বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৭ পি.এম
জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি উল্লেখ করেন, এই ঘটনার সাথে জড়িতদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নুসরাত তাবাসসুমের বাবার পুরাতন টিনের বাড়িতে হামলা চালানো হয়েছে। ওই বাড়িতে গরু, হাঁস-মুরগি ও কবুতর পালনের পাশাপাশি পুরাতন মালামাল রাখা হতো এবং বাড়ির কেয়ারটেকার সেখানে অবস্থান করতেন। পাশাপাশি মাত্র ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে নুসরাত তাবাসসুমের মা-বাবা বসবাস করছেন।
স্থানীয় প্রশাসনের তথ্যের ভিত্তিতে রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, রাস্তা থেকে বাড়িটিকে লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। নতুন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরাতন বাড়ির আশপাশে ক্যামেরা না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে। তবে কুষ্টিয়া পুলিশ সুপার এবং দৌলতপুর থানার ওসিসহ স্থানীয় পুলিশ প্রশাসন সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়া ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ঢাকা থেকেও পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও জানান, অগ্নিসন্ত্রাসের এই ঘটনার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্তদের ওপর যেকোনো হামলা ও নাশকতা কঠোরভাবে মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে রাশেদ খাঁন পোস্টে লিখেন, “আশা করি, শীঘ্রই অগ্নিসন্ত্রাসের সাথে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেফতার হবে। নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা ন্যূনতম ছাড় পাবে না, ইনশাআল্লাহ।”
পোস্টের শেষাংশে তিনি এই ধরনের অপশক্তি মোকাবিলায় সরকারের পাশাপাশি গণঅভ্যুত্থানের শক্তিগুলোকেও সজাগ থাকার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাশিয়া ও চীনের পাশাপাশি এবার মার্কিন চাপকে উপেক্ষা করে ইরানের পক্ষে অবস্থান গ্রহণ করেছে তুরস্ক, ইরাক এবং পাকিস্তান।
সম্প্রতি, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে দেশটির স্থলসীমান্ত বন্ধ করার পরিকল্পনা করেছিল। কিন্তু প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে তুরস্ক, ইরাক ও পাকিস্তানের বিরোধিতার কারণে মার্কিন এই প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার সূচনা থেকেই ইরানের জল ও আকাশপথের বাণিজ্যকে কড়া নজরদারিতে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার তাদের লক্ষ্য ছিল স্থলপথের বাণিজ্য বন্ধ করা। এই উদ্দেশ্যে তুরস্ক, ইরাক ও পাকিস্তানকে সীমান্ত বন্ধ করতে চাপ দেওয়া হচ্ছিল। তবে দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই মুহূর্তে সীমান্ত বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয়।
দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে তাদের বিশাল অঙ্কের ব্যবসা রয়েছে। বিশেষ করে পাকিস্তান ও ইরাক জ্বালানি এবং বিদ্যুৎ আমদানির জন্য ইরানের ওপর অনেকখানি নির্ভরশীল। তাছাড়া সীমান্ত এলাকার লাখ লাখ মানুষ এই বাণিজ্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দিলে সেখানে বড় ধরনের গণঅস্থিরতা বা হাঙ্গামা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কায় তুরস্কও নিয়ম পরিবর্তনে রাজি হয়নি, এবং ইরাক ও পাকিস্তানও ওয়াশিংটনের নির্দেশ অনুযায়ী সীমান্ত বন্ধ করেনি।
কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র এবার নতুন পথ বেছে নিয়েছে। গত শনিবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি নতুন দল গঠন করা হয়েছে। ফ্লোরিডায় অবস্থিত ২০ জনের এই বিশেষ দল সরাসরি যুদ্ধে অংশ নেবে না, বরং তারা গোয়েন্দা তথ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করবে যাতে তারা নিজেদের অবৈধ অস্ত্র ও চোরাচালান আটকাতে পারে।
ট্রাম্প প্রশাসন এখন মনে করছে, সামরিক হামলার চেয়ে তেহরানের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করা অধিক কার্যকর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, "ইরান এখন যে অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে, তাতে নতুন করে বোমা হামলার কোনো দরকার নেই।"
অন্যদিকে, ইরানও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন চাপ মোকাবেলা এবং বাণিজ্য টিকিয়ে রাখতে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্সের মোকাবিলা করতে গত মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপে কাতারে অংশগ্রহণ করবে না। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানানো হয়েছে, যা ইরান ও ইয়েমেনের হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বিবাদের কারণে হয়েছে। হামলার শিকার হওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরটি ইএসপিএন ফুটবলের মাধ্যমে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গত ২৩ অক্টোবর মার্কিন নাগরিকদের জন্য কাতারে লেভেল-৩ ভ্রমণ সতর্কতা জারি করে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ‘সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে কাতার ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।’ প্রতিবেশী সৌদি আরবে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
সশস্ত্র হামলার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইএসপিএন জানায়, যুক্তরাষ্ট্র ফুটবল এক চিঠির মাধ্যমে খেলোয়াড়দের এই সিদ্ধান্তের কথা জানায়। চিঠিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে, কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বর্তমান লেভেল-৩ ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য জারি করা সংশ্লিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আর এই টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। আমাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই সব সময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ৪৮ দল নিয়ে ১৯ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ অ্যালেক্স আলদাজ টুর্নামেন্টের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছিলেন। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা ছিল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় যদি নাশকতার আলামত পাওয়া যায়, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, এই বিষয়ে তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেয়া হয়েছে।’
এ ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিবেদন দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘সেখানে পেট্রোল বোমার কোনো চিহ্ন বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলের সব ছবি আমি দেখেছি। পুরোনো বাড়ি হওয়ায় শর্টসার্কিটের ঘটনাও হতে পারে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তদন্ত চলছে। যদি নাশকতার কোনো আলামত পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু ঘটনাটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, তাই আমি আর বেশি কথা বলব না। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি উঠে এসেছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন ও শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি উল্লেখ করেছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি শ্রমিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৪৬ নম্বর ওয়ার্ডের হকের মোড় এলাকায় মা টাওয়ারের সম্মেলন কক্ষে পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শিল্পাঞ্চলের নিরাপত্তা, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ, অবৈধ পার্কিং, যানজট, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশাসক বলেন, শিল্পাঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সিটি করপোরেশন, শিল্প মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিল্পাঞ্চলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত নীতি মালা অনুসরণ করে প্রবেশ ও বের হওয়ার গেট স্থাপনের পরামর্শ দেন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হবে। শ্রমিকদের নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় বক্তারা বলেন, সড়ক ও ফুটপাত দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে শিল্পাঞ্চলে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে পর্যাপ্ত সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সভায় মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল, মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা এবং টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পোশাকশিল্পের মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা শিল্পাঞ্চলের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় জোরদার এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ