ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

হোম টেক্সটাইল ও চামড়া রপ্তানি বাড়াতে টেকসই উৎপাদন ও কমপ্লায়েন্সে জোর


হোম টেক্সটাইল ও চামড়া রপ্তানি বাড়াতে টেকসই উৎপাদন ও কমপ্লায়েন্সে জোর

বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর জন্য হোম টেক্সটাইল খাতে টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করা এবং চামড়া খাতে সামাজিক কমপ্লায়েন্সের ঘাটতি দূর করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন শিল্প-সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা।

তারা উল্লেখ করেছেন, পরিবেশবান্ধব উৎপাদনচর্চার অভাব, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অর্থায়নের সংকট বাংলাদেশের রপ্তানিমুখী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়া খাতে এই প্রতিবন্ধকতা দূর করা না হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি ও কৃষি উদ্যোক্তায় বিনিয়োগে আগ্রহী এডিবি

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬’-এ বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ অর্থনৈতিক ইউনিট রয়েছে, যেখানে কর্মরত প্রায় ৩ কোটি ৬ লাখ মানুষ। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান আনুমানিক ২৫ শতাংশ।

বক্তারা সতর্ক করেছেন যে, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সহজ অর্থায়ন নিশ্চিত করা না গেলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের এসএমইগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির (আরভিও) অংশ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পরিচালিত সংস্থা সিবিআই এ ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে সংস্থাটির আওতায় ‘হোম টেক্সটাইল: সাসটেইনেবল হোম টেক্সটাইলস বাংলাদেশ (২০২৫-২০৩০)’ এবং ‘লেদার: বাংলাদেশ লেদার এক্স ডিসেন্ট ওয়ার্ক (২০২৫-২০২৯)’ শীর্ষক দুটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: বিদেশি মুদ্রার লেনদেনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক

হোম টেক্সটাইল কর্মসূচির আওতায় এসএমই উদ্যোক্তাদের টেকসই উৎপাদনব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে। এই উদ্যোগে তরল বর্জ্য ব্যবস্থাপনা, প্রাকৃতিক রঙের ব্যবহার এবং বিকল্প উপকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও, প্রাকৃতিক রঙের ব্যবহার সম্প্রসারণ, ক্ষুদ্র কারুশিল্পভিত্তিক এসএমইর জন্য বর্জ্য পরিশোধন সমাধান এবং ইটিপি স্থাপনে অর্থায়নের সুযোগ নিয়ে তিনটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, চামড়া কর্মসূচির লক্ষ্য হলো ক্ষুদ্র চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সামাজিক কমপ্লায়েন্স জোরদার করা এবং ইউরোপীয় বাজারে প্রবেশের প্রস্তুতি বাড়ানো। এই কর্মসূচিতে কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি রপ্তানি বাজার। সেখানে বাংলাদেশের একজন কার্যকর অংশীদার প্রয়োজন।"

তিনি আরও বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত একটি রপ্তানি বাজার। সেখানে আমাদের একজন প্রকৃত কার্যকর অংশীদার প্রয়োজন। আর নেদারল্যান্ডস আমাদের সিএমএসএমইগুলোর জন্য নতুন সুযোগ তৈরি এবং ওই বাজারে সহজতর প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে।"

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, "কমপ্লায়েন্সের শর্তগুলোকে বাধা হিসেবে না দেখে ব্যবসার নতুন সুযোগ হিসেবে বিবেচনা করা উচিত।"

তিনি বলেন, "কেউ কেউ কমপ্লায়েন্সের শর্তগুলোকে বাধা বা সমস্যা হিসেবে দেখেন, কিন্তু নেদারল্যান্ডস হিসেবে আমরা একে দেখি একটি সুযোগ হিসেবে। প্রতিষ্ঠানগুলোর জন্য সঠিক পথে ব্যবসা করার, নিজেদের আলাদা করে তুলে ধরার এবং উচ্চমূল্যের বাজারে উত্তরণের একটি উপায় হিসেবে।"

স্বাগত বক্তব্যে সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বলেন, সামাজিক কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং ইউরোপীয় বাজারে এসএমইগুলোর অবস্থান শক্তিশালী করতে সংস্থাটি কাজ করবে।

তিনি বলেন, "পেশাগত স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা, নারী ও পুরুষের জন্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ এবং শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"

আরও পড়ুন: এবার জাপান-আমিরাত থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত অনুমোদন

ডাচ ও ইউরোপীয় ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "সরবরাহকারীরা এজন্য প্রস্তুতি নিচ্ছেন। আসুন, তাদের সঙ্গে দেখা করুন, তাদের কাছ থেকে পণ্য কিনুন, তাদের সঙ্গে বিনিয়োগ করুন এবং নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিন।"

কর্মসূচি উদ্বোধনের পর সিবিআইয়ের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ও পরামর্শক জিম টেরস্টেগ বাংলাদেশের হোম টেক্সটাইল খাতে সিবিআইয়ের কর্মসূচি এবং এসএমইদের জন্য বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মী পাঠানোর তালিকায় নওগাঁ ৩৭তম, দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনে জোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


বিদেশে কর্মী পাঠানোর তালিকায় নওগাঁ ৩৭তম, দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনে জোর

বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। যদিও প্রবাসী কর্মীর সংখ্যা ও বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে এই ক্ষেত্রে জেলাটি পিছিয়ে রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ অবস্থান থেকে উত্তরণে দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং বৈধ পথে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক উল্লেখ করেন, বিদেশে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা, মর্যাদা ও বেতন তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশের তুলনায় নেপাল ও ফিলিপাইনের মতো দেশের কর্মীরা বিদেশে অধিক বেতন ও মর্যাদা লাভ করেন। এর একটি প্রধান কারণ হলো তাঁদের দক্ষতা ও প্রশিক্ষণ। তাই বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অধিক রেমিট্যান্স অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়া অনুসরণ করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি হ্রাস পায়। তবে, যদি কেউ প্রতারিত হন, তাহলে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। তাই দালালদের মাধ্যমে অবৈধ পথে বিদেশে না গিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাওয়ার বিষয়ে সকলকে সচেতন করতে হবে।

জেলা প্রশাসক আবারও উল্লেখ করেন, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। এই অবস্থান থেকে জেলাকে এগিয়ে নিতে হবে। নওগাঁর আরও অধিক মানুষ যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা সভাটি পরিচালনা করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও ডিএমসিসির সদস্যসচিব মো. সামানুর ইমাম।

তিনি বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য ও প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

সভায় নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন এবং জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জ্যেষ্ঠ ইনস্ট্রাক্টর মাহমুদ আল হাদী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক এস এম মাহমুদুল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুতাসিম বিল্লাহ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলাম এবং সাংবাদিক কাজী কামাল হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্যকে শক্তির উৎসে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


বর্জ্যকে শক্তির উৎসে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা

বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হতে না দিয়ে একে সম্পদ, শক্তির উৎস এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে।

তিনি বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো ওয়েসট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান।

রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য, তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ কৌশল বর্জ্যের রিডিউস, রিইউজ এবং রিসাইকেলকরণকে উৎসাহিত করে। আমাদের 'কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাতেও' বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থাকে আরও জোরদার করে।

তিনি বলেন, আমাদের ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ (এনডিসি ৩.০) এর আওতায় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

জুবাইদা রহমান জানান, সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনা- যার মাধ্যমে এই বর্জ্যের যথাযথ পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করা হয়।

তিনি আরও জানান, ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে প্রতিদিন ৩,০০০ টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আমরা বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলোতেও এ ধরনের প্রকল্পের বিস্তার ঘটাতে চাই।

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ সরকারের লক্ষ্য খুব সহজ শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। এছাড়া প্লাস্টিক দূষণ কমাতে আমরা আমাদের লেক, খাল, পুকুর ও জলাশয়গুলো পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছি। প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের কাছে রয়েছে, তা হলো আমাদের সোনালী আঁশ, পাট। প্লাস্টিকের পরিবর্তে আমরা পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছি। গ্রিন জোনে অবস্থিত 'বাংলাদেশ জুট প্যাভিলিয়ন' পরিদর্শনের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জলবায়ু-বান্ধব কৃষি এবং উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করছি। এছাড়া, আমরা জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরিত করছি।

তবে একক প্রচেষ্টায় 'জিরো ওয়েস্ট' লক্ষ্য অর্জন করা সম্ভব নয় উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, এর জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি। সেই সাথে দরকার বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সঠিক সুরক্ষা। আমাদের তরুণ প্রজন্মকে এই আন্দোলনের অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে আমাদের ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। আমাদের তরুণরা শুধু আগামী দিনের নেতাই নয়, আজকের দিনের সমস্যা সমাধানেরও অংশীদার।

তিনি বলেন, বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেয়া উচিত নয় বরং একে সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করা উচিত। আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি। বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করতে পুরোপুরি প্রস্তুত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন লাগার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন লাগার ঘটনা

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের দ্বারা জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লেগেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে বনরক্ষীরা কার্গোটির কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বন বিভাগের সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ ৯ জনকে আটক করা হয়েছিল। আটক কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসের নিকটে ভোলা নদীতে নোঙর করা ছিল। বুধবার সকালে ওই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করেন।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের কয়লার স্তূপে ভেতরে তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই মিনি কার্গোটি আটক করা হয়। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে কার্গোসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে হইচই, ডেপুটি স্পিকার: নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


সংসদে হইচই, ডেপুটি স্পিকার: নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না

সংসদে প্রশ্নের জবাব দেওয়ার সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি মন্তব্য করেন, "এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন?" তিনি সংসদ সদস্যদের ধৈর্যের সঙ্গে বসে মন্ত্রীর উত্তর শোনার জন্য অনুরোধ করেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হইচই শুরু হলে ডেপুটি স্পিকার এই কথা বলেন।

সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্ন করেন। তিনি সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।

মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, "তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়।" তিনি আরও জানান, "যদি তার জবাব অপছন্দ হয় তবে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে।"

হইচই বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, "সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেওয়ারও অধিকার রয়েছে।" বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এরপর ডেপুটি স্পিকার বলেন, "মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন।" তিনি আরও বলেন, "উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।"

এরপর মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%