০৭:৪৭ পি.এম
ময়মনসিংহ, ২১ নভেম্বর, ২০২৬ : কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিপণ্য রপ্তানি এবং প্রযুক্তিনির্ভর কৃষির বিকাশে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণায় উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদার’ শীর্ষক কর্মশালা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. মামুন উল্লেখ করেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক খাদ্য চাহিদার প্রেক্ষাপটে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা প্রয়োজন। এ জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ ও বরাদ্দ বাড়ানো হচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত গবেষণার ফলাফল যেন মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত
তিনি আরও বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সক্ষমতা বাড়ানো জরুরি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা ও রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে নিরাপদ খাদ্য উৎপাদন, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং কৃষিপণ্যের সরবরাহ ও বিপণন ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রযুক্তিনির্ভর কৃষির সম্ভাবনা তুলে ধরে ইউজিসি সদস্য বলেন, বিশ্বজুড়ে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, সেন্সর প্রযুক্তি, ড্রোন, রোবটিকস এবং নির্ভুল কৃষি ব্যবস্থাপনার ব্যবহার বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে জমির অবস্থা পর্যবেক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই শনাক্তকরণ, সেচ ও সারের সঠিক ব্যবহার এবং উৎপাদন ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব।
বাংলাদেশেও প্রযুক্তিনির্ভর কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে উদ্ভাবনী পণ্য ও সেবায় রূপান্তর, কৃষিভিত্তিক নতুন উদ্যোগ গড়ে তোলা এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দেশের কৃষকের আর্থসামাজিক অবস্থা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।
বর্তমান সরকারের কৃষি ও কৃষককেন্দ্রিক উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণ সহজলভ্য করা, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা কৃষির টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। কৃষক কার্ড কর্মসূচি, কৃষিঋণ মওকুফ, সার ও কৃষি উপকরণে সহায়তা, খাল খনন ও পুনঃখনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষির যান্ত্রিকীকরণের মতো উদ্যোগ কৃষি উৎপাদন ও কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়
তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক অবকাঠামো, হিমাগার ও শীতল সরবরাহব্যবস্থা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রপ্তানিমুখী বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষককে শুধু উৎপাদক হিসেবে নয়, একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরি করতে হবে।
কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নয়টি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক-২ অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে গবেষণার বাণিজ্যিকীকরণ এবং কৃষি উদ্যোক্তাদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন