প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের শিকার হয়ে জমি, ভবন ও স্থায়ী ঠিকানা হারিয়েছে। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিদ্যালয়টি বারবার স্থানান্তরিত হলেও পাঠদান কখনো বন্ধ হয়নি। তবে, নদীগর্ভে বিলীন হওয়া নিজস্ব জমি, শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া এবং নতুন করে ভাঙনের আশঙ্কার কারণে ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। বর্তমানে বিদ্যালয়ের কার্যক্রম চলছে দুটি টিনের ঘরে, যেখানে ১২ জন শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে।
১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার প্রধান ভরসা। প্রতিষ্ঠার পর থেকে নদীভাঙনের কারণে বিদ্যালয়টির ঠিকানা বারবার পরিবর্তন করতে হয়েছে। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও এখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার সুযোগ হয়নি।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে অন্যের জমি ভাড়া নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এর জন্য বিদ্যালয়টি বছরে মাত্র ৪ হাজার টাকা ভাড়া দিতে হয়। বিদ্যালয়ের নামে দুবলার চরে ৭৪ শতাংশ এবং দিয়ারা ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি থাকলেও সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী বর্তমানে বিদ্যালয়ের অবস্থানের কাছাকাছি চলে আসায়, আগামী বছর এখানে পাঠদান চালানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিদ্যালয়টিকে বারবার এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে হয়েছে। ২০১৯ সাল থেকে বর্তমানে স্থানে কার্যক্রম চলছে। কিন্তু নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে এখানেও বেশি দিন থাকা সম্ভব হবে না। এত প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
এক সময় বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫০ জন। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। নদীভাঙন, যোগাযোগের দুর্ভোগ, আর্থিক অসচ্ছলতা এবং শিক্ষার পরিবেশের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের তথ্যমতে, ২০২৫ সালে ৩০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হয়েছে। ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেয় সাতজন, পাস করে দুজন।
বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রুস্তম আলী মুন্সী বলেন, ৩৬ বছরের চাকরিজীবনে তিনি ১১ বার বিদ্যালয়টির ভাঙন প্রত্যক্ষ করেছেন। কয়েকবার আসবাব ও কাগজপত্র সরানো সম্ভব হলেও ভবন রক্ষা করা যায়নি। অফিস সহকারী সিরাজুল ইসলাম জানান, স্থানান্তরের সময় একবার ট্রলারে নেওয়ার পথে দুই বস্তা গুরুত্বপূর্ণ কাগজপত্র নদীতে পড়ে যায়।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল জানায়, বর্ষাকালে কাদা-পানি পেরিয়ে বিদ্যালয়ে আসতে কষ্ট হয়। তবুও তারা নিয়মিত ক্লাস করার চেষ্টা করে।
চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, নদীভাঙন ও দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে। বারবার বিদ্যালয়ের অবস্থান পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহে প্রভাব পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, নদীভাঙনের কারণে বিদ্যালয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ লাখ টাকার উন্নয়নকাজ করা হয়েছে। এর মধ্যে মেঝে পাকা এবং দরজা-জানালা মেরামত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন জানান, বিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর একটি ওয়াশব্লক নির্মাণের জন্যও অর্থ বরাদ্দ রয়েছে। তবে নদী খুব কাছে চলে আসায় বর্তমান স্থানে বিদ্যালয়টি কত দিন টিকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয়দের মতে, দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরনাছিরপুর ইউনিয়নের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার সুযোগ ধরে রাখতে বিদ্যালয়টির নিরাপদ ও স্থায়ী অবস্থান নিশ্চিত করা জরুরি। বারবার নদীভাঙনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন