প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। যদিও প্রবাসী কর্মীর সংখ্যা ও বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে এই ক্ষেত্রে জেলাটি পিছিয়ে রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ অবস্থান থেকে উত্তরণে দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ পথে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক উল্লেখ করেন, বিদেশে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা, মর্যাদা ও বেতন তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশের তুলনায় নেপাল ও ফিলিপাইনের মতো দেশের কর্মীরা বিদেশে অধিক বেতন ও মর্যাদা লাভ করেন। এর একটি প্রধান কারণ হলো তাঁদের দক্ষতা ও প্রশিক্ষণ। তাই বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অধিক রেমিট্যান্স অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়া অনুসরণ করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি হ্রাস পায়। তবে, যদি কেউ প্রতারিত হন, তাহলে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। তাই দালালদের মাধ্যমে অবৈধ পথে বিদেশে না গিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাওয়ার বিষয়ে সকলকে সচেতন করতে হবে।
জেলা প্রশাসক আবারও উল্লেখ করেন, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। এই অবস্থান থেকে জেলাকে এগিয়ে নিতে হবে। নওগাঁর আরও অধিক মানুষ যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা সভাটি পরিচালনা করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও ডিএমসিসির সদস্যসচিব মো. সামানুর ইমাম।
তিনি বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
সভায় নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন এবং জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জ্যেষ্ঠ ইনস্ট্রাক্টর মাহমুদ আল হাদী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক এস এম মাহমুদুল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুতাসিম বিল্লাহ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলাম এবং সাংবাদিক কাজী কামাল হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন