প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মোরেলগঞ্জের বাগেরহাটে ৩০ হাজার টাকার বিনিময়ে এক মায়ের কাছ থেকে তার ১ বছর ৩ মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়, শিশুটির নাম আলামিন।
পরবর্তী সময়ে, স্বামীর সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন।
অভিযোগ রয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে নাছির শিকদারের স্ত্রী ও তরুনীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে কী পরিস্থিতিতে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে, আদৌ অর্থের বিনিময়ে বিক্রির ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ঐ তরুনী বলেন, "হ্যা আমার বাচ্চাকে খাওয়া ও চিকিৎসার খরচ চালাইতে পারিনা বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।"
এদিকে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ বলেন, "এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন এলাকাবাসীর প্রধান দাবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন