০৪:০২ এম
কক্সবাজারের অপরাধ জগতের লাগাম টানার উদ্দেশ্যে সদর মডেল থানা পুলিশ একের পর এক অভিযান চালাচ্ছে। এই ধারাবাহিকতায় গত দুই মাসের মধ্যে পুলিশের অভিযানে ১ হাজার ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চোর, ছিনতাইকারী, মাদক কারবারি ও মাদকসেবী অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকেও আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫৯ দিনের মধ্যে এসব অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী এবং ৮৬ জন মাদক কারবারি রয়েছেন। এছাড়া ৩৪০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, "পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষ ও পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার
তিনি আরও বলেন, "পুলিশ জনগণের বন্ধু এই ধারণা বাস্তবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। কক্সবাজার সদর থানাকে দালালমুক্ত রাখা হয়েছে। মামলা, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ যেকোনো সেবা পেতে পুলিশকে টাকা দিতে হচ্ছে না। সেবাপ্রার্থীরা সরাসরি ও নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।"
এদিকে, স্থানীয়দের মতে, সদর থানা পুলিশের নিয়মিত অভিযান ও টহলের ফলে শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বেড়েছে। বিশেষ করে হোটেল-মোটেল জোনে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান এবং দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমাতে ভূমিকা রাখছে। পর্যটন স্পটগুলোতেও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা দৃশ্যমান হয়েছে।
সচেতন মহলের মতে, কক্সবাজারকে নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
আরও পড়ুন: পিরোজপুরে আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন