শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১২ পি.এম
জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, দেশের চিনি শিল্পকে রক্ষা করার জন্য বেশি বেশি আখ চাষ করা প্রয়োজন। নাটোরসহ দেশের সকল চিনিকলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
তিনি উল্লেখ করেন, দেশে চিনি উৎপাদনের ফলে সাধারণ মানুষ এখনও চিনি কিনে খেতে পারছে, কিন্তু যদি এসব চিনিকল বন্ধ হয়ে যায়, তাহলে চিনির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এই চিনিকলের উপর দেশের হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করছে। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে হবে।
শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চিনিকল চত্বরে আয়োজিত মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান জানান, আগামী ৬৫ মাড়াই দিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার চিনিকলটি ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করেছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.৭ ভাগ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর বিরতির পর আবারো দুলু নাটোর চিনিকলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ী আনন্দ ভবনে শারদীয় দূর্গাপূজা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান— আমরা সকলে বাংলাদেশী হিসেবে মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।
দুলু আরও বলেন, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের অস্তিত্ব বাংলাদেশ। বাংলাদেশ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান— সবাই বাংলাদেশি। এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলা সভাপতি তপন চৌধুরি হাবু এবং সাধারণ সম্পাদক সুজিত ঘোষ প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শেখ আবদুল্লাহ তেঁতুল পাড়তে গাছে উঠেছিল। কিন্তু গাছের সঙ্গে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তার প্রাণহানি ঘটে। পরিবারের ছয় সন্তানের মধ্যে একমাত্র ছেলে হারানোর শোকে দিশেহারা হয়ে পড়েছে তার স্বজনরা।
এই দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর)।
আবদুল্লাহ ছিল বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও অটোচালক মোহাম্মদ সোহেলের ছেলে। সে স্থানীয় পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র অনুযায়ী, সকালে বাড়ির সামনে অবস্থিত তেঁতুল গাছে উঠার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা গাছ থেকে তার মরদেহ নামিয়ে আনেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, আবদুল্লাহ ছিল তার পরিবারে একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন নাশকতা মামলার এক আসামি। পুলিশ জানায়, পালানোর প্রায় ১৪ ঘণ্টা পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোশারফ হোসেন, যিনি মস্তফা নামেও পরিচিত। তিনি নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। মোশারফের বাড়ি হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লায়, এবং তিনি ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোশারফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হাকিমপুর থানা-পুলিশ তাকে গ্রেপ্তারের পর এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপে করে থানায় নিয়ে যাচ্ছিল। থানায় পিকআপ থেকে নামানোর সময় তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যান।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোশারফের অবস্থান শনাক্ত করা হয় এবং শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুল তলী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, "২০২৫ সালের একটি নাশকতা মামলায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় নেওয়ার পর তিনি থানা চত্বর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পাঁচবিবির শিমুলতলী থেকে হাতকড়াসহ তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।" তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবারই দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা যদি অব্যাহত থাকে, তাহলে পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। যেকোনো ধরনের অস্থিরতা বায়ারের আস্থাকে কমিয়ে দিতে পারে। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, তারা যদি তাদের অর্ডারগুলো সঠিক সময়ে সরবরাহ করতে ব্যর্থ হয়, তাহলে বায়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি ঘটতে পারে।
শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ড. নাজনীন আহমেদ উল্লেখ করেন, শুধুমাত্র মজুরি বৃদ্ধি করলেই পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। কারখানাগুলোতে শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সদাচরণসহ একটি সুন্দর কাঠামো থাকতে হবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিক, শ্রমিক ও সরকারকে একত্রে বসে আলোচনা করে বেতন কাঠামো নির্ধারণ করা উচিত। যদি মজুরি বোর্ড আগে গঠন করা হতো, তাহলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণের সময় দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনমানের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অস্থিরতা বায়ারের (বিদেশি ক্রেতা) আস্থাকে কমিয়ে দেয়। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, তারা যেসব অর্ডার নিয়েছে, সেগুলো সঠিক সময়ে সরবরাহ করতে না পারলে বায়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি ঘটতে পারে। কোনোভাবেই সহিংসতা সৃষ্টি করে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোনো পক্ষের ইন্ধন থাকে, তাহলে মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারসহ সকল পক্ষকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ, ভাঙচুরের ঘটনার পর বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও স্থিতিশীলতা এখনও ফিরে আসেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রপ্তানি কমে যেতে পারে। যদি এই অস্থিতিশীলতা চলমান থাকে, তাহলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতন কাঠামো, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উভয়ই প্রয়োজন।
তিনি জানান, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ৬টি শিল্পাঞ্চলের প্রত্যেকটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ। শ্রমিকদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ভাবিয়ে তুলছে। পোশাক শ্রমিকদের চলমান এই আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। কোনো অপশক্তি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে কিনা, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিক ছদ্মবেশে কেউ নাশকতা তৈরির চেষ্টা করলে, তা কঠোরভাবে দমন করা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিশুটির নাম ছিল কিনান। আরবি 'কিনান' শব্দের অর্থ হলো ‘আশ্রয়’, ‘সুরক্ষার আবরণ’, ‘আচ্ছাদন’ কিংবা ‘নিরাপদ গোপন স্থান’। অথচ দক্ষিণ গাজার এক হাড়কাঁপানো শীতের রাতে সেই কিনানের জন্য কোনো আশ্রয় জোটেনি।
যুদ্ধবিধ্বস্ত গাজায় শীতকালীন ত্রাণসামগ্রী প্রবেশে ইসরায়েল কঠোর বিধিনিষেধ আরোপ করে রাখায় খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারের একটি তাঁবুর ভেতর ঠান্ডায় জমে ৯ মাস বয়সী কিনান আহমেদ রাকিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বাবা ও একজন চিকিৎসক। নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানান, কিনান ‘হাইপোথার্মিয়ায়’ (শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া) মারা গেছে।
শিশুটির বাবা আহমেদ রাকিক এএফপিকে জানান, রাতভর গাজার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহের পর তার ছেলের মৃত্যু ঘটে। তিনি বলেন, “ঘুম ভেঙে উঠে দেখি ওর শরীর নীল হয়ে গেছে। আমি দ্রুত ওকে নাসের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে হাইপোথার্মিয়ায় এবং শীতে জমে ও মারা গেছে।” হাসপাতালের বাইরে শুকিয়ে যাওয়া চোখের পানি মুছতে মুছতে সাদা কাপড়ে মোড়ানো নিজের সন্তানকে কোলে ধরে দাঁড়িয়ে ছিলেন আহমেদ।
তিনি বলেন, “আমি পুরোপুরি স্তব্ধ। নিজের সন্তানকে কাফনের কাপড়ে জড়িয়ে ধরে থাকতে হচ্ছে, এটা ভাবতেই পারছি না।” যে শিশুটির নাম রাখা হয়েছিল ‘আচ্ছাদন’ বা আবরণের অর্থে, শেষ পর্যন্ত তার ভাগ্যে জুটেছে কেবল এক টুকরো সাদা কাফনের কাপড়। যে নামের অর্থ ছিল ‘নিরাপদ আশ্রয়’, বাস্তুচ্যুত পরিবারের যে তাঁবুটিকে তারা ঘর বলতে বাধ্য হয়েছিল, সেখানে সে পায়নি ন্যূনতম কোনো নিরাপত্তা।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন যে তীব্র ঠান্ডার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। কিনানের এই মর্মান্তিক মৃত্যু এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে ৫০টিরও বেশি দেশ ও সংস্থার একটি জোট গাজায় আশ্রয়, জ্বালানি, পানি, স্যানিটেশনও স্বাস্থ্যসেবার জন্য জরুরি সামগ্রী অবিলম্বে প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
শীতের আগমনের সঙ্গে সঙ্গে জোটটি সতর্ক করে বলেছে, “গাজায় এখনো বহু মানুষ পর্যাপ্ত আশ্রয়হীন অবস্থায় রয়েছে এবং তারা হাইপোথার্মিয়া, শ্বাসকষ্টজনিত সংক্রমণ, পানিবাহিত রোগ ও অন্যান্য প্রতিরোধযোগ্য অসুস্থতার তীব্র ঝুঁকিতে রয়েছে।” কিন্তু কিনানের জন্য সেই সতর্কবার্তা বড্ড দেরিতে এসেছে।
এই বিবৃতিতে ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ এবং জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচারের সাম্প্রতিক সমালোচনারই প্রতিধ্বনি ঘটেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ