০৭:৪৬ পি.এম
দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় শহরের চাঁদনগর এলাকার ভাসানী রোডে অবস্থিত ‘হাসিনা মঞ্জিল’ ভবনের পঞ্চম তলা থেকে মেঘলাকে আটক করা হয়।
আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত
মামলার অভিযোগের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে কয়েক শ মানুষ জড়ো হন। সেখানে মামলার বাদী মুন্নি সরকার, তার ছেলে আবির নবী দোয়াদসহ প্রায় ৪০০ আন্দোলনকারী উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এজাহারভুক্ত আসামিসহ ৬০ থেকে ৭০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের হুমকি দেয়। একপর্যায়ে তারা হামলা চালালে মুন্নি সরকার ও তার ছেলে আহত হন।
এজাহারের বিবরণ অনুযায়ী, ঘটনার প্রায় এক ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা বাদীর বাড়িতে হামলা চালান। এই সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। পরে এই ঘটনায় মুন্নি সরকার পার্বতীপুর থানায় মামলা করেন।
এসআরবি জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মেঘলাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন