০৭:১৮ এম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর ফলে পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।
আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে ফল জানার জন্য https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। এছাড়া, যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
আরও পড়ুন: কুমিল্লা বোর্ডের এইচএসসি পাশের হার ৪৮.০৪ শতাংশ
আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
আরও পড়ুন: আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন