প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকস্মিকভাবে মিছিল বের করার খবর পাওয়া গেছে। টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি, কাশিয়ানীর ফুকরা-গোপালপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল করেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাজারে হঠাৎ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অভিযোগ রয়েছে, মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বর্ণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান বলেন, "ঘটনার সময় আমি বাসায় ছিলাম। বাসা থেকে বের হলে আমার ওপর হামলা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ কারণে বাসা থেকে বের হইনি।" তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন, এবং তাদের ভিডিও ফুটেজ রয়েছে।
টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে মিছিল এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, "আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা বিএনপির কার্যালয় ভাঙচুরের কোনো খবর আমরা পাইনি। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি।"
অন্যদিকে, আজ সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। এই মিছিলে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার। মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদেরকে পায়ে হেঁটে সারিবদ্ধভাবে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এসব মিছিলের তথ্য জানা গেছে। এদিকে, জেলার বিভিন্ন স্থানে আকস্মিক রাজনৈতিক কর্মসূচি এবং ভাঙচুরের অভিযোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন