শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
মোরেলগঞ্জের বাগেরহাটে ৩০ হাজার টাকার বিনিময়ে এক মায়ের কাছ থেকে তার ১ বছর ৩ মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়, শিশুটির নাম আলামিন।
পরবর্তী সময়ে, স্বামীর সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি বারইখালীতে ফিরে আসেন।
অভিযোগ রয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে নাছির শিকদারের স্ত্রী ও তরুনীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে কী পরিস্থিতিতে শিশুটিকে অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে, আদৌ অর্থের বিনিময়ে বিক্রির ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ঐ তরুনী বলেন, "হ্যা আমার বাচ্চাকে খাওয়া ও চিকিৎসার খরচ চালাইতে পারিনা বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।"
এদিকে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ বলেন, "এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন এলাকাবাসীর প্রধান দাবি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি ইরানের সরকার পতন না ঘটে তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে, তাহলে তিনি বিষয়টিকে নিজের পরাজয় হিসেবে বিবেচনা করবেন।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে জানতে চাইলে বলেন, “হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে... নিশ্চিতভাবেই।”
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে তিনি দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি কোনো দ্বিধা ছাড়াই তা করবেন।
তিনি আরও বলেন, “যদি আমি দেখি পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে, তবে আমি তা (ইরানে হামলা) করব। এমনও হতে পারে যে আমি এখনই তা করে ফেলব।”
সূত্র: টাইমস অব ইসরাইল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৪) কে পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান জুয়েল ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের পুত্র।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে বলেছেন, "গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।" তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও নিয়মিত বেতন গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের ভাগনে।
অভিযোগ রয়েছে যে, ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে উপস্থিত না হলেও প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম (যিনি তার আপন মামা) গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে নজরুল ইসলামকে নিয়মিত বেতন-ভাতা তুলতে সহায়তা করছেন। এই ঘটনায় স্থানীয় অভিভাবক শাহ আলম ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিন তদন্তে গিয়ে নজরুল ইসলামকে অনুপস্থিত অবস্থায় পান এবং হাজিরা খাতা ও অন্যান্য কাগজপত্র জব্দ করেন। তবে প্রধান শিক্ষকের দাবি, নজরুল ছুটিতে আছেন, কিন্তু তিনি ছুটির আবেদন প্রদর্শন করতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। তবে এখন কিছুদিন ধরে তিনি আসেন না।’
অভিযোগকারী শাহ আলম বলেন, ‘নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না এসে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে সুবিচার পাওয়ার আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না।’
অভিযোগের বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউএনও এ টি এম আরিফ জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী খসরুল আলম। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ১২ নভেম্বর, যেখানে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের ১২টি পদে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া এলসি স্টেশন সংলগ্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনের কমিশনার জুনাব আলী জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় ছিল।
বিক্রি হওয়া ৩৭টি মনোনয়নপত্রের সবগুলোই জমা পড়েছে। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দফতর সম্পাদক পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহ-প্রচার সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে একমাত্র প্রার্থী খসরুল আলম এবং প্রচার সম্পাদক পদে একমাত্র প্রার্থী মুক্তার আহমেদ রাজু। নির্বাচন কমিশনার জুনাব আলী জানালেন, অন্য কেউ মনোনয়নপত্র না জমা দেওয়ার কারণে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি সব পদে একাধিক প্রার্থী আছেন। আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
কমিশনার জুনাব আলী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৮ বছর ধরে জেলার ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাঁর ভাষ্যমতে, ফ্যাসিস্টরা ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের পছন্দের ব্যবসায়ীদের দিয়ে কমিটি গঠন করেছে এবং বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন পরিচালনা করেছে।
তিনি উল্লেখ করেন, তখন সংগঠনের আয়-ব্যয়ের কোনো হিসাব ছিল না এবং অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। উন্নয়নের নামে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হলেও স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। সব টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে।
জুনাব আলী জানান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ কামরুজ্জামান কামরুলের উপস্থিতিতে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সব সদস্যের সম্মতিতে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে সহকারী কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল ও রাকাব উদ্দিন রয়েছেন। আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার। বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম ও ডাক্তার শামসুদ্দিন।
কমিশনার বলেন, শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে, যাতে ব্যবসায়ীরা স্বাধীনভাবে মতামত দিতে পারেন। নির্বাচনে পেশিশক্তি ও কালোটাকা রোধে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি আরও জানান, যদি কোনো প্রার্থী টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে। সরকার প্রতিবছর গড়ে ৫০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে এ এলসি স্টেশন থেকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ