০২:০০ পি.এম
লক্ষ্মীপুর, ২১ নভেম্বর, ২০২৬ : প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে উপকূলে আজও বৃষ্টি অব্যাহত রয়েছে। গত তিনদিন ধরে চলা এই বৃষ্টির ফলে শীতকালীন ফসল ও আমন ধানের ক্ষতির আশংকা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টি এখনও চলছে, কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টির আকারে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ খুব বেশি না বাড়লেও, জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।
এদিকে, বৃষ্টি অব্যাহত থাকায় নিম্ন আয়ের মানুষের অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে।
কৃষকরা জানাচ্ছেন, যদি এইভাবে আরো কয়েকদিন বৃষ্টি চলতে থাকে, তাহলে শীতকালীন ফসলের পাশাপাশি আমন ধানের ক্ষতি হবে। বেশিরভাগ ফসলের মাঠে ধান পাঁকতে শুরু করেছে। অনেক জায়গায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। তবে গত কয়েক দিনের বৃষ্টির কারণে ক্ষেতে পানি জমে যাওয়ায় ধান কাটা ব্যাহত হচ্ছে। বৃষ্টি কমে গেলে ক্ষয়ক্ষতি না হওয়ার সম্ভাবনা বেশি। কিছু জমিতে পানি জমলেও পাম্প মেশিনের মাধ্যমে পানি সরানো হচ্ছে।
আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত
পৌরবাসীরা অভিযোগ করছেন, সামান্য বৃষ্টি হলেই পৌর শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর প্রধান কারণ হলো অপরিকল্পিতভাবে ড্রেনেজ নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। এছাড়া খালগুলো ভরাট এবং ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে পানি নামতে পারছে না। ফলে পৌরবাসী প্রতিনিয়ত দুর্ভোগে রয়েছেন। পৌর কর্তৃপক্ষের কাছে বারবার এসব বিষয়ে আবেদন করেও তারা কোনো সুরাহা পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
রামগতি আবহাওয়া অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। পরবর্তী দু’দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলেও তিনি জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জহির উদ্দিন বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পুরোদমে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে। তবে গত তিনদিনের বৃষ্টির কারণে ধান কাটা কিছুটা ব্যাহত হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি হয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হবে। তবে বৃষ্টি না হলে ক্ষতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন