ময়েশ্চারাইজার ব্যবহার করাও প্রয়োজন।

আরও কিছু সতর্কতা-

অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ বা শরীর ধোয়া উচিত নয়।

নতুন কোনো প্রসাধনী ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করা উচিত।

শীতকালেও দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

ত্বকে অতিরিক্ত চুলকানি, লালচে ভাব বা ফাটার সমস্যা দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভারতীয় নাগরিক আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্তে অবৈধভাবে প্রবেশ করার সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পো।

বিজিবি সূত্র জানায়, দুপুর দেড়টার সময় সীমান্ত পিলার ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এসের মধ্যবর্তী এলাকা দিয়ে শূন্যরেখা পার হয়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করে তারা। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

তল্লাশি চালানোর পর তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোম টেক্সটাইল ও চামড়া রপ্তানি বাড়াতে টেকসই উৎপাদন ও কমপ্লায়েন্সে জোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


হোম টেক্সটাইল ও চামড়া রপ্তানি বাড়াতে টেকসই উৎপাদন ও কমপ্লায়েন্সে জোর

বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর জন্য হোম টেক্সটাইল খাতে টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করা এবং চামড়া খাতে সামাজিক কমপ্লায়েন্সের ঘাটতি দূর করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন শিল্প-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা।

তারা উল্লেখ করেছেন, পরিবেশবান্ধব উৎপাদনচর্চার অভাব, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অর্থায়নের সংকট বাংলাদেশের রপ্তানিমুখী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়া খাতে এই প্রতিবন্ধকতা দূর করা না হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ অর্থনৈতিক ইউনিট রয়েছে, যেখানে কর্মরত প্রায় ৩ কোটি ৬ লাখ মানুষ। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান আনুমানিক ২৫ শতাংশ।

বক্তারা সতর্ক করেছেন যে, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সহজ অর্থায়ন নিশ্চিত করা না গেলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের এসএমইগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির (আরভিও) অংশ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পরিচালিত সংস্থা সিবিআই এ ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে সংস্থাটির আওতায় ‘হোম টেক্সটাইল: সাসটেইনেবল হোম টেক্সটাইলস বাংলাদেশ (২০২৫-২০৩০)’ এবং ‘লেদার: বাংলাদেশ লেদার এক্স ডিসেন্ট ওয়ার্ক (২০২৫-২০২৯)’ শীর্ষক দুটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হোম টেক্সটাইল কর্মসূচির আওতায় এসএমই উদ্যোক্তাদের টেকসই উৎপাদনব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে। এই উদ্যোগে তরল বর্জ্য ব্যবস্থাপনা, প্রাকৃতিক রঙের ব্যবহার এবং বিকল্প উপকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও, প্রাকৃতিক রঙের ব্যবহার সম্প্রসারণ, ক্ষুদ্র কারুশিল্পভিত্তিক এসএমইর জন্য বর্জ্য পরিশোধন সমাধান এবং ইটিপি স্থাপনে অর্থায়নের সুযোগ নিয়ে তিনটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, চামড়া কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সামাজিক কমপ্লায়েন্স জোরদার করা এবং ইউরোপীয় বাজারে প্রবেশের প্রস্তুতি বাড়ানো। এই কর্মসূচিতে কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি রপ্তানি বাজার। সেখানে বাংলাদেশের একজন কার্যকর অংশীদার প্রয়োজন।"

তিনি আরও বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত একটি রপ্তানি বাজার। সেখানে আমাদের একজন প্রকৃত কার্যকর অংশীদার প্রয়োজন। আর নেদারল্যান্ডস আমাদের সিএমএসএমইগুলোর জন্য নতুন সুযোগ তৈরি এবং ওই বাজারে সহজতর প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে।"

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, "কমপ্লায়েন্সের শর্তগুলোকে বাধা হিসেবে না দেখে ব্যবসার নতুন সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।"

তিনি বলেন, "কেউ কেউ কমপ্লায়েন্সের শর্তগুলোকে বাধা বা সমস্যা হিসেবে দেখেন, কিন্তু নেদারল্যান্ডস হিসেবে আমরা একে দেখি একটি সুযোগ হিসেবে। প্রতিষ্ঠানগুলোর জন্য সঠিক পথে ব্যবসা করার, নিজেদের আলাদা করে তুলে ধরার এবং উচ্চমূল্যের বাজারে উত্তরণের একটি উপায় হিসেবে।"

স্বাগত বক্তব্যে সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বলেন, সামাজিক কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং ইউরোপীয় বাজারে এসএমইগুলোর অবস্থান শক্তিশালী করতে সংস্থাটি কাজ করবে।

তিনি বলেন, "পেশাগত স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা, নারী ও পুরুষের জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"

ডাচ ও ইউরোপীয় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "সরবরাহকারীরা এজন্য প্রস্তুতি নিচ্ছেন। আসুন, তাদের সঙ্গে দেখা করুন, তাদের কাছ থেকে পণ্য কিনুন, তাদের সঙ্গে বিনিয়োগ করুন এবং নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিন।"

কর্মসূচি উদ্বোধনের পর সিবিআইয়ের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ও পরামর্শক জিম টেরস্টেগ বাংলাদেশের হোম টেক্সটাইল খাতে সিবিআইয়ের কর্মসূচি এবং এসএমইদের জন্য বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মী পাঠানোর তালিকায় নওগাঁ ৩৭তম, দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনে জোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


বিদেশে কর্মী পাঠানোর তালিকায় নওগাঁ ৩৭তম, দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনে জোর

বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। যদিও প্রবাসী কর্মীর সংখ্যা ও বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে এই ক্ষেত্রে জেলাটি পিছিয়ে রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ অবস্থান থেকে উত্তরণে দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ পথে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক উল্লেখ করেন, বিদেশে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা, মর্যাদা ও বেতন তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশের তুলনায় নেপাল ও ফিলিপাইনের মতো দেশের কর্মীরা বিদেশে অধিক বেতন ও মর্যাদা লাভ করেন। এর একটি প্রধান কারণ হলো তাঁদের দক্ষতা ও প্রশিক্ষণ। তাই বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অধিক রেমিট্যান্স অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়া অনুসরণ করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি হ্রাস পায়। তবে, যদি কেউ প্রতারিত হন, তাহলে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। তাই দালালদের মাধ্যমে অবৈধ পথে বিদেশে না গিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাওয়ার বিষয়ে সকলকে সচেতন করতে হবে।

জেলা প্রশাসক আবারও উল্লেখ করেন, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। এই অবস্থান থেকে জেলাকে এগিয়ে নিতে হবে। নওগাঁর আরও অধিক মানুষ যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা সভাটি পরিচালনা করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও ডিএমসিসির সদস্যসচিব মো. সামানুর ইমাম।

তিনি বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

সভায় নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন এবং জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জ্যেষ্ঠ ইনস্ট্রাক্টর মাহমুদ আল হাদী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক এস এম মাহমুদুল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুতাসিম বিল্লাহ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলাম এবং সাংবাদিক কাজী কামাল হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%