প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা নতুন করে উন্মোচিত হয়েছে। খুলনা অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি মাথায় রেখে সরকার বিমানবন্দর নির্মাণের জন্য বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করবে। মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য প্রদান করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।
প্রশ্নে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জানতে চান, সরকারের পরিকল্পনা কীভাবে খুলনার মানুষের জন্য দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে।
মন্ত্রী জানিয়েছেন, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২১৭ হেক্টর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণকৃত জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে বিগত সরকারের সময়ে ২০২৩ সালের ২২ জুন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মন্ত্রী আরও জানান, আকাশপথে যোগাযোগের আধুনিকায়নে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের মোট আটটি বিমানবন্দর সচল করার লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে।
এছাড়া, সরকার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। এতে দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রী বলেন, খুলনা অঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। এই সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন