০৬:৪৭ পি.এম
‘ভিক্ষা বকেয়া পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে!’ এই ধরনের একটি ব্যতিক্রমী ঘোষণা নিয়ে মাইক হাতে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। তার রসিকতাপূর্ণ মাইকিংয়ের ফলে গাজীপুর মহানগরীর পূবাইল বাজারজুড়ে সৃষ্টি হয়েছে কৌতূহল ও হাস্যরস।
শনিবার (৭ নভেম্বর) সকালে, মোশাররফকে পূবাইল বাজারের বিভিন্ন স্থানে এক হাতে লাঠি এবং অন্য হাতে মাইক নিয়ে ঘুরতে দেখা যায়। দুই চোখে দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও, মাইকে তার সাবলীল কথাবার্তা এবং ব্যতিক্রমী ঘোষণা সহজেই ব্যবসায়ী ও পথচারীদের নজর কাড়ছে।
মাইকিংয়ের সময়, তিনি সরকারি বিজ্ঞপ্তির আদলে ঘোষণা দিচ্ছেন, ‘পূবাইল বাজারের যেসব ব্যবসায়ী ২০২৬ সালের ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না!’
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
বকেয়া আদায়ের ঘোষণার পাশাপাশি, ভিক্ষা গ্রহণের সময়সীমাও নির্ধারণ করেছেন মোশাররফ। তার ঘোষণার ভিত্তিতে, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। এছাড়া, ভিক্ষার সর্বনিম্ন পরিমাণ পাঁচ টাকা বলেও তিনি উল্লেখ করেছেন।
তার এই ব্যতিক্রমী ঘোষণায় বাজারে অনেকেই থমকে দাঁড়ান। কেউ হাসিতে মেতে ওঠেন, আবার কেউ মোবাইল ফোনে তার মাইকিংয়ের দৃশ্য ধারণ করেন। কৌতূহলী ব্যবসায়ী ও পথচারীদের অনেকে তাকে ভিক্ষাও দেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, মোশাররফ দাবি করেন যে, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন।
পূবাইল বাজারের এক ব্যবসায়ী মন্তব্য করেন, ‘ভিক্ষুক তো অনেক দেখেছি, কিন্তু এভাবে মাইকিং করে ভিক্ষা চাইতে কখনো দেখিনি। তার কথাগুলো এত মজার যে, মানুষ আগ্রহ নিয়ে শুনছে।’
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
এক পথচারী জানান, ‘প্রথমে মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠানের জরুরি ঘোষণা দেওয়া হচ্ছে। পরে বুঝলাম, সেটি আসলে ভিক্ষা সংগ্রহের অভিনব প্রচারণা।’
জীবিকার তাগিদে মোশাররফের এই ব্যতিক্রমী কৌশল এখন পূবাইল বাজারের মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাইক হাতে তার ‘ভিক্ষা আদায়ের আলটিমেটাম’ ঘিরে বাজারে সৃষ্টি হয়েছে বাড়তি কৌতূহল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন