শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৮ পি.এম
চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান মন্তব্য করেছেন, শিক্ষা শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জনের বিষয় নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। শিক্ষার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত, নিজেকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অডিটোরিয়ামে ডাক দিয়ে যাই সংগঠনের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আবু সুফিয়ান বলেন, বর্তমানে যারা নবীন শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবনে প্রবেশ করছেন, তাদের প্রতি প্রত্যাশা থাকবে যে, তারা যেন নিজেদের শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রাখেন। বরং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং অধ্যাপক শামীম কবির।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ২৪২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন প্রধানের স্ত্রী আয়শা আক্তার তিতাস থানায় করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আব্দুল ওয়াদুদকে পুলিশ গ্রেফতার করেছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা আবারও যেকোনো সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন মো. জামাল উদ্দিন প্রধান। এ উপলক্ষে তার বাড়িতে তিন হাজার লোকের মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়।
ভোজ শেষে বিকাল ৪টার দিকে এমপি ও স্থানীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. এমদাদ হোসেন আখন্দ এবং তার ছোট ভাই উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুম আখন্দ নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে গেলে জামাল উদ্দিন প্রধানের সমর্থকরা বাধা দেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এমপি সেলিম ভূঁইয়া ও জ্যেষ্ঠ নেতারা বিদ্যালয়ের ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—ফাহিম, জিহাদ, রনি, মহসিন, ইরফান, শামসুল হক, সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), জামাল প্রধান (৪৫), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়া (৬৫)। তাদের মধ্যে প্রথম ছয়জন দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
এ বিষয়ে এমদাদ হোসেন আখন্দ ও তার ছোট ভাই সাইমুম আখন্দ যুগান্তরকে জানান, মঞ্চে এমপি আসার পর তারা জনসভায় যোগ দিতে প্রবেশ করলে জামাল প্রধানের লোকজন বাধা দেয় এবং মারধর শুরু করে। এতে তাদের ৭ জন আহত হন।
তাদের অভিযোগ, এ সময় জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহের অস্ত্র হাতে শতাধিক কিশোর-যুবক নিয়ে তাদের বাড়িঘর ও বাজারের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালান। এমদাদকে বহিষ্কার ও এই হামলা পূর্বপরিকল্পিত বলে দাবি করেন দুই ভাই।
অন্যদিকে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. জামাল প্রধান বলেন, আসন্ন ইউপি নির্বাচনে এমদাদ ও তিনি চেয়ারম্যান প্রার্থী। কিছুদিন আগে এমদাদ এমপিকে নিয়ে অনুষ্ঠান করলেও তেমন লোক হয়নি। বৃহস্পতিবার তিনি জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সঙ্গে আলোচনা করে সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তার ভাই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। এতে তিনি ও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অন্ধকার কক্ষে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে পুলিশ শ্রীনগর বাজার মসজিদের খতিব রেজাউল বারীকে (৪৭) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে অবস্থিত।
ভুক্তভোগী ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, সে উপজেলার হাসাড়া এলাকার একটি মাদ্রাসার ছাত্রী। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ার কারণে ধারণা করা হয় যে, ওই ছাত্রীর উপর জিনের আসর রয়েছে। জিন তাড়ানোর জন্য গত ২০ সেপ্টেম্বর ছাত্রীর পরিবার খতিব রেজাউল বারীর কাছে গিয়েছিল। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ প্রদান করেন। কিছুদিন সুস্থ বোধ করার পর আবারও অসুস্থ হয়ে পড়ে কিশোরী।
পরে রেজাউল বারীর সাথে যোগাযোগ করলে তিনি জানিয়ে দেন যে, ওই ছাত্রীর কাছ থেকে জিন তাড়াতে হবে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ছাত্রীর বাবা-মা রেজাউল বারীর বাসায় যান। এক পর্যায়ে তিনি বলেন, জিন আসবে জানিয়ে ছাত্রীর বাবা-মায়ের ফোন তোষকের নিচে রাখতে এবং ঘরের সব লাইট বন্ধ করতে। এরপর বিভিন্ন ধরনের ঝাড়ফুক করার নামে ছাত্রীর উপর ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে, মেয়ের মা তার মোবাইলের আলো জ্বালালে রেজাউল বারী অসংলগ্ন অবস্থায় লাফ দিয়ে উঠেন।
পরে ছাত্রীর বাবা-মা রুমের লাইট জ্বালিয়ে দেখেন যে, ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। রাত পৌনে ১১ টার দিকে ছাত্রীকে নিয়ে তারা সেখান থেকে বের হয়ে আসেন। পরে রাত দেড়টার দিকে শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। রাত দুইটার দিকে পুলিশ রেজাউল বারীকে গ্রেফতার করে। শুক্রবার ওই ছাত্রী মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি প্রদান করেছেন।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, রাতেই রেজাউল বারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার রেজাউল বারী প্রায় ২৫ বছর ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করে আসছেন। এলাকাবাসী ইমাম মাওলানা রেজাউল বারীর কঠোর শাস্তি দাবি করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী ইসোয়াতিনির প্রতি আহ্বান জানান বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য। একইসঙ্গে, তিনি বাংলাদেশ থেকে ওষুধ আমদানির প্রস্তাব দেন, যা দেশটির স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে সহায়ক হবে।
শামা ওবায়েদ বৈঠকে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা।
জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার প্রায় একই। এ সময় তারা কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের প্রতিমন্ত্রী পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার জন্য ইসোয়াতিনির সরকারের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এছাড়া, তিনি ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরে তিনি ইসোয়াতিনিকে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী পোশাক আমদানির আহ্বান জানান।
স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ওষুধশিল্প ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ রপ্তানি করছে। ইসোয়াতিনির স্বাস্থ্য খাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত।
বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইসোয়াতিনির অব্যাহত সমর্থন কামনা করেন।
বৈঠক শেষে, শামা ওবায়েদ ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটের কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন। উপহারটি পেয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং পাটপণ্যের প্রচারে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে বিশেষ আয়োজন ‘মিট কার্নিভাল, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট’। এই উৎসব বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে বুফে ডিনার উপভোগের সুযোগ থাকবে। এই আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের পদগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ও মুখরোচক পদও থাকবে।
মেনুর উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে- সুগন্ধি ভাতের সঙ্গে মেজবানি ঢঙে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি ও প্রিমিয়াম কোল্ড কাট। উৎসবের জন্য রন্ধনশিল্পীরা তৈরি করেছেন আরও কিছু বিশেষ পদ। মাংসের এই আয়োজনের সঙ্গে মিল রেখে ডেজার্ট মেনুতে রয়েছে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্ক।
আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার মন্তব্য করেন, "মিট কার্নিভাল এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রিমিয়াম মাংসের সমৃদ্ধ স্বাদ, বৈচিত্র্য ও বহুমুখী ব্যবহার অতিথিদের সামনে একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা যায়। বেঙ্গল মিটের সঙ্গে আমাদের এই সহযোগিতা উন্নতমানের উপকরণ ও দক্ষ রন্ধনশৈলীর সমন্বয়ে অতিথিদের জন্য একটি স্মরণীয় গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।"
উৎসবের মাংস সরবরাহ সহযোগী বেঙ্গল মিট। বুফের বিভিন্ন পদের জন্য প্রতিষ্ঠানটি মাংস সরবরাহ করছে। বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮,৯৯৯ টাকা নেট। অংশগ্রহণকারী ব্যাংকের নির্ধারিত কার্ডে প্রযোজ্য শর্ত সাপেক্ষে পাওয়া যাবে ডাইন ৪ পে ১, ডাইন ৩ পে ১ ও ডাইন ২ পে ১ সুবিধা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে নিয়মিত নানা খাবারের আয়োজন থাকে হোটেলের অতিথি ও স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের অংশ হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। এখানে ব্যবসায়িক ও অবকাশযাপনকারী অতিথি এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য রয়েছে আবাসন, খাবার ও অনুষ্ঠান আয়োজনের সুবিধা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ