০৮:৩০ পি.এম
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। এটি গত আট বছরের মধ্যে বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। এবারের পরীক্ষায় ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, মাত্র ছয়টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরার সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন সংবাদ সম্মেলন করেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী পাস করেছেন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
আরও পড়ুন: রংপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ হাজার ৩৮৩ জন ছাত্র এবং ১ হাজার ৫৭০ জন ছাত্রী। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯২ দশমিক ৪৩ শতাংশ, ২০২২ সালে ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেন।
তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ভিন্ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছিল। ২০২১ সালে সীমিতসংখ্যক বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।
এবার বিভাগের ভিত্তিতে ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এই বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
আরও পড়ুন: এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর
ফলাফলে ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ, অন্যদিকে মেয়েদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ, পাসের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন