শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:২৬ পি.এম
মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সমুদ্র থেকে ইলিশ বোঝাই ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করেছে। পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে টনকে টন মাছ নামছে। তবে এসব মাছের একটি বড় অংশ পচা বা অর্ধপচা অবস্থায় রয়েছে। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় প্রশাসনকে ম্যানেজ করে তারা সমুদ্রে মাছ শিকার করেছেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে এবং বরফের অভাবে বিপুল পরিমাণ ইলিশ নষ্ট হয়েছে।
একেকটি ট্রলারকে মাছ শিকারের জন্য সাত থেকে দশ দিনের বেশি সময় সমুদ্রে থাকতে হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শত শত ট্রলার ইলিশ বোঝাই হয়ে ঘাটে ফিরেছে। তাহলে কি ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেই অবাধে ইলিশ শিকার করা হয়েছে?
সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের মধ্যে কেউ কেউ জানাচ্ছেন, কোস্টগার্ড ও নৌ পুলিশকে ম্যানেজ করে নিষেধাজ্ঞার মধ্যেও মাছ শিকার করেছেন তারা। ট্রলারগুলো ইলিশে পূর্ণ হলেও নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় তারা সমুদ্রে ছিলেন। তবে দীর্ঘদিন মাছ সংরক্ষণের জন্য পর্যাপ্ত বরফ না থাকার কারণে বিপুল পরিমাণ ইলিশ পচে গেছে। কিছু ট্রলারে পচন ঠেকাতে মাছ কেটে লবণ মাখিয়ে সংরক্ষণের চেষ্টা করা হয়েছে।
নিষেধাজ্ঞার মধ্যেও কিছু জেলের মাছ শিকারের ঘটনায় সাধারণ মৎস্যজীবীরা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও প্রভাবশালীদের সহযোগিতায় একটি চক্র নির্বিঘ্নে মাছ শিকার করেছে। অন্যদিকে, নিষেধাজ্ঞা মেনে ঘাটে অবস্থান করা সাধারণ জেলেরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এতে মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং নিয়ম মেনে চলা জেলেরা বৈষম্যের শিকার হচ্ছেন।
কিন্তু কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. সালমান বলেন, "টাকা নিয়ে ম্যানেজ হয়ে জেলেদের মাছ শিকারের সুযোগ দেয়া হয়েছে- এ ধরনের অভিযোগ সত্য নয়।" তবে তিনি জানান, রাতের আঁধারে পালিয়ে সাগরে যেতে পারে। "আমাদের অভিযান প্রতিদিনই ছিল। তবে বিশাল জায়গা এবং অনেকগুলো ঘাটের কারণে একসঙ্গে অভিযান করা বা নজরদারি করা কঠিন। তাই কেউ পালিয়ে যেতে পারে।" তবে টাকার বিনিময়ে ম্যানেজের অভিযোগকে তিনি অসত্য বলেছেন।
ডিম ছাড়ার জন্য প্রজনন মৌসুমে মা ইলিশ সাগরের লোনা পানি ছেড়ে নদীর মিঠাপানিতে আসে। এ সময় নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর ২২ দিনের জন্য নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এবারের নিষেধাজ্ঞা ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার জনগণের প্রতি প্রতিশ্রুতি থেকে সরে এসে প্রতারণার পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, "দেশ গণতন্ত্রের সংকটময় সময় পার করছে।"
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
এনসিপির মুখপাত্র আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করে, কিন্তু জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের ৩১ দফা ভুলে গেছে।
আসিফ মাহমুদ বলেন, জনগণের পাশাপাশি নিজ দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গেও প্রতারণা করছে সরকার।
তিনি উল্লেখ করেন, এনসিপি আগামী ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করবে। সরকারের দলীয় প্রশাসকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।
এনসিপির এই নেতা আরও বলেন, বিএনপি বিভিন্ন স্থানে উচ্ছেদের নামে নতুন করে চাঁদাবাজির পথ অবলম্বন করছে। দেশ বর্তমানে গণতন্ত্রের সংকটময় সময় পার করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনা সদরের মালঞ্চিতে বজ্রপাতে একই গ্রামের ৬ জনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চির সোনাপাতিলা বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তারা। এ সময় ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং তিনজন আহত হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, ডিসেম্বরে পতিত স্বৈরাচারের ফিরে আসার সম্ভাবনা শোনা যাচ্ছে; তবে নব্য স্বৈরাচার তাদের প্রতিরোধ করতে সক্ষম হবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এনসিপির গণবিক্ষোভে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, সরকার নতুন করে ভারতকে করিডোর দেয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, "কোনোভাবেই করিডোর দিতে দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, "দেশ পরিচালনা নয় সন্ত্রাস-চাঁদাবাজির প্ল্যান নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান।"
নাহিদ উল্লেখ করেন যে, বিএনপি প্রথম দিন থেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তিনি বলেন, "সংবিধান সংবিধান সংস্কার পরিষদ গঠন ছিলো গণভোটের অন্যতম প্রতিশ্রুতি।"
অন্যদিকে, একই অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেন বলেন, নির্বাচনের পর দেশ ঠিক তো দূরে থাক; বিএনপি নিজেদেরও ঠিক করেনি।
সরকারের প্রতি প্রশ্ন রেখে আখতার বলেন, "কলকাতা হাজার টাকায় গ্যাস দিতে পারলে, বাংলাদেশে ২৫০০ টাকা কেন?"
তিনি উল্লেখ করেন যে, গণতন্ত্রের যাত্রায় উল্টোপথে হাঁটছে বিএনপি। আখতার বলেন, "সব খাতে সরকার ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আহ্বান জানিয়ে পরমাণু বোমা তৈরির অনুমোদন দেওয়ার দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নবাভিয়ান। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নবাভিয়ান একটি পোস্টে উল্লেখ করেন, ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি পরমাণু বোমা তৈরির প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি দাবি করেন, উপস্থিত লোকজনের কাছ থেকে প্রস্তাবটির পক্ষে সমর্থনসূচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এ বক্তব্যটি ইরানের কয়েকজন আইনপ্রণেতার পক্ষ থেকে দেশের দীর্ঘদিনের পরমাণু অস্ত্রবিরোধী অবস্থান পুনর্বিবেচনার দাবি জোরালো হওয়ার প্রেক্ষাপটে এসেছে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ধর্মীয় ফতোয়ার মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরি ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তেহরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তবে গত সেপ্টেম্বর মাসে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছিলেন, পরমাণু অস্ত্রের বিষয়ে দেশটি এখনও ধর্মীয় ফতোয়া ও বিদ্যমান নীতিতে অটল রয়েছে। তিনি জানান, তাদের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, সে বিষয়ে তারা নিশ্চিত নন বলেও মন্তব্য করেন তিনি।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরমাণু নীতি নিয়ে নতুন বিতর্কের মধ্যে আইনপ্রণেতার এ আহ্বান সর্বোচ্চ নেতার অনুমোদন চেয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ