শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০০ পি.এম
জাতীয় সংসদ সচিবালয়ে ২৮টি পদে ১৫৫ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে। সংসদ সচিবালয় ১১ থেকে ২০তম গ্রেডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন জমা দেয়ার শেষ সময় ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে।
যেসব পদে নিয়োগ
গাইড: ১১তম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। আবেদনকারীর জন্য ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি একটি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে থাকা আবশ্যক।
ক্যাটালগার: ১১তম গ্রেডের তিনটি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১৩তম গ্রেডে একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা। আইন বিষয়ে স্নাতক ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থাকতে হবে।
ফটোগ্রাফার (স্টিল): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। ফটোগ্রাফির ওপর সনদসহ স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। অথবা এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।
টেকনিশিয়ান (নেটওয়ার্ক): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। কম্পিউটার সায়েন্স, টেলিযোগাযোগ বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
টেকনিশিয়ান (হার্ডওয়্যার): পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
ডাটা টেকনিশিয়ান: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। এইচএসসি পাসসহ বাস্তব অভিজ্ঞতা এবং দুই বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রিতে দক্ষতা থাকতে হবে।
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে।
গ্রন্থাগার সহকারী: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
সহকারী সিকিউরিটি ইনস্পেক্টর: ১২টি পদে নিয়োগ দেয়া হবে। বেতন মূল ২৩ হাজার ৮০০ টাকা (১৪তম গ্রেড)। শারীরিক যোগ্যতা এবং উচ্চতা ও ওজনের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে।
অ্যাম্বুলেন্স ড্রাইভার: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
ড্রাইভার: ছয়টি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আইন সহকারী: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং আইনজীবীর সহকারী হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অফসেট প্রিন্টিং টেকনিশিয়ান: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ১০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
লাইনম্যান: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। কম্পিউটার/ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি পাস।
ক্যামেরাম্যান সহকারী: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৮০০ টাকা (১৭তম গ্রেড)। এইচএসসি পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার টাকা (১৮তম গ্রেড)। এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
মোয়াজ্জিন: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (১৯তম গ্রেড)। আলিম ও কারিয়ানা পাস হতে হবে।
মেকানিক (গ্রেড-সি): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার ৫০০ টাকা (১৯তম গ্রেড)। এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইলের ওপর প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী: তিনটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে।
সহকারী ডেসপাচ রাইডার: তিনটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে।
নিরাপত্তা প্রহরী: ১০ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে।
পরিচ্ছন্নতাকর্মী: চারজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। পেশাগতভাবে অভিজ্ঞ হতে হবে।
ক্লিনার/হেলপার: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা ও আবেদনের নিয়ম
আবেদনকারীদের বয়স ২১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://bps.teletalk.com.bd -এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন জমা দেয়ার শেষ সময় ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন ফি জমা দিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠাতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপদ্ধতি ও শর্তাবলি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইট www.parliament.gov.bd এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্যের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মালাতিয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবরটি জানিয়েছে সামা টিভি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, চার সেনাসদস্য নিহত হয়েছেন। তবে হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে জানায়, হেলিকপ্টারে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘হেলিকপ্টারে থাকা আমাদের চার বীর সহযোদ্ধা শহীদ হয়েছেন।’ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এই ঘটনায় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুর্কি সশস্ত্র বাহিনী এবং দেশবাসীর প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং চিকিৎসক দলের সদস্যরা পাঠানো হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের শিকার হয়ে জমি, ভবন ও স্থায়ী ঠিকানা হারিয়েছে। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিদ্যালয়টি বারবার স্থানান্তরিত হলেও পাঠদান কখনো বন্ধ হয়নি। তবে, নদীগর্ভে বিলীন হওয়া নিজস্ব জমি, শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া এবং নতুন করে ভাঙনের আশঙ্কার কারণে ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের কার্যক্রম চলছে দুটি টিনের ঘরে, যেখানে ১২ জন শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে।
১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার প্রধান ভরসা। প্রতিষ্ঠার পর থেকে নদীভাঙনের কারণে বিদ্যালয়টির ঠিকানা বারবার পরিবর্তন করতে হয়েছে। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও এখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার সুযোগ হয়নি।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে অন্যের জমি ভাড়া নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এর জন্য বিদ্যালয়টি বছরে মাত্র ৪ হাজার টাকা ভাড়া দিতে হয়। বিদ্যালয়ের নামে দুবলার চরে ৭৪ শতাংশ এবং দিয়ারা ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি থাকলেও সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী বর্তমানে বিদ্যালয়ের অবস্থানের কাছাকাছি চলে আসায়, আগামী বছর এখানে পাঠদান চালানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিদ্যালয়টিকে বারবার এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে হয়েছে। ২০১৯ সাল থেকে বর্তমানে স্থানে কার্যক্রম চলছে। কিন্তু নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে এখানেও বেশি দিন থাকা সম্ভব হবে না। এত প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
এক সময় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫০ জন। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। নদীভাঙন, যোগাযোগের দুর্ভোগ, আর্থিক অসচ্ছলতা এবং শিক্ষার পরিবেশের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের তথ্যমতে, ২০২৫ সালে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হয়েছে। ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেয় সাতজন, পাস করে দুজন।
বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রুস্তম আলী মুন্সী বলেন, ৩৬ বছরের চাকরিজীবনে তিনি ১১ বার বিদ্যালয়টির ভাঙন প্রত্যক্ষ করেছেন। কয়েকবার আসবাব ও কাগজপত্র সরানো সম্ভব হলেও ভবন রক্ষা করা যায়নি। অফিস সহকারী সিরাজুল ইসলাম জানান, স্থানান্তরের সময় একবার ট্রলারে নেওয়ার পথে দুই বস্তা গুরুত্বপূর্ণ কাগজপত্র নদীতে পড়ে যায়।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল জানায়, বর্ষাকালে কাদা-পানি পেরিয়ে বিদ্যালয়ে আসতে কষ্ট হয়। তবুও তারা নিয়মিত ক্লাস করার চেষ্টা করে।
চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, নদীভাঙন ও দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে। বারবার বিদ্যালয়ের অবস্থান পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহে প্রভাব পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, নদীভাঙনের কারণে বিদ্যালয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ লাখ টাকার উন্নয়নকাজ করা হয়েছে। এর মধ্যে মেঝে পাকা এবং দরজা-জানালা মেরামত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন জানান, বিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর একটি ওয়াশব্লক নির্মাণের জন্যও অর্থ বরাদ্দ রয়েছে। তবে নদী খুব কাছে চলে আসায় বর্তমান স্থানে বিদ্যালয়টি কত দিন টিকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয়দের মতে, দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ ধরে রাখতে বিদ্যালয়টির নিরাপদ ও স্থায়ী অবস্থান নিশ্চিত করা জরুরি। বারবার নদীভাঙনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকের চাপায় আসাদুল (২৭) নামের এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে ধাক্কা দেয়। এই ঘটনার পর দুই চালকের মধ্যে প্রথমে বাক্বিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে একজন অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এই অবস্থায় একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমরা নিহতের নাম-পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটোরিকশা জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।"
নিহত আসাদুল টাঙ্গাইলের সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মোরেলগঞ্জের বাগেরহাটে ৩০ হাজার টাকার বিনিময়ে এক মায়ের কাছ থেকে তার ১ বছর ৩ মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়, শিশুটির নাম আলামিন।
পরবর্তী সময়ে, স্বামীর সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন।
অভিযোগ রয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে নাছির শিকদারের স্ত্রী ও তরুনীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে কী পরিস্থিতিতে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে, আদৌ অর্থের বিনিময়ে বিক্রির ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ঐ তরুনী বলেন, "হ্যা আমার বাচ্চাকে খাওয়া ও চিকিৎসার খরচ চালাইতে পারিনা বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।"
এদিকে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ বলেন, "এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন এলাকাবাসীর প্রধান দাবি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ