প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর জন্য হোম টেক্সটাইল খাতে টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করা এবং চামড়া খাতে সামাজিক কমপ্লায়েন্সের ঘাটতি দূর করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন শিল্প-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা।
তারা উল্লেখ করেছেন, পরিবেশবান্ধব উৎপাদনচর্চার অভাব, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অর্থায়নের সংকট বাংলাদেশের রপ্তানিমুখী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়া খাতে এই প্রতিবন্ধকতা দূর করা না হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ অর্থনৈতিক ইউনিট রয়েছে, যেখানে কর্মরত প্রায় ৩ কোটি ৬ লাখ মানুষ। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান আনুমানিক ২৫ শতাংশ।
বক্তারা সতর্ক করেছেন যে, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সহজ অর্থায়ন নিশ্চিত করা না গেলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের এসএমইগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির (আরভিও) অংশ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পরিচালিত সংস্থা সিবিআই এ ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে সংস্থাটির আওতায় ‘হোম টেক্সটাইল: সাসটেইনেবল হোম টেক্সটাইলস বাংলাদেশ (২০২৫-২০৩০)’ এবং ‘লেদার: বাংলাদেশ লেদার এক্স ডিসেন্ট ওয়ার্ক (২০২৫-২০২৯)’ শীর্ষক দুটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হোম টেক্সটাইল কর্মসূচির আওতায় এসএমই উদ্যোক্তাদের টেকসই উৎপাদনব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে। এই উদ্যোগে তরল বর্জ্য ব্যবস্থাপনা, প্রাকৃতিক রঙের ব্যবহার এবং বিকল্প উপকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও, প্রাকৃতিক রঙের ব্যবহার সম্প্রসারণ, ক্ষুদ্র কারুশিল্পভিত্তিক এসএমইর জন্য বর্জ্য পরিশোধন সমাধান এবং ইটিপি স্থাপনে অর্থায়নের সুযোগ নিয়ে তিনটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, চামড়া কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সামাজিক কমপ্লায়েন্স জোরদার করা এবং ইউরোপীয় বাজারে প্রবেশের প্রস্তুতি বাড়ানো। এই কর্মসূচিতে কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি রপ্তানি বাজার। সেখানে বাংলাদেশের একজন কার্যকর অংশীদার প্রয়োজন।"
তিনি আরও বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত একটি রপ্তানি বাজার। সেখানে আমাদের একজন প্রকৃত কার্যকর অংশীদার প্রয়োজন। আর নেদারল্যান্ডস আমাদের সিএমএসএমইগুলোর জন্য নতুন সুযোগ তৈরি এবং ওই বাজারে সহজতর প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে।"
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, "কমপ্লায়েন্সের শর্তগুলোকে বাধা হিসেবে না দেখে ব্যবসার নতুন সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।"
তিনি বলেন, "কেউ কেউ কমপ্লায়েন্সের শর্তগুলোকে বাধা বা সমস্যা হিসেবে দেখেন, কিন্তু নেদারল্যান্ডস হিসেবে আমরা একে দেখি একটি সুযোগ হিসেবে। প্রতিষ্ঠানগুলোর জন্য সঠিক পথে ব্যবসা করার, নিজেদের আলাদা করে তুলে ধরার এবং উচ্চমূল্যের বাজারে উত্তরণের একটি উপায় হিসেবে।"
স্বাগত বক্তব্যে সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বলেন, সামাজিক কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং ইউরোপীয় বাজারে এসএমইগুলোর অবস্থান শক্তিশালী করতে সংস্থাটি কাজ করবে।
তিনি বলেন, "পেশাগত স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা, নারী ও পুরুষের জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"
ডাচ ও ইউরোপীয় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "সরবরাহকারীরা এজন্য প্রস্তুতি নিচ্ছেন। আসুন, তাদের সঙ্গে দেখা করুন, তাদের কাছ থেকে পণ্য কিনুন, তাদের সঙ্গে বিনিয়োগ করুন এবং নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিন।"
কর্মসূচি উদ্বোধনের পর সিবিআইয়ের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ও পরামর্শক জিম টেরস্টেগ বাংলাদেশের হোম টেক্সটাইল খাতে সিবিআইয়ের কর্মসূচি এবং এসএমইদের জন্য বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন